চট্টগ্রাম, ২০ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশের স্পিনারদের সামনে রীতিমতো অসহায় আত্মসমর্পনই করেছিলেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। সুবাদে ম্যাচের চতুর্থ ইনিংসে এরই পুনরাবৃত্তি দেখতে চাওয়া স্বাগতিকদের এবার হতাশই হতে হয়েছে। এই হতাশার কারণ একাধিক। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ক্রীড়া প্রতিবেদক মাসুদ পারভেজ
নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশের স্পিনারদের সামনে রীতিমতো অসহায় আত্মসমর্পনই করেছিলেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। সুবাদে ম্যাচের চতুর্থ ইনিংসে এরই পুনরাবৃত্তি দেখতে চাওয়া স্বাগতিকদের এবার হতাশই হতে হয়েছে। এই হতাশার কারণ একাধিক। এরমধ্যে অন্যতম, আগের ইনিংসের মতো উইকেট থেকে সাহায্য ততোটা পাননি আব্দুর রাজ্জাক-সাকিব আল হাসানরা। পাবেন কী করে? ৩১৭ রানের টার্গেট তাড়া করতে নামার আগেই তো কিউইরা প্রতিপক্ষের স্পিনারদের ধার কমানোর বন্দোবস্ত করে রেখেছিলেন।
আব্দুর রাজ্জাকের ধারণাও তো তাই, "আসলে ওরা হেভি রোল (ভারী রোলার দিয়ে উইকেট রোল করা) নেওয়ায় উইকেটের টার্ন একটু কমে গেছে।" টেস্ট ম্যাচের প্রতিটা ইনিংসের আগে উইকেট রোল করা হয়। আর ভারী রোল না হালকা রোল করা হবে, নিয়মানুযায়ী সিদ্ধান্তটা নেওয়ার অধিকার ব্যাটিং দলেরই। ভারতীয় উপমহাদেশের উইকেটে ঘাস খুব একটা থাকেই না। তার ওপর ম্যাচের চতুর্থদিনে এসে উইকেটে 'রাফ' তৈরি হওয়াটাও খুবই স্বাভাবিক একটা ব্যাপার। যেখানে বল ফেলে বাড়তি সুবিধা আদায় করে নেওয়ার লক্ষ্যই থাকে স্পিনারদের। সেই লক্ষ্যে বাঁধা হয়ে দাঁড়াতেই তো কিউইরা ভারী রোলার ব্যবহার করে ফেললো।
কাজেই এই উইকেটে স্পিনারদের সামলানো অনেকটাই সহজ হয়ে গেল তাদের টপ অর্ডারের তিন ব্যাটসম্যানের কাছে। অবশ্য রাজ্জাক জানাচ্ছেন টার্ন একটু কমে গেলেও এখানে বল ঘোরানোটা একেবারে অসম্ভব হয়ে যায়নি এখনো। তার প্রমাণও অবশ্য পাওয়া গেছে। তার লেগ মিডলে পড়া বল টার্ন করে ভেঙ্গেছে কিউই ওপেনার জেমি হাউয়ের অফস্টাম্প। এরকম বিচ্ছিন্ন কিছূ ঘটনা বাদ দিলে অবশ্য উইকেটের আচরণে হেরফের ধরা পড়েছে পরিষ্কার। কড়া রোদে টানা তিন দিন খেলা হওয়ার সময়ই উইকেট ভাঙ্গতে দেখেছিলেন রাজ্জাক।
প্রথম ইনিংসে মাত্র ১ উইকেট পাওয়া রাজ্জাকের চোখ চকচক করে উঠেছিল তাতেই। কিন্তু চতুর্থদিনে এসে প্রত্যাশিত সাফল্যের মুখ না দেখার হতাশা গোপন রেখেই এই বাঁ হাতি স্পিনার বললেন, "উইকেট তৃতীয় দিন থেকেই ভাঙ্গছিল। কিন্তু ওরা হেভি রোল নেওয়াতেই টার্ন কমে গেছে।" যে কারণে এখন আর শুধুই স্পিনারদের দিকে তাকিয়ে থাকতে পারছে না বাংলাদেশ শিবির। তাকাতে হচ্ছে পেসারদের দিকেও। মঙ্গলবার ম্যাচের শেষদিনে জিততে হলে নিউজিল্যান্ডের লাগবে ১৭২ রান আর বাংলাদেশের ৮ উইকেট।
কোচ জেমি সিডন্স মনে করেন, এখনো তার দলের জেতার খুব ভালো সম্ভাবনাই আছে। সেজন্য পেসারদের দিকে তার তাকিয়ে থাকাটাও ধরা পড়লো এই অস্ট্রেলিয়ানের কথায়, "ওরা যেমন, তেমনি আমরাও এই ম্যাচটায় জিততে পারি। এজন্য কালকের প্রথম সেশনটা খুব গুরুত্বপূর্ণ। আর ১৬ ওভার পরই আমরা নতুন বল নিতে পারবো (নিউজিল্যান্ড এদিন ব্যাট করেছে ৬৪ ওভার, ৮০ ওভার পরই নতুন বল নেওয়া যায়)। নতুন বলে দ্রুত কিছু উইকেট তুলে নিতে পারলে খুব ভালো হয়।"
