২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দলে ফিরলেন রকিবুল, যে কারণে রয়ে গেলেন শাহাদাত

ফিট থাকলে এই নিউজিল্যান্ড সিরিজের দলেই থাকতেন তিনি। অস্ট্রেলিয়া সফর থেকে ডান হাতের বৃদ্ধাঙ্গুলের ইনজুরি বয়ে আনা রকিবুল হাসান অবশেষে ফিট হয়েছেন। বরিশালের হয়ে বগুড়ায় জাতীয় লিগের ম্যাচও খেলছেন। দক্ষিণ আফ্রিকা সফরে একটা টোয়েন্টি টোয়েন্টি এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য মঙ্গলবার ঘোষিত বাংলাদেশ দলে এই মিডল অর্ডার ব্যাটসম্যানের থাকাটা তাই প্রত্যাশিতই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2008, 04:18 PM

Updated : 26 Aug 2022, 02:34 PM

ঢাকা, ২৮ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- ফিট থাকলে এই নিউজিল্যান্ড সিরিজের দলেই থাকতেন তিনি। অস্ট্রেলিয়া সফর থেকে ডান হাতের বৃদ্ধাঙ্গুলের ইনজুরি বয়ে আনা রকিবুল হাসান অবশেষে ফিট হয়েছেন। বরিশালের হয়ে বগুড়ায় জাতীয় লিগের ম্যাচও খেলছেন। দক্ষিণ আফ্রিকা সফরে একটা টোয়েন্টি টোয়েন্টি এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য মঙ্গলবার ঘোষিত বাংলাদেশ দলে এই মিডল অর্ডার ব্যাটসম্যানের থাকাটা তাই প্রত্যাশিতই। নিউজিল্যান্ডের বিপক্ষে ১৪ জনের ওয়ানডে স্কোয়াডের একজনই নেই এই দলে। তিনি মাহমুদুল্লাহ রিয়াদ। বেশ কিছুদিন ধরেই ওয়ানডে দলে নিয়মিত এই স্পিনিং অলরাউন্ডারের জায়গাতেই এসেছেন রকিবুল। আর পঞ্চম পেসার হিসেবে নাজমুল হোসেনকে নেওয়ায় ১ নভেম্বর দক্ষিণ আফ্রিকাগামী দলটা ১৫ জনের। চলতি সিরিজেই ওয়ানডে এবং টেস্ট অভিষেক হওয়া নাঈম ইসলাম তো আছেনই। আছেন চট্টগ্রামে সিরিজ নির্ধারণী ওয়ানডেতে অভিষিক্ত ইমরুল কায়েসও। ব্যাটিংয়ের পাশাপাশি নাঈমের অফস্পিন বোলিংয়ের ওপরও আস্থা আছে নির্বাচকদের। একারণেই রিয়াদকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিতে বেশি ভাবতে হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচক রফিকুল আলম, "রিয়াদের পারফরম্যান্স আশানুরূপ নয়। এদিকটাতে নাঈম এগিয়ে। এজন্যই রিয়াদ দলে নেই।" তবে পারফরম্যান্স না থাকা সত্ত্বেও দলে আছেন পেসার শাহাদাত হোসেন রাজীব। গত বেশ কিছু ওয়ানডেতে অধিনায়ক তাকে দিয়ে বোলিং কোটা পুরো করার সাহস পাননি। নির্বাচকরাও মানেন তা। মানলেও শাহাদাতের অভিজ্ঞতার ওপরই আস্থা রেখেছেন তারা। রফিকুলের ভাষায়, "আমরা জানি, শাহাদাত গত ৬/৭ টা ম্যাচে ভালো বোলিং করছে না। তবুও আমরা ওকে রেখেছি কারণ সে অভিজ্ঞ। তাছাড়া ওর বোলিংয়ের গতিও আমাদের বিবেচনায় ছিল।" মাশরাফি বিন মর্তুজা, শাহাদাত, সৈয়দ রাসেল ও মাহবুবুল আলম রবীনদের সঙ্গে পঞ্চম পেসার হিসেবে দু'জন ছিলেন নির্বাচকদের বিবেচনায়। নাজমুল হোসেন এবং ডলার মাহমুদ। ডলারকে পেছনে ফেলে নাজমুলের এগিয়ে যাওয়ার কারণ, "অস্ট্রেলিয়া সফরের দলে ছিল নাজমুল। ওখানে দ্বিতীয় ম্যাচে দারুণ বোলিংও করেছিল। ওকে বেশ পরিণত এবং দক্ষিণ আফ্রিকান কন্ডিশনের জন্য উপযুক্ত বোলার বলেই মনে হয়েছে আমাদের। অন্যদিকে ডলারকে আমাদের আশানুরূপ মনে হয়নি।" ১৫ জনের বাংলাদেশ দল : মোহাম্মদ আশরাফুল (অধিনায়ক), মাশরাফি বিন মর্তুজা (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, জুনায়েদ সিদ্দিকী, সাকিব আল হাসান, মেহরাব হোসেন জুনিয়র, মুশফিকুর রহিম, নাঈম ইসলাম, আব্দুর রাজ্জাক, শাহাদাত হোসেন, সৈয়দ রাসেল, নাজমুল হোসেন, মাহবুবুল আলম রবীন, রকিবুল হাসান এবং ইমরুল কায়েস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১১৫ঘ.