২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের সিরিজে ফেরার স্বপ্নে বাধা হতে পারে আবহাওয়াও

চট্টগ্রাম টেস্ট ঢাকায় জমজমাট এক লড়াইয়ের সম্ভাবনা জাগিয়েই রেখেছে। কিন্তু সেই সম্ভাবনার পথে আবার আবহাওয়া বাঁধা হয়ে দাঁড়াবে না তো! শনিবার থেকে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট, অথচ শুক্রবার প্রায় সারাদিনই গুঁড়িগুঁড়ি বৃষ্টি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2008, 01:37 PM

Updated : 26 Aug 2022, 02:33 PM

ঢাকা, ২৪ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- চট্টগ্রাম টেস্ট ঢাকায় জমজমাট এক লড়াইয়ের সম্ভাবনা জাগিয়েই রেখেছে। কিন্তু সেই সম্ভাবনার পথে আবার আবহাওয়া বাঁধা হয়ে দাঁড়াবে না তো! শনিবার থেকে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট, অথচ শুক্রবার প্রায় সারাদিনই গুঁড়িগুঁড়ি বৃষ্টি। আবহাওয়ার যা পূর্বাভাস তাতে সাগরে সৃষ্ট লঘুচাপের কারণে আগামী কয়েকদিনেও পরিস্থিতি একইরকম থাকার ঘোরতর সম্ভাবনা। "টেস্ট ম্যাচটা ঠিকমতো হতে পারবে তো?''- এই টেস্টের আম্পায়ার ড্যারেল হার্পারের এমন প্রশ্নে তাই খেলার চেয়ে আবহাওয়ারই বড় খবর হয়ে ওঠার আশঙ্কা। দুই শিবিরেও আশঙ্কার মেঘ জমে ওঠা বিচিত্র নয়। এদিন দুপুরে যেমন নিউজিল্যান্ড দল অনুশীলনে এসে আবার হোটেলে ফিরে গেল বৃষ্টির জন্যই, ইনডোরে অনুশীলনের সুব্যবস্থা আছে জেনেও। কিন্তু খেলা যেমন ইনডোরে হওয়ার ব্যবস্থা নেই, তেমনি প্রকৃতির ওপরও কারো হাত নেই। সুতরাং দু'দলকে খেলাতেই মনোনিবেশ করতে হচ্ছে। সেখানেও আবহাওয়া প্রসঙ্গ চলে আসছেই। আগেরদিন ঝকঝকে রোদের মধ্যে ঐচ্ছিক অনুশীলনে গিয়ে দেখেছেন একরকম, আর শুক্রবার মেঘলা আবহাওয়ায় মোহাম্মদ আশরাফুল দেখলেন উইকেটের আরেক চেহারা। আবহাওয়া অপরিবর্তিত থাকলে ''একটু ভেজা ভেজা উইকেট''এ রণকৌশল পাল্টে নামার সম্ভাবনার কথাও জানালেন বাংলাদেশ অধিনায়ক। চট্টগ্রাম টেস্টের ১২ জনের দলে অবশ্য কোনো পরিবর্তন নেই। তবে মেঘলা আকাশ পরিবর্তনের হাওয়া জোগাচ্ছে। চট্টগ্রামে সুযোগ না পাওয়া পেসার মাহবুবুল আলম রবীনের টেস্ট অভিষেকের সম্ভাবনাও উজ্জ্বল হয়ে উঠেছে তাতেই, " মেঘলা আবহাওয়া এখন ফ্যাক্টর হয়ে গেছে। এজন্য আমরা বাড়তি একজন পেস বোলারও খেলাতে পারি।" তাকে খেলালে বাদ যাবেন একজন স্পিনার নয়তো আগের টেস্টে আট ব্যাটসম্যান খেলানোর নীতি থেকে সরে আসবে বাংলাদেশ। যারা কিনা পারফরম্যান্সের গ্রাফ চট্টগ্রামের চেয়েও ওপরে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখছে। কিন্তু তাতে একটুও বিচলিত মনে হচ্ছে না এখনো নিজেদের সেরা খেলাটা আসেনি বলে দাবি করা নিউজিল্যান্ড অধিনায়ক ডেনিয়েল ভেট্টোরিকে, "বাংলাদেশ কেমন খেলবে, এটা একদমই আমাদের ভাবনার বিষয় নয়। নিজেদের খেলা নিয়েই আমাদের যতো ভাবনা। প্রথম টেস্টে যা খেলেছি তার চেয়ে অনেক ভালো করতে হবে, মনোযোগের কেন্দ্রে শুধু