চট্টগ্রাম, ১৮ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- চট্টগ্রাম টেস্টে নিউজিল্যান্ডকে বিপদে ফেলে দিয়েছেন বাঁহাতি স্পিনার সাকিব আল হাসান। বাংলাদেশের ২৪৫ রানের জবাবে শনিবার দ্বিতীয় দিনশেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৯ উইকেটে ১৫৫ রান। সাকিব আল হাসান ৬টি এবং আব্দুর রাজ্জাক, নাঈম ইসলাম ও মোহাম্মদ আশরাফুল নিয়েছেন একটি করে উইকেট। হাতে মাত্র এক উইকেট নিয়ে কিউইরা পিছিয়ে আছে ৯০ রানে।
ব্যাটিং অলরাউন্ডার হলেও এই ম্যাচে তাকে খেলানো হচ্ছে বোলার হিসেবে। আট নম্বরে ব্যাট করানোও হয়েছে এজন্য । তবে সাকিবকে শুধু বোলার হিসাবে খেলালেও বোধহয় সমস্যা হতো না বাংলাদেশের। তার ঘূর্ণি-জাদুতেই তো নিউজিল্যান্ডের রীতিমতো নাভিশ্বাস ওঠার দশা! ক্যারিয়ারে প্রথম বারের মতো ইনিংসে ৫ উইকেট নেওয়া সাকিবের সঙ্গে আরেক বাঁ হাতি রাজ্জাক এবং আশরাফুল-নাঈমরাও শিকারে যোগ দেওয়ায় দুই টেস্ট সিরিজের প্রথমটিতে ভীষণ বিপদে পড়ে গেছে কিউইরা।
ওপেনার জেমি হাউকে (১৬) ফিরিয়ে দেয়া সাকিবের মাধ্যমেই নিউজিল্যান্ডের ধ্বংসযজ্ঞের সূচনা। সিলি পয়েন্টে হাউয়ের ক্যাচ নিয়েছেন রাজিন সালেহ। এই ম্যাচে অভিষিক্ত জেসি রাইডারের (১) ক্যাচও নিয়েছেন তিনি। সাকিবের বলে রাইডারের ক্যাচ উঠেছে শর্ট লেগে। এরপর রাজ্জাক লেগবিফোরের ফাঁদে ফেলেন রস টেলরকে (১২)। অন্য ওপেনার অ্যারন রেডমন্ডকেও (১৯) বেশিক্ষণ থাকতে দেননি সাকিব, করেছেন এলবিডব্লু।
৫২ রানে চতুর্থ উইকেট পতনের পর দলকে বিপদ থেকে উদ্ধারের চেষ্টা করছিলেন ব্রেন্ডন ম্যাককালাম ও ড্যানিয়েল ফ্লিন। কিন্তু পঞ্চম উইকেট জুটিতে ৪৭ রান ওঠার পর আবার আঘাত। নাঈমকে স্কয়ার কাট করতে গিয়ে উইকেট কিপার মুশফিকের গ্লাভসবন্দী হয়েছেন ফ্লিন (১৯)। সাকিবের করা পরের ওভারের দ্বিতীয় বলে ম্যাককালাম (২৫) ক্যাচ দিয়েছেন রাজ্জাককে। সেই ওভারের শেষ বলেই ওরামকে শূন্য হাতে ফিরিয়ে দিয়ে ৫ উইকেট পাওয়ার আনন্দে মেতে উঠেছেন সাকিব।
১০০ রানে ৭ উইকেট পড়ার পর মিলসকে নিয়ে ভেট্টোরি বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টা করলেও সেই সাকিবই তা সফল হতে দেননি। মিলসকে (৪) কট বিহাইন্ড করে বাংলাদেশকে আরেকটি সাফল্য এনে দিয়েছেন তিনি। দিনশেষে সাকিবের বোলিং ফিগারটা ছিল দেখার মতো (২৪-৬-৩১-৬)। টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে এটাই বাংলাদেশের সেরা বোলিং পারফরম্যান্স। আগের সেরা বোলিংয়ের কৃতিত্বটা ছিল মোহাম্মদ রফিকের। তবে চার বছর আগে নিউজিল্যান্ডের প্রথম বাংলাদেশ সফরে ঢাকায় ৬ উইকেট পেলেও রফিককে খরচ করতে হয়েছিল ১২২ রান।
স্পিনারদের সাফল্য দেখে অনুপ্রাণিত আশরাফুল দিনের শেষভাগে বল তুলে নিয়েছেন হাতে। এবং নিজের তৃতীয় বলেই জিতান প্যাটেলকে (০) সাকিবের ক্যাচ বানিয়ে দিনটাকে বাংলাদেশের জন্য রঙিন করে তুলেছেন অধিনায়ক। প্যাটেলের বিদায়ের সঙ্গে সঙ্গেই শেষ হয়েছে দ্বিতীয় দিনের খেলা। সে সময় ভেট্টোরি অপরাজিত ৪৮ রানে।
