২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিএল-এর বিশাল অফারটা যেভাবে নাকচ করলেন তামিম

চট্টগ্রাম টেস্ট চলার সময়ই রাত-বিরাতে তামিম ইকবালের মোবাইলে ফোন। এবং আইসিএলে খেলার লোভনীয় প্রস্তাব। এ নিয়ে মঙ্গলবার সকালে বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমীন স্টেডিয়ামের প্রেসবক্সে এসে নিজেদের ক্ষোভের কথা জোরেশোরে জানিয়ে গেলেন দুই বোর্ড সদস্য। বিকেলে তামিম ইকবালের বিদ্রোহী ক্রিকেট লিগে চলে যাওয়া নিয়ে গুঞ্জন ঠেকাতে আয়োজিত সংবাদ সম্মেলনে আসলেন বাংলাদেশ দলের সহ-অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও। এবং যা বললেন তাতে পরিষ্কার, ১৪ জন ক্রিকেটার নিয়ে গিয়েও ঠিক সন্তুষ্ট নয় আইসিএল কর্তৃপক্ষ। বাংলাদেশের ক্রিকেটে তাদের আবারো থাবা বসানোর চেষ্টা অব্যাহত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2008, 04:19 PM

Updated : 26 Aug 2022, 02:32 PM

চট্টগ্রাম, ২১ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- চট্টগ্রাম টেস্ট চলার সময়ই রাত-বিরাতে তামিম ইকবালের মোবাইলে ফোন। এবং আইসিএলে খেলার লোভনীয় প্রস্তাব। এ নিয়ে মঙ্গলবার সকালে বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমীন স্টেডিয়ামের প্রেসবক্সে এসে নিজেদের ক্ষোভের কথা জোরেশোরে জানিয়ে গেলেন দুই বোর্ড সদস্য। বিকেলে তামিম ইকবালের বিদ্রোহী ক্রিকেট লিগে চলে যাওয়া নিয়ে গুঞ্জন ঠেকাতে আয়োজিত সংবাদ সম্মেলনে আসলেন বাংলাদেশ দলের সহ-অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও। এবং যা বললেন তাতে পরিষ্কার, ১৪ জন ক্রিকেটার নিয়ে গিয়েও ঠিক সন্তুষ্ট নয় আইসিএল কর্তৃপক্ষ। বাংলাদেশের ক্রিকেটে তাদের আবারো থাবা বসানোর চেষ্টা অব্যাহত। বোর্ড সদস্যরা বলেছিলেন চট্টগ্রাম টেস্টের সময় কোনো একদিন নাকি রাত দুইটার সময় ফোনে তামিমকে প্রস্তাব দেওয়া হয়েছে। বাংলাদেশ দলের ওপেনার অবশ্য বললেন ভিন্ন কথা, "নাহ, রাত দুইটায় নয়। পরশু দিন (রোববার, টেস্টের তৃতীয় দিন) সন্ধ্যা সাতটায় আমার কাছে একটা ফোনকল এসেছিল।" সেই ফোনালাপের বিস্তারিতও জানিয়েছেন তিনি, "যিনি আমাকে ফোন করেছিলেন তাকে আমি চিনি না। তবে তিনি আইসিএলের এজেন্ট পরিচয় দিয়ে বলেছিলেন, 'তুমি আগ্রহী হলে আমি বিস্তারিত আলোচনা করবো।" আমার জন্য প্রস্তাবটা ৯ লাখ ডলারের (ইউএস) বলেও জানান তিনি। তবে আমি সরাসরি না করে দেই।" আইসিএলে খেলার প্রস্তাব এর আগে অস্ট্রেলিয়া সফরের সময়ও একবার পেয়েছিলেন তিনি, "অস্ট্রেলিয়াতে একজন বিদেশী আমাকে ফোন করেছিলেন। তবে তখনকার চেয়ে এবারের প্রস্তাবের টাকার অঙ্কটা অনেক বেশি। দুবারই আমি সঙ্গে সঙ্গে বিষয়টা বোর্ডকে জানিয়েছি।" টাকার প্রলোভনের ফাঁদে পা না দেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে এই বাঁ হাতি ওপেনার বললেন, "আমি আমার দেশকে ভালোবাসি। ভালোবাসি ক্রিকেটকে। তাছাড়া আমি যে পরিবারের ছেলে তাতে আমার টাকার খুব বেশি দরকার নেই। টাকা আমার যথেষ্টই