চট্টগ্রাম, ২১ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- ইতিহাস-পরিসংখ্যান, সবই তাদের বিপক্ষে ছিল। দেশের বাইরে দুইশোর বেশি রান তাড়া করে কখনো জিততে না পারার লজ্জা থেকে অবশেষে মুক্তি মিললো নিউজিল্যান্ডের। এবং সেই মুক্তির আনন্দে সবচেয়ে বেশি ভেসে যাওয়ার কথা ডেনিয়েল ভেট্টোরির। কিউইদের তিনশোর বেশি রান তাড়া করে মাত্র দ্বিতীয়বার জয়ের মুখ দেখার পেছনে তার ব্যাটিং নৈপূণ্যের অবদানই যে সর্বাধিক। ম্যাচে ৯ উইকেট নেওয়া এই বাঁ হাতি স্পিনার দুই ইনিংসে করেছেন অপরাজিত ৫৫ এবং ৭৬ রান। দুয়েমিলে কিউই অধিনায়কের ম্যাচ সেরার পুরস্কার পাওয়াটা অবধারিতই ছিল।
দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার আনন্দের মাঝেও ইতিহাসের প্রসঙ্গ তুলতে ভুললেন না ভেট্টোরি, "একজন অধিনায়কের জন্য ভালো খেলার মানদন্ড নির্ধারণ করাটা খুব গুরুত্বপূর্ণ। ব্যাটে-বলে দলের জয়ে অবদান রাখতে পেরে আমি খুশী। ৩১৭ করে জেতাটাও খুব আনন্দের। সাকিব আর রাজ্জাক পুরো টেস্ট ম্যাচেই অসাধারণ বোলিং করায় কাজটা খুব সহজ ছিল না। তাছাড়া আপনারা যদি নিউজিল্যান্ডের ক্রিকেট ইতিহাসের দিকে তাকান, তাহলে দেখবেন দেশের বাইরে দ্বিতীয় ইনিংসে রান তাড়া করায় আমরা খুব একটা সফল নই।" মানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরই এই জয় এসেছে বলে মেনে নিচ্ছেন তিনি। অথচ এই টেস্ট শুরুর আগে যে বলেছিলেন, সামর্থ্যরে পঞ্চাশভাগ খেলতে পারলেই নাকি হবে! মনে করিয়ে দিতেই বললেন, "আমরা কিন্তু প্রথম ইনিংসে মোটেও ভালো খেলিনি। যেটা কিছুতেই গ্রহণযোগ্য নয়। তবে যেভাবে আমরা ঘুরে দাঁড়িয়ে জিতলাম তা বেশ আনন্দদায়ক। আমি এখনও মনে করি, আমরা আমাদের সেরা খেলা থেকে এখনো অনেক দূরে।"
হারলেও এই টেস্টে যেভাবে কিউইদের টুঁটি চেপে ধরেছিল বাংলাদেশ, তাতে তাদের টেস্ট স্ট্যাটাস নিয়ে প্রশ্ন তোলা অবান্তর বলেই মনে হয় ভেট্টোরির কাছে, "আমি এমন একটা দেশের ছেলে, যে দেশের কিনা টেস্টে একটা জয় পেতে লেগেছিল প্রায় ৫০ (আসলে ২৬ বছর) বছর। অথচ গত চার-পাঁচ বছরে বাংলাদেশ বেশ কিছু বড় জয় পেয়েছে। ভীষণ প্রতিভাবান একটা দল। আমার তো মনে হয় তারা যথেষ্টই ভালো একটা দলও।" এই দলের সাকিব আল হাসানের কথাও বলেছেন আলাদা করে, "বিশেষ করে সাকিবের খেলা আমাকে মুগ্ধ করেছে। লাইন ও লেন্থ বজায় রাখা বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটাও করে দারুণ।"
শেষদিনে তার চিন্তায়ও হারের দুঃস্বপ্ন উঁকি দিয়েছিল। কখন? "ব্রেন্ডন ম্যাককালাম আউট হওয়ার পর। ওর বিপক্ষে দেওয়া সিদ্ধান্তটাও খুব ভালো ছিল না। এরপর মনে হচ্ছিল কাজটা আমাদের জন্য খুব কঠিন হয়ে গেছে। তবে পরে ফ্লিন (ডেনিয়েল ফ্লিন) ও আমার পার্টনারশিপ পরিস্থিতি অনেকটাই সহজ করে দেয়।" যার ফলে কিউইরা পায় ঘাম দিয়ে জ্বর ছাড়ার অনুভূতি এনে দেওয়া এক জয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০৪০ঘ.
bdnews24