চট্টগ্রাম, ১৭ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- মেহরাব হোসেন জুনিয়র খেলার মানুষ। আবার গানের মানুষও। তার গিটার এবং গান বাংলাদেশ দলে অবসরের বিনোদন জোগায়। এবার ব্যাটিংয়েও বিনোদনের প্রতিশ্র"তি তার ব্যাটে। চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শেষে অপরাজিত ৭৯ রানে। প্রথম টেস্ট সেঞ্চুরির সামনে দাঁড়িয়ে এই ব্যাটসম্যান কী তার ভেতরের উত্তেজনাটা গোপন করতে চাইলেন?
শুক্রবার রাতে তার ভালো ঘুম হবে কিনা, জানতে চাইলে বললেন, "অবশ্যই ভালো ঘুম হবে। কারণ আমি খুব টায়ার্ড।" গত বছর শ্রীলঙ্কায় একটি টেস্ট খেলেই থেমে গিয়েছিল যার টেস্ট ক্যারিয়ার এবং ১৩টি ওয়ানডে খেলেও যার বলার মতো কিছু করা হয়নি, তার নিজেকে প্রমাণ করার তাগিদটা থাকে অন্য যে কারো চেয়ে বেশি। আর সেটা সেঞ্চুরি দিয়ে করা গেলে তো কোনো কথাই নেই। মাত্র ২১ রান করলেই ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নেমেই প্রথম সেঞ্চুরির স্বাদ, এই উত্তেজনায় তো তার ঘুমই আসার কথা নয়।
তার এই বাংলাদেশ দলেও আসার কথা ছিল না। কিন্তু একঝাঁক ক্রিকেটার বিদ্রোহী ক্রিকেট লিগ আইসিএলে চলে যাওয়াতেই সুযোগ আসে মেহরাবের সামনে। আর প্রথম সুযোগেই টেস্ট ক্যারিয়ারের থেমে যাওয়া চাকা সচল করায় উদ্যোগী তার ব্যাট। চট্টগ্রাম টেস্টের প্রথম দিন মধ্যাহ্ন বিরতির পরপরই ৪৪ রানে ৪ উইকেট হারানো দলে পরিণত হওয়া বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে তার এবং মুশফিকুর রহিমের ব্যাটে। দু'জনে মিলে দিনের বাকি ৫০ ওভার পার করে দিয়েছেন।
অনুর্ধ্ব -১৭ এবং ১৯ পর্যায়ে মুশফিকের সঙ্গে খেলেছেন। মেহরাব জানাচ্ছেন, দীর্ঘদিন একসঙ্গে খেলার অভিজ্ঞতাই তাদের দলের ত্রাণকর্তা হওয়ার পথে রেখেছে দারুণ ভূমিকা, "মুশির (মুশফিক) সঙ্গে আমার বোঝাপড়াটা খুব ভালো। সাকিবের সঙ্গেও তাই। কারণ আমরা একসঙ্গে অনেক ক্রিকেট খেলেছি।" তাদের ব্যাটিংয়ে কখনো রান করার তাড়া ধরা পড়েনি। তাই বলে যে প্রতিপক্ষের বোলারদের ওপর চড়াও হননি, তাও নয়। মেহরাবের ভাষায়, "এই উইকেটটা ফ্ল্যাট। খুব তাড়াতাড়িই তা বুঝে গিয়েছিলাম আমরা। এরপর থেকেই আমরা বলের মেধা অনুযায়ী খেলেছি।"
স্বাচ্ছন্দ্যে খেলেছেন কিউই স্পিনারদেরও। সে কথা জানাতে গিয়েই ২১ বছরের এই তরুণ বললেন, "জিতান প্যাটেলের বল খুব ভালো ব্যাটে আসছিল। আর ভেট্টোরিও প্রথম দিনে উইকেট থেকে সুবিধা আদায় করে নিতে পারছিলেন না। তবে পেসারদের মধ্যে ও'ব্রায়েন খুব ভালো বল করেছেন।" রানের জন্য তাড়াহুড়ো না করার ব্যাখ্যা দিতে গিয়ে বললেন, "আমরা দুজন (মুশফিক-মেহরাব) কখনোই স্কোরবোর্ডের দিকে তাকাইনি। পরিকল্পনা অনুযায়ীই ব্যাটিং করার চেষ্টা করে গেছি কেবল। নতুন বলে আমরা উইকেট দিতে চাইনি। প্রথম সেশনে এই কাজে আমরা অনেকটাই সফল। এরপর লুজ বলের জন্য অপেক্ষা করায় মনোযোগী হয়েছি আমরা। পুরো পার্টনারশিপটার সময় আমি আর মুশি এটা নিয়ে কথা বলছিলাম। শেষ ২ ওভারে আমরা একে অন্যকে মনে করিয়ে দিচ্ছিলাম, কোনো ঝুঁকি নেওয়া যাবে না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/এমএম/২১২০ঘ.
bdnews24