২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আত্মজীবনীতে টেন্ডুলকারের বিরুদ্ধে গিলক্রিস্টের অসততার অভিযোগ

এ বছরের শুরুতে 'বিতর্কিত' সিডনি টেস্টের স্মৃতি আবার ফিরিয়ে আনলেন অ্যাডাম গিলক্রিস্ট। ক্রিকেট-দুনিয়ায় হৈ-চৈ ফেলে দেয়া সেই টেস্টে অ্যান্ড্রু সাইমন্ডসের উদ্দেশ্যে বর্ণবাদী মন্তব্য করার অভিযোগ ওঠা হরভজন সিংয়ের শুনানিতে নাকি সত্যি গোপন করেছিলেন শচীন টেন্ডুলকার! আগামী সপ্তাহে প্রকাশিতব্য আত্মজীবনীতে টেন্ডুলকার এবং ভারতীয়দের অখেলোয়াড়সুলভ আচরণেরও সমালোচনা করেছেন গিলক্রিস্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2008, 04:15 PM

Updated : 26 Aug 2022, 02:33 PM

সিডনি/নয়াদিল্লী, ২৪ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এ বছরের শুরুতে 'বিতর্কিত' সিডনি টেস্টের স্মৃতি আবার ফিরিয়ে আনলেন অ্যাডাম গিলক্রিস্ট। ক্রিকেট-দুনিয়ায় হৈ-চৈ ফেলে দেয়া সেই টেস্টে অ্যান্ড্রু সাইমন্ডসের উদ্দেশ্যে বর্ণবাদী মন্তব্য করার অভিযোগ ওঠা হরভজন সিংয়ের শুনানিতে নাকি সত্যি গোপন করেছিলেন শচীন টেন্ডুলকার! আগামী সপ্তাহে প্রকাশিতব্য আত্মজীবনীতে টেন্ডুলকার এবং ভারতীয়দের অখেলোয়াড়সুলভ আচরণেরও সমালোচনা করেছেন গিলক্রিস্ট। শুক্রবার অস্ট্রেলিয়ার কয়েকটি পত্রিকায় প্রকাশিত হয়েছে বইটির নির্বাচিত অংশ। আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ ১৯ বছর কাটিয়ে দেয়া টেন্ডুলকারের বিরুদ্ধে এমন অভিযোগ বিস্ময়করই বটে। সমালোচকদের শত সমালোচনাও কখনো তাকে তাতাতে পারেনি আজ পর্যন্ত। মুখ নয়, ব্যাট দিয়েই সব সমালোচনার জবাব দিতে ভালোবাসেন বলে ক্রিকেট-বিশ্বে টেন্ডুলকারের একটা নম্র-ভদ্র ভাবমূর্তি অনেক দিন ধরে প্রতিষ্ঠিত। অথচ তার বিরুদ্ধেই সত্য গোপন অর্থাৎ পরোক্ষে মিথ্যা বলার অভিযোগ করেছেন গিলক্রিস্ট। এ সম্পর্কে অনেকের মতেই সর্বকালের সেরা উইকেট কিপার-ব্যাটসম্যানের ভাষ্য, "প্রথম শুনানিতে টেন্ডুলকার বলেছিল হরভজন কী বলেছে তা সে শুনতে পায়নি। কারণ সে (টেন্ডুলকার) তখন বেশ দূরে, মাঠের অন্য প্রান্তে ছিল। তাই আমি নিশ্চিত হয়েছিলাম যে সে সত্যি কথাই বলছে।" অথচ আপিলে গিয়ে নাকি সেই টেন্ডুলকারই নিজের সুর পাল্টে বলেন, ''হরভজন হিন্দিতে কিছু একটা বলেছে যেটা অস্ট্রেলিয়ানদের কাছে 'মানকি'র মতো শোনালেও আসলে সেরকম কিছু বলেনি।'' ভারতীয়দের অখেলোয়াড়সুলভ আচরণেরও সমালোচনা করেছেন গত মার্চে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়া গিলক্রিস্ট। সিডনিতে সেই টেস্টে অস্ট্রেলিয়া ১২২ রানে জেতার পর ভারতের শেষ দুই ব্যাটসম্যান অনিল কুম্বলে ও ইশান্ত শর্মা নাকি তাদের কারো সঙ্গে করমর্দন করেননি। ভারতের