ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথম তিনটা দিন ভেসে গেছে বৃষ্টিতে। নিউজিল্যান্ডের অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি তারপরও জিততে চান এই টেস্টটা! চতুর্থ দিনে মাঠে গড়ানো ঢাকা টেস্টের প্রথম দিনের খেলা ১৩ ওভার বাকি থাকতে তাই ইনিংস ঘোষণা করে দিয়েছেন তিনি। আর তারপর নিজে বল হাতে নিয়ে প্রথম ওভারেই তিন উইকেট নিয়ে সত্যিই সম্ভাবনা জাগিয়েছেন তেমন কিছুর!
নিউজিল্যান্ডের ৬ উইকেটে ২৬২ রানের জবাব দিতে নেমে ওপেনার জুনায়েদ সিদ্দিকী (৪), অধিনায়ক মোহাম্মদ আশরাফুল (০) আর রাজিন সালেহর (০) উইকেট তিনটি হারিয়ে বাংলাদেশ দিনশেষে তুলতে পেরেছে ১৩ রান। আলোর স্বল্পতায় ১৪ বল বাকি থাকতেই আম্পায়াররা যখন সমাপ্তি টেনেছেন দিনের খেলার, ৮ রানে অপরাজিত তামিম ইকবালের সঙ্গী মেহরাব হোসেন জুনিয়র তখনো রানের খাতা খোলেননি।
ভেট্টোরির প্রথম বলেই উইকেট ছেড়ে বেরিয়ে মারতে গিয়ে জুনায়েদ হয়েছেন স্টাম্পিংয়ের শিকার। এক বল পরে আশরাফুলকে এলবিডব্লুর ফাঁদে ফেলে প্রতিশোধ নিয়েছেন ভেট্টোরি, আর ওই ওভারের শেষ বলে রাজিনকেও মেনে নিতে হয়েছে একই পরিণতি।
এর আগে নিউজিল্যান্ডের ইনিংসটাকে পথ দেখিয়েছে চতুর্থ উইকেটে জেস রাইডার আর ব্রেন্ডন ম্যাককালামের ১৩৭ রানের জুটি। নইলে ১০ রানে দুটি আর ৪৯ রানে তিনটি উইকেট হারিয়ে বিপদেই পড়ে গিয়েছিল সফরকারীরা।
চা বিরতির একটু আগে ওই জুটিটা ভেঙেছেন বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক। সুইপ করতে গিয়ে স্কয়ার লেগে দাঁড়ানো মেহরাব জুনিয়রের হাতে ক্যাচ দেওয়া রাইডার অল্পের জন্য মিস করেছেন তার প্রথম টেস্ট সেঞ্চুরি। ১৪০ বলে তার ৯১ রানের ইনিংসে ছিল এক ডজন বাউন্ডারি।
১২২ বলে আটটি বাউন্ডারি আর একটি ছক্কায় সাজানো ম্যাককালামের ৬৬ রানের ইনিংসটাও শেষ হয়েছে প্রায় একই ভাবে। পার্থক্য শুধু এবার বোলার সাকিব, আর ফিল্ডার মোহাম্মদ আশরাফুল আকাশে ওঠা ক্যাচটা নিয়েছেন মিডউইকেট অঞ্চলে দাঁড়িয়ে।
এরপর বাংলাদেশের অধিনায়ক নিজেই ফিরিয়ে দিয়েছেন প্রতিপক্ষ ভেট্টোরিকে। ২২ রানের ইনিংসে একটি ছক্কা আর দুটি বাউন্ডারি মেরে আক্রমণের আভাস দেওয়া কিউই অধিনায়কের ব্যাটে লেগে বল আঘাত হেনেছে তার স্টাম্পে।