যার ব্যাটে কিউইদের এই টেস্ট জেতার স্বপ্ন একটু একটু করে রঙ্গীন হচ্ছে, সেই অ্যারন রেডমন্ড এখন উইকেটের প্রশংসায় পঞ্চমুখ। স্পিনারদের সুবিধা লেপ্টে দেওয়ার পর তা করারই কথা, "উইকেট যতোটা ভাঙ্গবে বলে মনে হয়েছিল ততোটা ভাঙ্গেনি। আমার তো মনে হয় পুরো ম্যাচের মধ্যে আজকেই উইকেট সবচেয়ে ভালো আচরণ করলো।" ক্যারিয়ারের চতুর্থ টেস্ট খেলতে নামা এই ওপেনারের বাবাও নিউজিল্যান্ডের হয়ে ইনিংস ওপেন করেছেন। তবে রডনি রেডমন্ডের টেস্ট ক্যারিয়ার শেষ হয়ে গেছে ১৯৭৩ সালে অকল্যান্ডে পাকিস্তানের বিপক্ষে তার অভিষেক টেস্টটি খেলেই।
এমন নয় যে অভিষেকে যাচ্ছেতাই পারফরম্যান্সের জন্য বাদ পড়েছিলেন। বরং প্রথম ইনিংসে সেঞ্চুরির (১০৭) পর দ্বিতীয় ইনিংসে তার ব্যাট থেকে বেরিয়ে এসেছিল ফিফটি (৫৬)। এরপর ইংল্যান্ড সফরে দলের সঙ্গী হলেন অবধারিতভাবেই। সেখানে গিয়ে চোখে কন্টাক্ট লেন্স লাগানোটাই কাল হয়েছিল। চোখের এই চিকিৎসা ফলপ্রসু না হওয়া এবং এর সঙ্গে খারাপ পারফরম্যান্স যোগ হয়ে একেবারে হিসাবের বাইরে চলে যাওয়া রডনিকে আবার এদিন আলোচনায় নিয়ে এলেন তার ছেলে অ্যারন।
বাবার কীর্তিতে গর্বিত সন্তানের ভাষ্য, "বাবা কখনোই এসব নিয়ে খুব একটা কথা বলেন না। অভিষেক টেস্টের প্রথম ইনিংসের সেঞ্চুরির পর আবার ফিফটি করা লোকের সংখ্যা বেশি নয়। তিনি অবশ্যই আমার জন্য বড় এক অনুপ্রেরণা। আমি দলে সুযোগ পাওয়ার পর 'কনগ্র্যাচুলেশন' বলেছিলেন। তবে আর টেস্ট খেলতে পারেননি বলে বাবার কোনো আক্ষেপ নেই।" তবে কিউইদের দেশের বাইরে কখনোই দুইশোর বেশি রান তাড়া করে জিততে না পারার আক্ষেপ আছে। সেই আক্ষেপ অ্যারনের ব্যাটে ঘুঁচলে বাবার মতো ছেলেও স্মরণীয় হয়ে থাকবেন।
ছেলে অবশ্য চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনশেষে দু'দলেরই সম্ভাবনা দেখছেন, "কে জিতবে, এটা তো এখনই বলা যায় না। আমি বলবো দু'দলেরই সমান সুযোগ আছে। আমার মনে হয় প্রথম সেশনটাই খুব গুরুত্বপূর্ণ হবে।" আগের ইনিংসে নাকাল হওয়ার পর এবার তাদের ঘুরে দাঁড়ানোর ব্যাখ্যায় বললেন, "আমরা আজকে ধৈর্য্যরে পরিচয় দিয়েছি বেশি। শটও খেলেছি বেছে বেছে।" এটাও চতুর্থদিনের শেষ বিকেলে এসে বাংলাদেশের হতাশার আরেকটি কারণ। রাজ্জাকের মুখেও শোনা গেল এই কথা, "প্রথম ইনিংসে ওদের ব্যাটসম্যানরা অনেক কিছু ট্রাই করেছে। কিন্তু এবার ডিফেন্স করে লুজ বলের জন্য অপেক্ষা করেছে।"
প্রতিপক্ষকে কৃতিত্ব দিতেও ভুললেন না তিনি, "ওরা আসলে ভুলগুলো দ্রুত শুধরে নিয়েছে। আর যারা যতো দ্রুত ভুল শুধরে নিতে পারে তারা ততো ভালো দল।" কিন্তু তাই বলে জেতার আশা বাংলাদেশ দল এখনো ভালোভাবেই ধরে রেখেছে বলে দাবি করলেন রাজ্জাক, "আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমরা এখনো ম্যাচের ভেতরই আছি। আমাদেরও ভালো সুযোগ আছে। শেষদিনের প্রথম সেশনে রান কম দিয়ে অ্যাটাক করা, এটাই এখন আমাদের টার্গেট।"
উইকেটের টার্ন কমে যাওয়ায় এখন স্পিনারদের শিকার নয়, রান কম দেওয়ার কথাই ভাবতে হচ্ছে আগে। রান কম দিয়ে চাপে ফেলে যদি ওদের ফেরানো যায়। এখন যে আর তাদের ঘূর্ণিজাদুর ভয় নেই কিউই ব্যাটসম্যানদের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০০০ঘ.
bdnews24