ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৃষ্টিতে প্রথম দিনটা ভেসে যাওয়ার পর দ্বিতীয় দিনে আধঘণ্টা আগে খেলা শুরু হওয়ার কথা। কিন্তু সেটা তো পরের কথা, ঢাকা টেস্টের দ্বিতীয় দিনেও আদৌ খেলা শুরু হতেই পারবে কি না, সেটাই এখন অনিশ্চিত।
বঙ্গোপসাগরের লঘুচাপ পরিণত হয়েছে নিম্নচাপে, আর তার প্রভাবে শনিবার সকাল থেকেই সারা দেশে চলছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। শনিবার সারা রাতই থেমে থেমে চলা এই বৃষ্টির কারণে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের আউটফিল্ড শুকাতে তো পারেই নি, উল্টো এমন অবস্থা হয়েছে যে বৃষ্টি থামলেও তা কখন খেলার উপযোগী হয়ে উঠবে বলা মুশকিল। এদিকে বৃষ্টিরও থামার কোনো লক্ষণ নেই। রোববার সকালে তাই বাংলাদেশ-নিউজিল্যান্ড কোনো দলের খেলোয়াড়রাই আর মাঠে নামেননি।
সকাল এগারোটায় আম্পায়াররা একবার মাঠ পরিদর্শন করতে পারেন, তবে সেটাও নির্ভর করছে বৃষ্টি থামার ওপর। বৃষ্টি না থামলে আর মাঠে গিয়ে তারাই বা কী করবেন!
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/০৯১৫ ঘ.
bdnews24