মোহালি, ১৮ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সৌরভ গাঙ্গুলীর সেঞ্চুরির পর অমিত মিশ্রের ঘুর্ণি-জাদু বিপদে ফেলে দিয়েছে অস্ট্রেলিয়াকে। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনশেষে ভারতের ৪৬৯ রানের জবাবে প্রথম ইনিংসে ৪ উইকেটে ১০২ রান তুলেছে সফরকারীরা।
প্যাভিলিয়নে ফেরা অস্ট্রেলিয়ার চার ব্যাটসম্যানের দুজনই শিকার হয়েছেন ভারত অধিনায়ক অনিল কুম্বলে ফিটনেস টেস্টে বাদ পড়ে যাওয়ায় শেষ মুহূর্তে অভিষেকের সুযোগ পাওয়া তরুণ লেগস্পিনার অমিত মিশ্রর। দিনের শেষ ওভারে মাইকেল ক্লার্ককে (২৩) এলবিডব্লিউর ফাঁদে ফেলার আগে তিনি বোল্ড করে দিয়েছেন ওপেনার সাইমন ক্যাটিচকেও (৩৭)। এছাড়া ম্যাথ্যু হেইডেনকে (০) আরেকটি ব্যর্থতা উপহার দিয়ে ভারতকে প্রথম সাফল্য এনে দিয়েছেন জহির খান আর প্রথম টেস্টের সেঞ্চুরিয়ান রিকি পন্টিংকে (৫) ফিরিয়ে দিয়েছেন তার নতুন বলসঙ্গী ইশান্ত শর্মা। দিনশেষে ৩৬৭ রানে পিছিয়ে থাকা অস্ট্রেলিয়ার পক্ষে ৩৭ রান নিয়ে অপরাজিত রয়েছেন মাইকেল হাসি।
এর আগে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নামা সৌরভের ষোড়শ টেস্ট সেঞ্চুরির সুবাদে প্রথম ইনিংসে ৪৬৯ রান করেছে ভারত। দলকে একটা স্বস্তিকর জায়গায় পৌঁছে দিতে মহেন্দ্র সিং ধোনিও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। অনিল কুম্বলের অনুপস্থিতির কারণে এই টেস্টে ভারতের অধিনায়কত্ব করা ধোনি সেঞ্চুরি থেকে মাত্র ৮ রান দূরে থাকতে অর্থাৎ ৯২ রানে আউট হয়েছেন।
৫ উইকেটে ৩১১ রান নিয়ে দিন শুরু করা ভারত দিনের ষষ্ঠ ওভারে হারিয়েছে প্রথম উইকেট। আগের দিন 'নাইচওয়াচম্যান' হিসাবে নামা ইশান্ত শর্মাকে (৯) আউট করে প্রথম সেশনে অস্ট্রেলিয়াকে একমাত্র সাফল্য এনে দিয়েছেন অভিষিক্ত পেসার পিটার সিডল। এরপর সৌরভ-ধোনির ১০৯ রানের জুটি ভারতকে নিয়ে গেছে ৪৩৫ রানে। ৮ বাউন্ডারিতে ১০২ রান করা সৌরভ ক্যামেরন হোয়াইটের বল উড়িয়ে মারতে গিয়ে লং অফে ব্রেট লি'র হাতে ধরা পড়ার মাধ্যমে ভেঙ্গেছে জুটিটা।
ধোনি খেলেছেন আক্রমণাত্মক ইনিংস। ১২৪ বলে ৪ ছক্কা ও ৮ বাউন্ডারিতে ৯২ রান করা ধোনিকে এলবিডব্লু করে অস্ট্রেলীয় শিবিরে স্বস্তি ফিরিয়ে এনেছেন সিডল। কারণ সেটাই ছিল ভারতের শেষ উইকেট। সিডল ও মিচেল জনসন দুজনই নিয়েছেন তিনটি করে উইকেট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৮০০ঘ.
bdnews24