২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিএল-এ ঢাকা ওয়ারিয়র্সের প্রথম জয়

তৃতীয় ম্যাচে এসে প্রথম জয় পেয়েছে ঢাকা ওয়ারিয়র্স। সোমবার আহমেদাবাদের সর্দার বল্লভাই প্যাটেল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে তারা ৬২ রানে হারিয়েছে মারভান আতাপাত্তুর দল দিল্লী জায়ান্টসকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2008, 05:36 PM

Updated : 26 Aug 2022, 02:32 PM

ঢাকা, ২০ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- তৃতীয় ম্যাচে এসে প্রথম জয় পেয়েছে ঢাকা ওয়ারিয়র্স। সোমবার আহমেদাবাদের সর্দার বল্লভাই প্যাটেল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে তারা ৬২ রানে হারিয়েছে মারভান আতাপাত্তুর দল দিল্লী জায়ান্টসকে। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেটে ১৭২ রান করেছিল হাবিবুল বাশারের দল, জবাব দিতে নেমে ১৮.৪ ওভারে ১১২ রানে অলআউট হয়ে গেছে সাবেক শ্রীলঙ্কান অধিনায়ক মারভান আতাপাত্তুর নেতৃত্বাধীন দিল্লী জায়ান্টস। ১৭৩ রানের টার্গেট নিয়ে খেলতে নামা দিল্লীর দলটিকে শুরু থেকেই চাপের মুখে ফেলে ওয়ারিয়র্স। মাত্র ২৮ রানেই ৩ উইকেট হারিয়ে বসে তারা। সেখান থেকে আর ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগই না দিয়ে ঢাকা দলের বোলাররা ইনিংস শেষ করে দেন ১১২-তে। আক্রমণে নেতৃত্ব দিয়েছেন শরীফ, রফিক ও মোশাররফ, যথাক্রমে ১৮, ১৯ ও ২৪ রানে দুটো করে উইকেট নিয়েছেন তারা। এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৭২ রান করেছিল ঢাকা ওয়ারিয়র্স। আগের ম্যাচে অলক সেঞ্চুরি করেছিলেন। এই ম্যাচেও তার ব্যাট থেকে এসেছে ২৫ বলে ৩৪ রানের একটি ঝড়ো ইনিংস। কিন্তু এদিন তার চেয়েও বেশি অবদান ওপেনার নাজিমউদ্দিনের। ৫৪ রান করেছেন তিনি ২৯ বলে, চার ও ছয় মেরেছেন ৫টি করে। অধিনায়ক হাবিবুল বাশার শেষপর্যন্ত অপরাজিত ছিলেন ২৩ বলে ২৮ রান করে। রান পেয়েছেন শাহরিয়ার নাফীসও, ২৭ বলে করেছেন ৩০। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএম/২৩২৫ঘ.