আছে। আইসিএলে যারাই গেছে তাদের কাছে টাকাটা আগে, ক্রিকেটটা পরে। আমার মনে হয় না যে আমার অতো টাকার দরকার আছে। দরকার থাকলে তো শুরুতেই চলে যেতে পারতাম।" অবশ্য এরকম প্রস্তাব পাওয়াকে তিনি ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন, কারণ, "ওরা আমাকে গুরুত্বপূর্ণ মনে করে বলেই প্রস্তাব এসেছে। আইসিএল তো আর সবাইকে প্রস্তাব দিচ্ছে না। আমি এটাকে ইতিবাচকই মনে করি।" তামিমের মতো দ্বিতীয়বার প্রস্তাব এসেছে মাশরাফির কাছেও। এবং সেটা একইদিনে। সংবাদ সম্মেলনে মোহাম্মদ আশরাফুলের ডেপুটি বললেন, ''তামিমকে ফোন করার পর আমাকেও করেছিল। সম্ভবত একই লোক। আমার সঙ্গে টাকা-পয়সার কোনো আলাপ হয়নি। শুধু বলেছেন, 'আগেরবার না করেছ। এখন কী চিন্তা করছ? তোমাদের ভাইয়েরা তো খেলছে।' সঙ্গে সঙ্গে বলে দিলাম যে আমি আইসিএলে খেলতে চাই না। এরপর তামিম আমার রুমে এসে বললো ১৫ মিনিট আগে ওর কাছেও নাকি এমন একটা ফোন এসেছিল।" তামিম-মাশরাফির এই সিদ্ধান্তকে সাধুবাদই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান গাজী আশরাফ লিপু, "ওদের কাছে দুবার প্রস্তাব এসেছে। দু'বারই ওরা বিশাল অঙ্কের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। এবং আমাদের জানিয়েছে। ওরা আইসিএলে যাচ্ছে না বলেও আমাদের আশ্বস্ত করেছে। এটা অন্যদের জন্য দৃষ্টান্ত হতে পারে।" তবে আইসিএলের এই থাবা বসানোর চেষ্টা নিয়ে বেশ চিন্তিতই মনে হল লিপুকে, "ওরা বারবারই আমাদের ওপর হামলা চালাচ্ছে। এটা চিন্তার বিষয় তো অবশ্যই। আমরা অচিরেই বিষয়টা নিয়ে ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করবো। আমি মনে করি পুরো বিষয়টার তাৎপর্য্য ওদের বোঝাতে হবে।" ক্রিকেটারদের বেতন-ভাতা বাড়ানোর পরিকল্পনাও আছে বিসিবির। যদিও সংবাদ সম্মেলনে ''বিসিবি যতোটুকু দিচ্ছে ভালোই দিচ্ছে'' বলার পর তামিম হাসতে হাসতে যোগ করলেন, ''একটু বাড়িয়ে দিলে ভালো হয়।'' কিন্তু টাকার খেলায় কী আইসিএলের সঙ্গে পেরে ওঠা যাবে? লিপু নিজেও মনে করেন, পেরে ওঠা কঠিন, " শেষপর্যন্ত তারা (আইসিএল কর্তৃপক্ষ) ব্যবসায়ীই। তাদের অনেক টাকা, এটা মানতে হবে। টাকার খেলায় তাদের সঙ্গে পেরে ওঠা সম্ভব নয়।" তবে আইসিএলে চলে যাওয়া ক্রিকেটারদের কেউ তামিম-মাশরাফিকে প্রস্তাব দেননি বলে নিশ্চিত করেছেন তারা দু'জন। মাশরাফি বলেছেন, "সুমন ভাই (হাবিবুল বাশার) আমাকে দুটো এসএমএস পাঠিয়েছিলেন। একটা প্রথম ওয়ানডেতে জেতার পর অভিনন্দন জানিয়ে। আর এই টেস্টের সময় একবার পাঠিয়েছেন 'ভালো খেলিস' বলে।" এখানে কিছু 'কিন্তু' অবশ্য থেকেই যায়। যখন মাশরাফি জানান, "আমার বাসার অনেকেই আমার ফোন নাম্বার জানে না।" কারণ মোবাইল ব্যবহারে বরাবরই খেয়ালী দেশসেরা এই পেসার। ওদিকে তামিমও রহস্যের গন্ধ পাচ্ছেন, "অস্ট্রেলিয়ায় আমাকে ওখানকার নাম্বারে ফোন করা হয়েছিল। যে নাম্বার সহজেই কারো পাওয়ার কথা নয়।" আসলেই পাওয়ার কথা নয়, ক্রিকেট সংশ্লিষ্ট কাছের মানুষরা না দিলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১৪০ঘ.