ড্রেসিংরুমে গিয়েও নাকি একই অভিজ্ঞতা হয়েছিল অস্ট্রেলীয়দের, "করমর্দন করার জন্য আমরা ভারতের ড্রেসিংরুমে গিয়েছিলাম। কিন্তু সেখানে বেশির ভাগ খেলোয়াড়কেই পাওয়া যায়নি। দু দেশের সংস্কৃতির ভিন্নতারই ইঙ্গিত দিচ্ছিল সেটা। অস্ট্রেলীয় মানসিকতা হলো আমরা দৃঢ়তা নিয়ে খেলি এবং খেলাশেষে দ্রুত করমর্দন করে মাঠ ছেড়ে চলে আসি। অথচ আমাদের অনেক প্রতিপক্ষই তা করে না। উদাহরণ হিসাবে বলা যায় ভারতকে হারানোর পর ওদের ড্রেসিংরুমে করমর্দন করার জন্য শচীন টেন্ডুলকারকে পাওয়া খুব কঠিন ব্যাপার। হরভজনকে পাওয়াও কঠিন।" খুব স্বাভাবিকভাবেই গিলক্রিস্টের এ ধরনের আক্রমণাত্মক, বিতর্কিত মন্তব্যে ঝড় উঠেছে ভারতের ক্রিকেট মহলে। হরভজন, ভারতের সাবেক প্রধান নির্বাচক দিলীপ ভেঙ্গসরকার, বিসিসিআই'র মিডিয়া কমিটির চেয়ারম্যান রাজীব শুক্লা প্রত্যেকেই 'গিলি'র ওপরে ভীষণ ক্ষুব্ধ। হরভজনের সবচেয়ে বেশি ক্ষোভ টেন্ডুলকারের বিরুদ্ধে অভিযোগ ওঠায়, "শচীন সম্পর্কে তার এ ধরনের কথা বলা উচিৎ হয়নি। তার কথাগুলো একেবারে ফালতু, ভিত্তিহীন। আসলে আমরা তাকে (গিলক্রিস্টকে) মোটেও শ্রদ্ধা করি না। তার সম্পর্কে বেশি কিছু বলার দরকারও নেই। কারণ সে তো এখন অবসরপ্রাপ্ত ক্রিকেটার।" ভেঙ্গসরকারের ধারণা আত্মজীবনীটা বেশি বিক্রির জন্যই গিলক্রিস্টের এ ধরণের চটকদার কৌশল, "অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডে বই লিখে আপনি অনেক টাকা কামাতে পারেন। কিন্তু বই বিক্রির জন্য আপনাকে চমকপ্রদ কিছু লিখতেই হবে। এটা হলো তার বই বিক্রির বিপণন-কৌশল।" অন্যদিকে রাজীব শুক্লার মন্তব্যে হরভজনের কথারই প্রতিধ্বনি, "টেন্ডুলকার সম্পর্কে এ ধরনের মন্তব্য করার আগে গিলক্রিস্টের অন্তত দু বার চিন্তা করা উচিৎ ছিল। এই ঘটনায় কারো যদি সম্মান ক্ষুন্ন হয় তাহলে সে হবে গিলক্রিস্ট নিজেই।" যাকে নিয়ে এত আলোচনা, এত কথাবার্তা সেই টেন্ডুলকার কিন্তু এই ঘটনার পরও যথারীতি ভাবলেশহীন, নির্বিকার! দিন কয়েক আগে টেস্টে সর্বোচ্চ রানের রেকর্ড গড়া 'ব্যাটিং জিনিয়াস'-এর মন্তব্য জানার জন্য তার সঙ্গে শুক্রবারই যোগাযোগ করেছে একটি নিউজ চ্যানেল 'টাইমস নাউ'। চ্যানেলটিকে টেন্ডুলকার শুধু বলেছেন, "গিলক্রিস্ট আমাকে ফোন করে ব্যাপারটার ব্যাখ্যা দিয়েছে। সে বলেছে যে তার মন্তব্যগুলো বই থেকে বাদ দেয়া হবে।" তবে টেন্ডুলকার নির্বিকার থাকলেও ভারতীয়দের চোখে গিলক্রিস্ট যে এখন একজন 'খলনায়ক' তার প্রমাণ তো হরভজন-ভেঙ্গসরকারদের মন্তব্যেই প্রতিফলিত। আগামী মৌসুমে আইপিএল-এ খেলতে আসার পর 'গিলি' ভারতে কেমন অভ্যর্থনা (!) পান সেটাই এখন দেখার। ক্রিকইনফোর সহায়তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২০৫০ঘ.