মোহালি, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কথা ছিল ২০১০ সালের এপ্রিল-মে মাসে ওয়েস্ট ইন্ডিজে বসবে চ্যাম্পিয়নস ট্রফির আসর। কিন্তু নকআউট বিশ্বকাপ হিসেবে পরিচিত ওয়ানডে ক্রিকেটের এই দ্বিতীয় সেরা টুর্নামেন্ট নয়, তার পরিবর্তে এখন ওই একই সময়ে ক্যারিবিয় দ্বীপপুঞ্জে আয়োজিত হবে টোয়েন্টি-টোয়েন্টি ক্রিকেটের বিশ্বকাপ।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসিই নিয়েছে এই সিদ্ধান্ত। পর পর দু বছরে ওয়ানডের বিশ্বচ্যাম্পিয়নশিপ আয়োজন ঠেকাতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নক আউট বিশ্বকাপ হিসেবে পরিচিত চ্যাম্পিয়নস ট্রফির পরবর্তী আসরটি হওয়ার কথা ছিল চলতি বছর পাকিস্তানে, কিন্তু সেটা পিছিয়ে গেছে ২০০৯ সাল পর্যন্ত। তার ওপর আবার ২০১১ সালে হওয়ার কথা পরবর্তী বিশ্বকাপ ক্রিকেট। এখন আবার ২০১০ সালে যদি চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করা হয়, তাহলে পর পর তিন বছর 'বিশ্বকাপ' দেখা হয়ে যাবে দর্শকদের। এই সম্ভাব্য একঘেয়েমী দূর করতেই ক্রিকেটের নতুনতম ফরম্যাটের দিকে হাত বাড়িয়েছে আইসিসি, শনিবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন সংস্থাটির প্রধান নির্বাহী হারুন লোরগাত।
প্রস্তাবিত টুর্নামেন্টটির জন্য জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের দেওয়া তালিকা থেকে তিনটি ভেন্যু বেছে নেবে আইসিসির বোর্ড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৭৫৫ ঘ.
bdnews24