এর আগে শুরুর দুঃস্বপ্নটাই আবার ফিরে এসেছে বাংলাদেশের ইনিংসের শেষে। শুক্রবার ৪ উইকেটে ১৮৩ রান নিয়ে প্রথম দিন শেষ করায় বড় সংগ্রহ গড়ার স্বপ্ন দেখছিল বাংলাদেশ। কিন্তু মাত্র ৪৭ বলের মধ্যে ১৬ রানে শেষ ৫ উইকেট হারিয়ে প্রথম ইনিংসে ২৪৫ রানে অলআউট হয়ে গেছে আশরাফুলের দল।
দ্বিতীয় দিনের চতুর্থ ওভারের শেষ বলে ভেঙ্গে যায় মেহরাব ও মুশফিকের পঞ্চম উইকেটে বাংলাদেশের রেকর্ড ১৪৪ রানের জুটি। ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নেমেই প্রথম সেঞ্চুরির সুবাস পেতে থাকা মেহরাবকে সাজঘরে ফেরত পাঠান ইয়ান ও'ব্রায়েন। নিউজিল্যান্ডের এই পেসারের স্লোয়ারে ড্রাইভ খেলে শর্ট কাভারে অ্যারন রেডমন্ডের ক্যাচ হওয়ার সময় মেহরাব সেঞ্চুরি থেকে মাত্র ১৭ রান দূরে দাঁড়িয়ে।
৮৩ রান করা মেহরাবের বিদায়ের পর আরেকটি বড় জুটি হাতছানি দিচ্ছিল বাংলাদেশকে। কিন্তু এই ম্যাচেই অভিষিক্ত নাঈমকে নিয়ে ষষ্ঠ উইকেটে মুশফিক ৪১ রান যোগ করার পরই ছন্দপতন। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে টেস্ট মেজাজের (১০৬ বলে অপরাজিত ৪৬) ব্যাটিং করা নাঈমকে দিয়ে পতনের সূচনা। হুট করেই অফ স্পিনার জিতান প্যাটেলকে উইকেট ছেড়ে বেরিয়ে মারতে ইচ্ছে হল তার। ফলাফল স্টাম্পিং।
নাঈম ১৪ রান করে আউট হয়ে গেলেও মেহরাবের না পাওয়া সেঞ্চুরিটা মুশফিক পাবেন বলেই মনে হচ্ছিল। কিন্তু তিনিও ক্যারিয়ার সর্বোচ্চ ৮০ রান টপকাতে পারেননি। নাঈমের বিদায়ের পরের ওভারেই কিউই অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরির লেগস্টাম্পের বাইরের বলে সুইপ করতে গিয়েছিলেন মুশফিক। বল তার ব্যাটের কানা নিয়ে চলে যায় শর্ট ফাইন লেগ ফিল্ডার জেমি হাউয়ের হাতে। ৭৯ রান করা মুশফিককে সেই ওভারেই অনুসরণ করে মাশরাফি বিন মর্তুজাও আউট (০)।
মাশরাফি শর্ট লেগে ক্যাচ দেওয়ার সঙ্গে সঙ্গে ক্যারিয়ারে ষোড়শ বারের মতো ইনিংসে পাঁচ উইকেট পাওয়ার আনন্দে ভেসেছেন ভেট্টোরি। ২০০৪ সালে চট্টগ্রামেই বাংলাদেশে খেলে যাওয়া কিউইদের সর্বশেষ টেস্টে দুই ইনিংস মিলিয়ে ১২ উইকেট নিয়েছিলেন এই বাঁ হাতি স্পিনার। এবার ৫৯ রানে ৫ উইকেট নিয়েছেন তিনি। প্যাটেল ৬৭ রানে দুই এবং ও'ব্রায়েন ৩৬ রান খরচায় নিয়েছেন তিন উইকেট।
১০ বলের মধ্যে ৫ উইকেটে ২২৯ থেকে ৮ উইকেটে ২২৯ হয়ে যাওয়ার পর আর বড় কিছুর আশা করতে পারেনি বাংলাদেশ। আট নম্বরে ব্যাট করতে নামা সাকিব (৫) মিডঅনে সহজ ক্যাচ তুলে দিয়ে সেটাই হয়তো বোঝাতে চেয়েছেন। তার বিদায়েই শেষ হয়ে যায় বাংলাদেশের আড়াই শ' ছোঁয়া ইনিংস। দিনশেষে অবশ্য সাকিবের ব্যাটিং-ব্যর্থতার কথা কারো মনেও থাকেনি। তার অসাধারণ বোলিংয়ের জন্যই তো নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে প্রথম বারের মতো লিড নেয়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে বাংলাদেশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এআর/১৭২৩ঘ.
bdnews24