এটাই।" বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের নায়ক জ্যাকব ওরামকে অবশ্য এই টেস্টে পাচ্ছে না কিউইরা। শনিবারই পিঠের ইনজুরির কারণে দেশে ফিরে যেতে হচ্ছে এই অলরাউন্ডারকে। তার এই না থাকাকে বড় এক ধাক্কা বলেই মনে হচ্ছে ভেট্টোরির, "তার ভূমিকার কারণেই সে সম্ভবত আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। বোলিংয়ে তৃতীয় সিমার হিসেবে যেমন ব্যবহার করা যায়, তেমনি দলের অন্যতম সেরা ব্যাটসম্যানও ওরাম। সুতরাং তার দলের বাইরে চলে যাওয়াটা সমস্যারই।" তার জায়গায় এমন একজনকে খেলানোর কথা ভাবছে কিউইরা, গত মার্চে ইংল্যান্ডের বিপক্ষে যার টেস্ট অভিষেকই হয়েছিল ওরামের ইনজুরির সুযোগে। দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া অলরাউন্ডার গ্র্যান্ট এলিয়টের ওপর ভেট্টোরিকে যথেষ্ট আস্থাশীলই মনে হল, "ভাগ্য ভালো যে আমাদের গ্র্যান্ট এলিয়টের মতো রিপ্লেসমেন্ট আছে। হয়তো সে জ্যাকবের মতো অভিজ্ঞ নয়। তবে ও খারাপ করবে না বলেই মনে হয় আমাদের।" ওরামের না থাকাটা বাংলাদেশ শিবিরেও স্বস্তির পরশ বুলোচ্ছে কিছুটা। আশরাফুলও তা স্বীকার করতে দ্বিধা করলেন না, "যখন বোলিংয়ে আসে তখন খুব আটোসাটো বোলিং করে। আর ব্যাটিংয়ে তো ওরামকে নিউজিল্যান্ডের প্রধান ব্যাটসম্যানই মনে হয় আমার। কাজেই ওর না থাকাটা আমাদের জন্য সুবিধারই।" কিন্তু 'অসুবিধা'র কারণ হয়ে ঠিকই থাকছেন ভেট্টোরি। চট্টগ্রাম টেস্টে ব্যাটে-বলে একাই পার্থক্য গড়ে দেওয়ার কারণে কিউই অধিনায়ককে নিয়ে এবার দু'দকি থেকেই সতর্ক বাংলাদেশ শিবির, "যখন বোলিং করবে, তখন বোলার ভেট্টোরিকে নিয়ে চিন্তা করতে হবে আমাদের। আবার ব্যাটিংয়ের সময় ব্যাটসম্যান ভেট্টোরি।" এরসঙ্গে আবার নিজেদের মেলে ধরার তাগিদটাও আছে বাংলাদেশ অধিনায়কের কথায়, "দলের সবাই ভালো খেলতে চাইছে। চট্টগ্রামে বলেছিলাম, আট সেশন ব্যাট করতে চাই। এখানেও তাই। ওই টেস্টের বেশ খানিকটা সময় আমাদের আধিপত্য ছিল। ঢাকায় যতো বেশি সময় ম্যাচ হাতে থাকবে, সুযোগও আমাদের থাকবে ততো বেশি।" সরাসরি জয়ের কথা না বলে প্রতিপক্ষকে যতো বেশি সম্ভব চেপে ধরার দিকেই মনোযোগী বাংলাদেশকে নিয়ে ভয়ও আছে। ওয়ানডেতে একটা বড় জয়ের পর যেমন অনেকদিন আর তাদের খুঁজে পাওয়া যায় না, তেমনই হয় বড় দলের সঙ্গে জয়ের আশা জাগানো টেস্টের পরও। এবার সেরকম কিছু হবে না বলেই আশ্বস্ত করলেন আশরাফুল। কারণ ধারাবাহিকতা, "আগে একটা ম্যাচ ভালো গেলে পরের অনেকগুলো ম্যাচে আমাদের পারফরম্যান্স ভালো হত না। কিন্তু এবার তা হবে না। খেয়াল করলে দেখবেন, নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটা ওয়ানডের পর চট্টগ্রাম টেস্ট, আমরা একনাগারে ভালো খেলে এসেছি।" পূর্ব ধারণা ভুল প্রমাণের চ্যালেঞ্জে জিততে হলে ঢাকা টেস্টটা হতে হবে নিরবচ্ছিন্নভাবে। কিন্তু বৈরী আবহাওয়া তা হতে দেবে তো? বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৯২৫ঘ.