চট্টগ্রাম, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই ড্যানিয়েল, ভেট্টোরি আর ফ্লিনকে শেষ পর্যন্ত আউট করতে পেরেছে বাংলাদেশ। কিন্তু ততোক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ষষ্ঠ উইকেটে ড্যানিয়েল ফ্লিনকে নিয়ে ৮২ রানের জুটি গড়ে তারা ম্যাচটাকে বের করে নিয়ে গেছেন বাংলাদেশের হাতের মুঠো থেকে। বাকি কাজটুকু সারতে জ্যাকব ওরাম (৮*) আর কাইল মিলসের (১*) কোনো অসুবিধা হয়নি। চট্টগ্রাম টেস্টে তিন উইকেটের জয় পেয়ে দুই টেস্টের সিরিজে এগিয়ে গেছে নিউজিল্যান্ড।
২১৪ বলে আটটি বাউন্ডারির সাহায্যে ৭৬ রান করার পর আব্দুর রাজ্জাকের বলে ভেট্টোরি যখন বোল্ড হলেন, নিউজিল্যান্ড তখন জয় থেকে মাত্র ১৯ রান দূরে। আর ৪৬ রানে একবার জীবন পেয়ে ৪৯ রান করে ফ্লিন বিদায় নিয়েছেন দুদলের স্কোর সমান হওয়ার পর।
এর আগে দুইনিংসে মিলিয়ে নয় উইকেট নিয়েছেন, আর প্রথম ইনিংসেও করেছেন ইনিংস সেরা অপরাজিত ৫৫ রান। ভেট্টোরির কাছে বলতে গেলে ম্যাচটা হারলো বাংলাদেশ।
অথচ মঙ্গলবার শেষ দিনে মধ্যাহ্ন বিরতির আগে পরে ৩২ রানের মধ্যে নিউজিল্যান্ডের তিন উইকেট ফেলে দিয়ে সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজা আর আব্দুর রাজ্জাক নতুন করে আশার আলো জ্বালিয়েছিলেন বাংলাদেশের জন্য। ২১৬ রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলা নিউজিল্যান্ড তখনো বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ৩১৭ রানের টার্গেট থেকে ১০১ রান দূরে।
২ উইকেটে ১৪৫ রান নিয়ে দিন শুরু করে নিউজিল্যান্ডের দুই অপরাজিত ব্যাটসম্যান প্রথম এক ঘণ্টা নিরাপদেই কাটিয়ে দিলেও পানি পানের প্রথম বিরতির পর ফিরেই সাকিবের বলে স্লিপে জুনায়েদ সিদ্দিকীর হাতে ক্যাচ দিয়েছেন অ্যারন রেডমন্ড (৭৯)। ২৩৭ বলের ইনিংসে ১০টি বাউন্ডারি মেরেছেন ক্যারিয়ারের প্রথম হাফসেঞ্চুরি করা এই ডানহাতি।
দ্বিতীয় সাফল্যের জন্য অবশ্য খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি মাশরাফির কল্যাণে। ওয়ানডে সিরিজের সর্বোচ্চ স্কোরার রস টেলরকে (৯) ব্যাকওয়ার্ড পয়েন্টে বদলি ফিল্ডার মাহবুবুল আলমের শিকার বানিয়েছেন বাংলাদেশের সহঅধিনায়ক।
চার উইকেটে ২১২ রান নিয়ে লাঞ্চে যাওয়া নিউজিল্যান্ড বিরতির পর দ্বিতীয় ওভারেই হারিয়েছে ব্রেন্ডন ম্যাককালামকে (২)। তাকে এলবিডব্লুর ফাঁদে ফেলে বাংলাদেশকে তৃতীয় সাফল্য এনে দিয়েছেন বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক। তারপরই ফ্লিনকে ওই জুটিটা গড়েছেন ভেট্টোরি।
ভেট্টোরির বিদায়ের পর ফ্লিনকেও ফিরিয়ে দেওয়ার একটা সুযোগ এসেছিল, ৪৬ রানে সাকিবের বলে ছক্কা মারতে গিয়ে বল আকাশে তুলে দিয়েছিলেন তিনি, কিন্তু মিড অনে দাঁড়িয়ে আশরাফুল সেটা ধরে রাখতে পারেননি।
প্রথম ইনিংসে নিজেরা ২৪৫ রান তোলার পর নিউজিল্যান্ডকে ১৭১ রানে অলআউট করে দিয়ে ৭৪ রানের লিড নিয়েছিল বাংলাদেশ। তার নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৪২ রান তুলে নিউজিল্যান্ডের সামনে ছুঁড়ে দিয়েছে ৩১৭ রান তুলে ম্যাচ জয়ের টার্গেট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৫২১ ঘ.
bdnews24