ঢাকা, ২৫ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- একসময় যেটাকে আনূকুল্য বলে ভাবার প্রবণতা ছিল, এখন সেটাকেই বাংলাদেশ শিবিরের কাছে প্রতিকুল মনে হচ্ছে। বৃষ্টি এসে টেস্ট ম্যাচে অনির্ধারিত বিরতি টেনে দিলে বাংলাদেশ দল খুশীই হত, এমন ঘটনা খুব বেশিদিন আগের নয়। বাজেভাবে হারতে হারতে ক্লান্ত শিবিরে না খেলেই ড্র করার স্বপ্ন রঙ্গীন হয়ে উঠত। অথচ এখন? শনিবার ঢাকা টেস্টের প্রথমদিন বৃষ্টিতে ভেসে যাওয়ার পর প্রসঙ্গটা তুলতেই মোহাম্মদ আশরাফুলের দৃঢ় উচ্চারণ, "এখন তো অবশ্যই সেরকম দিন নেই।"
চট্টগ্রাম টেস্টেই পাঁচদিন লড়াই করে নিউজিল্যান্ডকে প্রায় ধরে ফেলার স্মৃতি এখনো টাটকা। এর আগে ওয়ানডে সিরিজেও কিউইদের নাভিশ্বাস উঠিয়ে ছেড়েছে তার দল। সুতরাং বাংলাদেশ অধিনায়কের আত্মবিশ্বাসের তুঙ্গে উঠে থাকায় তাই অস্বাভাবিকতা নেই। বৃষ্টির জন্য একটা দিন নষ্ট হওয়ায় আফসোসই হচ্ছে আশরাফুলের, "আফসোস তো হচ্ছেই। পুরো সিরিজেই দল হিসেবে আমরা খুব ভালো ক্রিকেট খেলছি। আজ (শনিবার) খেলা শুরু হলে আমাদের জন্য ভালোই হত।"
খেলা না হলেও আশরাফুলরা আলস্যে দিনটা পার করেননি। মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম লাগোয়া ইনডোরে ব্যাট-বল নিয়ে মেতেছিলেন অনেকক্ষণ। অনুশীলন শেষে হোটেলমুখো হওয়ার সময় বহুদিনের পুরনো ঘটনা মনে করিয়ে দিয়েও তাকে বিচলিত করা গেল না। ২০০১ এর ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টন টেস্টের প্রথম দু'দিনই ভাসিয়ে নিয়ে গিয়েছিল বৃষ্টি। তারপরও আড়াইদিনে ইনিংস ও ৫২ রানে হেরেছিল বাংলাদেশ। সেরকম দিন যে এখন আর নেই- এটা তো বললেনই।
বলতে ভুললেন না, কী কারণে ঢাকায় ওরকম কিছু ঘটা সম্ভব নয়, "ওই ঘটনা ঘটেছিল ওদের কন্ডিশনে। এটা আমাদের কন্ডিশন। দুটো দুই ধরনের।" ওরকম কিছু না হয় নাই ঘটলো, কিন্তু বৃষ্টি টেস্টের একটা দিন কেটে নেওয়ায় কী ঝামেলাই হয়ে গেল না? বাংলাদেশ যখন এই টেস্ট দিয়ে সিরিজে ফেরার স্বপ্ন দেখছে। আশরাফুল অবশ্য স্বপ্ন মলিন হয়ে গেছে বলে মানতে নারাজ, "খেয়াল করলে দেখবেন, গত কিছুদিনে বেশিরভাগ টেস্টই চারদিনে শেষ হয়ে গেছে। চট্টগ্রাম টেস্টটা যদিও পঞ্চমদিনে গিয়েছিল। তবে এই টেস্টের এখনো চারদিন বাকি। যে কোনো কিছু এরমধ্যেই ঘটতে পারে।"
নিজেদের পক্ষে যে কোনো কিছু ঘটাতে হলে দলের জন্য বেঁধে দেওয়া তার শর্ত, "আমরা ভালো ক্রিকেট খেলতে চাই। ভালো ক্রিকেট খেলতে পারলে সবকিছুই সম্ভব। ১৫ সেশনের মধ্যে এখন খেলা হবে ১২ সেশন। এই ১২ সেশনে ভালো কিছু করার চেষ্টা করব। যতোটা ভালো করা যায়। আমরা প্রতিটি সেশন জিততে চাই। চট্টগ্রাম টেস্টের প্রথম চারদিন আমরা প্রতিদিন দুটো করে সেশন জিতেছিলাম। চেষ্টা করব এখানে যাতে বেশি সেশন জেতা যায়।"
প্রথম দিনে খেলা না হওয়ায় পরের চারদিনে কিছুটা সময় পুষিয়ে নেওয়ার চেষ্টা থাকবে। সেজন্যই সাড়ে নয়টার জায়গায় খেলা শুরু হবে নয়টায়। এই আবহাওয়ায় টস জিতলে অবশ্যই আগে বল করার সিদ্ধান্ত নিতেন আশরাফুল। এই সিরিজে এখন পর্যন্ত চারটা টসের তিনটিতেই জেতা অধিনায়কের এই সিদ্ধান্ত পাল্টানোরও কোনো কারণ নেই। যেমন পেসার মাহবুবুল আলম রবীনেরও টেস্ট অভিষেক নিয়ে কোনো সংশয় নেই। তৃতীয় পেসার হিসেবে খেলবেন তিনি।
কারণটা আশরাফুলই বলে দিলেন, "আজকের দিনটা ধরলে প্রায় ৭২ ঘন্টা ধরে উইকেট ঢাকা আছে। কাজেই উইকেটে ময়েশ্চার থাকবে। রোদ উঠলেও উইকেট শুকাতে দুই-আড়াই ঘন্টা লাগবে।" উইকেট শুকিয়ে গেলে চরিত্র বদলাতে পারেন বলেও মানেন তিনি। কিন্তু প্রকৃতি আবারো বিরূপ না হলে শুরুতেই কিউইদের চেপে ধরার জন্য তিন পেসার নিয়ে নামার বিকল্প নেই বলেই মনে করে বাংলাদেশ শিবির।
মাহবুবকে জায়গা দিতে একাদশের বাইরে চলে যাচ্ছেন কে- প্রথমে এপ্রশ্নের উত্তর দিতে না চাইলেও পরে আশরাফুল সরাসরিই বলেছেন, "যদি একজন বাড়তি পেসার নেওয়া হয় তাহলে হয়তোবা একজন ব্যাটসম্যানের বদলেই নেওয়া হবে।" সেই ব্যাটসম্যান কে? নাঈম ইসলাম নাকি রাজিন সালেহ? প্রথমজনের সম্ভাবনাই বেশি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/১৮১৯ ঘ.
bdnews24