সকালে নিউজিল্যান্ডকে প্রথম ধাক্কাটা দিয়েছিলেন বাংলাদেশের নতুন বলের দুই বোলার মাশরাফি বিন মর্তুজা আর এই ম্যাচেই অভিষিক্ত মাহবুবুল আলম। তিন দিনের বৃষ্টিতে ভেজা উইকেট সকালের প্রথম সেশনটাতে অন্তত বোলারদের অনুকুলে থাকবে, এই ভরসায় টস জিতে ফিল্ডিং নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। মাশরাফি-মাহবুবরা সেই সিদ্ধান্তকে যথার্থ বলেই প্রমাণ করেছেন। ইনিংসের তৃতীয় ওভারেই মাশরাফি অ্যারন রেডমন্ডকে (২) এলবিডব্লুর ফাঁদে ফেলার পর আঘাত হেনেছেন মাহবুবও। টেস্টে নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলেই তিনি বোল্ড করে দিয়েছেন প্রথম ওভারে মাশরাফিকে দুটি বাউন্ডারি মেরে শুরু করা জেমি হাউকে (৮)।
তৃতীয় উইকেটে ৩৯ রানের জুটি গড়ে নিউজিল্যান্ডকে পথে ফেরাচ্ছিলেন জেস রাইডার আর রস টেলর। কিন্তু নিজের প্রথম ওভারেই ওই জুটি ভেঙে বাংলাদেশকে তৃতীয় সাফল্য এনে দিয়েছেন শাহাদাত হোসেন। দুর্দান্ত এক ইন কাটারে টেলরকে বোল্ড করে দিয়েছেন চার নম্বর বোলার হিসেবে বল করতে আসা এই পেসার।
কিন্তু ৩ উইকেটে ৫৫ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে যাওয়া নিউজিল্যান্ড দ্বিতীয় সেশনে আবির্ভূত হয়েছে একেবারে অন্য রূপে। বিরতির পর মাত্র ২৫ ওভারেই ১১৫ রান তুলে নিয়েছেন আক্রমণাত্মক মেজাজে ব্যাট করতে থাকা রাইডার আর ম্যাককালাম।
বঙ্গোপসাগরের নিম্নচাপ-ঘুর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টির কারণে এই ম্যাচের প্রথম তিনদিনে মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে একটা বলও মাঠে গড়ায়নি। আউটফিল্ড ভেজা থাকায় চতুর্থ দিনেও নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর, সকাল দশটায় শুরু হয়েছে খেলা।
উইকেটের কথা ভেবেই তৃতীয় পেসার হিসেবে দলে নেওয়া হয়েছে মাহবুবকে। তাকে জায়গা দিতে গিয়ে কপাল পুড়েছে চট্টগ্রাম টেস্টে অভিষিক্ত ব্যাটসম্যান নাইম ইসলামের। জ্যাকব ওরামের ইনজুরির কারণে নিউজিল্যান্ড দলে খেলছেন আরেক অলরাউন্ডার গ্র্যান্ট এলিয়ট, এটা তো ঠিক হয়ে ছিল আগে থেকেই।
এর আগে চট্টগ্রামে প্রথম টেস্টে তিন উইকেটের জয় পাওয়া ড্যানিয়েল ভেট্টোরির দল দুই ম্যাচের সিরিজে এগিয়ে আছে ১-০ ব্যবধানে।
বাংলাদেশ দল : মোহাম্মদ আশরাফুল (অধিনায়ক), জুনায়েদ সিদ্দিকী, তামিম ইকবাল, রাজিন সালেহ, সাকিব আল হাসান, মেহরাব হোসেন জুনিয়র, মুশফিকুর রহিম, মাশরাফি বিন মর্তুজা, মাহবুবুল আলম, আব্দুর রাজ্জাক ও শাহাদাৎ হোসেন।
নিউজিল্যান্ড দল : ড্যানিয়েল ভেট্টোরি (অধিনায়ক), অ্যারন রেডমন্ড, জেমি হাউ, জেস রাইডার, রস টেলর, ড্যানিয়েল ফ্লিন, ব্রেন্ডন ম্যাককালাম, গ্র্যান্ট এলিয়ট, কাইল মিলস, ইয়ান ও'ব্রায়েন ও জিতান প্যাটেল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৭০৫ ঘ.
bdnews24