২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেস্ট শুরুর জন্য খেলোয়াড়দের চেয়েও বেশি অপেক্ষা হার্পারের

পুরো একটা টেস্ট ম্যাচই ভেসে গেছে বৃষ্টিতে - তার দীর্ঘ ক্যারিয়ারে এমন ঘটনা ঘটেনি একবারও। কিন্তু ঘটতে কতোক্ষণ! ঢাকা টেস্টের দ্বিতীয় দিনও পরিত্যক্ত ঘোষিত হওয়ার পর এমন আশঙ্কাকে অমূলক বলে উঁড়িয়েও দেওয়া যাচ্ছে না। তবে ড্যারেল হার্পারকে মনে হল, প্রকৃতির কৃপা প্রার্থনায় বসে গেছেন এরইমধ্যে। এই অস্ট্রেলিয়ান আম্পায়ারের আকুতি, যে কোনোভাবেই হোক খেলাটা যেন মাঠে গড়ায়। না হলে যে দারুণ একটি উপলক্ষ উদযাপন ভেস্তে যাবে তার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2008, 03:01 PM

Updated : 26 Aug 2022, 02:33 PM

ঢাকা, ২৬ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- পুরো একটা টেস্ট ম্যাচই ভেসে গেছে বৃষ্টিতে - তার দীর্ঘ ক্যারিয়ারে এমন ঘটনা ঘটেনি একবারও। কিন্তু ঘটতে কতোক্ষণ! ঢাকা টেস্টের দ্বিতীয় দিনও পরিত্যক্ত ঘোষিত হওয়ার পর এমন আশঙ্কাকে অমূলক বলে উঁড়িয়েও দেওয়া যাচ্ছে না। তবে ড্যারেল হার্পারকে মনে হল, প্রকৃতির কৃপা প্রার্থনায় বসে গেছেন এরইমধ্যে। এই অস্ট্রেলিয়ান আম্পায়ারের আকুতি, যে কোনোভাবেই হোক খেলাটা যেন মাঠে গড়ায়। না হলে যে দারুণ একটি উপলক্ষ উদযাপন ভেস্তে যাবে তার। কারণ ঢাকা টেস্টটি তার ক্যারিয়ারের ৭৫-তম টেস্ট। সংখ্যার দিক থেকে এতো বড়ো একটা মাইলফলকের সামনে দাঁড়ানো হার্পারের সঙ্গে এই টেস্টের আরেক ফিল্ড আম্পায়ার অশোকা ডি সিলভাও রোববার সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন, দুপুর ১২টায় মাঠ পরিদর্শনের পর দ্বিতীয় দিনের খেলাও পরিত্যক্ত ঘোষণার পর। টেস্ট ম্যাচে প্রতিদিন সাধারণত 'পারফরমার অফ দি ডে' মিডিয়ার সামনে আসেন। কিন্তু খেলাই যখন হয়নি, তখন পারফরমার আসবে কোত্থেকে! বৃষ্টির উৎপাতে এই টেস্টের পরিণতি কী হতে পারে কিংবা আগেভাগেই এটি পরিত্যক্ত ঘোষণার কোনো সুযোগ আছে কিনা - ইত্যাকার নানা প্রশ্নের জবাব নিয়েই হার্পার-অশোকা জুটি হাজির। হার্পার শুরুতেই জানিয়ে রাখলেন, "আমি কিছুতেই এই টেস্টটা মিস করতে চাই না। এখানে আমার ৭৫-তম টেস্ট ম্যাচে দাঁড়ানোর কথা। এর আগে খেলা না হয়েই টেস্ট পরিত্যক্ত হওয়ার ঘটনা আমার ক্যারিয়ারে নেই। সুতরাং আমি চাইবো যে করেই হোক খেলাটা যেন হয়।" তার স্মৃতিচারণায় এসেছে, এর আগে চেন্নাইয়ে বৃষ্টির জন্য একটা টেস্টের মাত্র দেড়দিন খেলা হওয়ার ঘটনা। শ্রীলঙ্কান অশোকার আশাবাদ, "আশা করছি, কোনো না কোনো সময়ে এই টেস্টটা শুরু হবেই।" আর যদি বৃষ্টি হতেই থাকে? তৃতীয় দিনও যদি অবিরাম চলতেই থাকে? তাহলে কী আগেভাগেই এই টেস্ট পরিত্যক্ত হয়ে যেতে পারে? হার্পার জানালেন নিয়মানুযায়ী তেমন সুযোগ একদমই নেই, "আমাদের পঞ্চমদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। এর আগে টেস্ট ম্যাচ পরিত্যক্ত ঘোষণার কোনো সুযোগ নেই। পঞ্চম দিনেও যদি একইরকম অবস্থা থাকে, তাহলেই কেবল আমরা ঘোষণাটা দিতে পারবো।" তারা আম্পায়ার, কাজেই সকালে ঘুম থেকে উঠে বৃষ্টি দেখেও তাদের মাঠে আসতে হয়। দফায় দফায় মাঠ পরিদর্শন করতে হয়। তারপরে নিয়মানুযায়ী একটা সিদ্ধান্ত দিতে হয়। কিন্তু খেলোয়াড়দের দায়টা তাদের মতো নয়। হোটেলের জানালা দিয়ে সকালের গুঁড়িগুঁড়ি বৃষ্টি দেখেই নিউজিল্যান্ড শিবির বুঝে গেছে, প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও খেলা হওয়ার সম্ভাবনা নেই। এজন্য তারা মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামমুখোই হয়নি। রয়ে গেছে হোটেলেই। বাংলাদেশ দল মাঠে আসলেও ইনডোরে কিছু সময় কাটিয়েই ফিরে গেছে হোটেলে। হোটেলে দু'দল মধ্যাহ্নভোজও করেছে একইসঙ্গে। যেটা আসলে বৃষ্টি না হলে হওয়ার কথা ছিল মাঠেই। কিউই ক্রিকেটাররা অবশ্য একেবারে অলস বসে না থেকে বিকেলে জিম করেছেন। বৃষ্টি থেমে গেলেও যে সহসাই খেলা শুরু করা যাবে তাও নয়। আম্পায়ারদের তরফ থেকে জানানো হয়েছে, পিচ কাভার তোলার পর উইকেটে পরিস্থিতিই তাদের কাছে সর্বাগ্রে থাকবে। কারণ ৭২ ঘন্টা ধরে উইকেট ঢাকা আছে। কাজেই উইকেটে আর্দ্রতার পরিমাণও বেশিই হওয়ার কথা। সেক্ষেত্রে উইকেট শুকানোর জন্য ন্যূনতম সময় দেওয়ার বিষয়টাও তাদের বিবেচনায় থাকবে। অর্থাৎ সোমবার সকাল থেকে আর বৃষ্টি না হলেও মধ্যাহ্ন বিরতির আগে খেলা শুরু হওয়ার কোনো সম্ভাবনাই নেই। তবুও হার্পারের খুশীই হওয়ার কথা। পুরো টেস্ট ম্যাচ ভেসে যাওয়ার অভিজ্ঞতা তো আর হবে না। কিন্তু প্রকৃতি তার প্রাণের দাবি বুঝবে তো! বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০৫০ঘ.