২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হার্পার-অশোকার সঙ্গে এনামুলের বিপক্ষেও অভিযোগ করবে বাংলাদেশ

চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের খেলাশেষে মাঠে কুলডাউন করছিলেন মোহাম্মদ আশরাফুলরা। সেসময়ই বাংলাদেশ দলের কয়েকজন সদস্য সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করলেন, "আপনারা মনি ভাইকে একটু ধইরেন।" মনি ভাই মানে এনামুল হক মনি, যিনি এই টেস্টের টিভি আম্পায়ার। সকালে অ্যারন রেডমন্ডের বলে মাশরাফি বিন মর্তুজাকে দেওয়া তার স্টাম্পিংয়ের সিদ্ধান্তটা বাংলাদেশ শিবির মেনে নিতে পারেনি। যেকারণে স্বদেশী হয়েও রীতিমতো ভিলেনে পরিণত হয়েছেন বাংলাদেশের আম্পায়ারিং প্যানেলের প্রথম টেস্ট ক্রিকেটার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2008, 06:00 PM

Updated : 26 Aug 2022, 02:32 PM

চট্টগ্রাম, ২০ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের খেলাশেষে মাঠে কুলডাউন করছিলেন মোহাম্মদ আশরাফুলরা। সেসময়ই বাংলাদেশ দলের কয়েকজন সদস্য সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করলেন, "আপনারা মনি ভাইকে একটু ধইরেন।" মনি ভাই মানে এনামুল হক মনি, যিনি এই টেস্টের টিভি আম্পায়ার। সকালে অ্যারন রেডমন্ডের বলে মাশরাফি বিন মর্তুজাকে দেওয়া তার স্টাম্পিংয়ের সিদ্ধান্তটা বাংলাদেশ শিবির মেনে নিতে পারেনি। যেকারণে স্বদেশী হয়েও রীতিমতো ভিলেনে পরিণত হয়েছেন বাংলাদেশের আম্পায়ারিং প্যানেলের প্রথম টেস্ট ক্রিকেটার। বাংলাদেশ দলের কাছে মাঠের দুই আম্পায়ার ড্যারেল হার্পার এবং অশোকা ডি সিলভাও এখন পাচ্ছেন ভিলেনের মর্যাদাই। জেস রাইডার ৮ রানের সময় মেহরাব হোসেন জুনিয়রের বলে এলবিডব্লু ছিলেন বলেই নিশ্চিত তারা। কিন্তু হার্পার আবেদনে সাড়া দেননি। আর কিউইদের জয়ের স্বপ্ন যার ব্যাটে উজ্জ্বল হচ্ছে, সেই অ্যারন রেডমন্ডও ৫৩ রানে সাকিব আল হাসানের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েছিলেন বলে দাবি করা হচ্ছে। এর আগেও বেশ কয়েকবার তার ভুল সিদ্ধান্তের শিকার হওয়া অশোকা ডি সিলভাকে এজন্য দাঁড় করানো হচ্ছে কাঠগড়ায়। অবশ্য খেলা চলাকালীন কিংবা সিরিজের মাঝপথে আনুষ্ঠানিকভাবে অভিযোগ আনার কোনো সুযোগ নেই। তবে সিরিজ শেষ হওয়ার পর প্রতিটা দলের অধিনায়ক তার রিপোর্টে আম্পায়ারিং নিয়ে কোনো অভিযোগ থাকলে জানাতে পারেন। বাংলাদেশ দলও এই অভিযোগ জানানোর জন্য অপেক্ষায় থাকবে বলে জানিয়েছেন ম্যানেজার শফিকুল হক হীরা, "আমরা মাঠের আম্পায়ারদের বিরুদ্ধে তো অভিযোগ জানাবোই, সেই সঙ্গে টিভি আম্পায়ারও বাদ যাবেন না।" কিন্তু যে ফরমের মাধ্যমে অধিনায়ক তার অভিমত জানাতে পারেন, সেখানে টিভি আম্পায়ারের বিষয়ে মন্তব্য করার কোনো জায়গা নেই। হীরা এখানে কোনো সমস্যাই দেখছেন না, "আমরা সাধারণ মন্তব্যের ঘরে টিভি আম্পায়ারের বিষয়টা উল্লেখ করবো।" মাশরাফিকে স্টাম্পিং দেওয়া নিয়ে ক্ষোভটা আরো বেড়েছে কারণ তিনি আরো কিছুক্ষণ থাকলে বাংলাদেশ দলের লিডটা আরো বেশি হত। কিন্তু ওই সিদ্ধান্তে ৪৪ রানেই শেষ হয়ে যায় তার ইনিংস। এনামুল হকের দেওয়া সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করতে দ্বিধা করলেন না বাংলাদেশ দলের কোচ জেমি সিডন্সও। সরাসরি বলে দিলেন, "ওটা নটআউট ছিল। আর বেনিফিট অফ ডাউটও ব্যাটসম্যানের পক্ষেই যাওয়া উচিত ছিল।" এনামুল অবশ্য তার বিরুদ্ধে অভিযোগ খন্ডন করতে গিয়ে বললেন, "আমি কোনো ভুল করিনি। আইন অনুযায়ীই আউট দিয়েছি। মাশরাফি অন দি লাইন ছিল। আর এক্ষেত্রে বেনিফিট অফ ডাউট বোলারের দিকেই যায়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১২০ঘ.