মোহালি, ১৬ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সারা দুনিয়ার ক্রিকেট-ভক্তদের দৃষ্টি এখন তার দিকে। আর মাত্র ১৫ রান চাই শচীন টেন্ডুলকারের। এই রানটা করতে পারলেই ব্রায়ান লারাকে পেছনে ফেলে দেবেন তিনি, টেস্ট ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড নিজের করে নেবেন 'ব্যাটিং জিনিয়াস'। শুক্রবার থেকে মোহালিতে শুরু হতে যাওয়া ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টে সবার চোখ তাই টেন্ডুলকারের ব্যাটের দিকে নিবদ্ধ।
ব্যাঙ্গালোরে প্রথম টেস্টেই রেকর্ডটা হয়ে যেতে পারতো সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যানের। কিন্তু শেষ দিনে ৪৯ রান করে দলকে পরাজয়ের আশঙ্কা থেকে মুক্ত করলেও রেকর্ডটা তিনি ভাঙ্গতে পারেননি। ১৫ রান দূরে থাকতে আউট হয়ে যান ক্যামেরন হোয়াইটের বলে। তাই লারার ১১,৯৫৩ রানের রেকর্ডের আয়ু বেড়ে গেছে আরো কয়েক দিন। এটা ছাড়া ব্যাটিংয়ের অন্য তিনটি গুরুত্বপূর্ণ রেকর্ড অনেক দিন ধরেই টেন্ডুলকারের দখলে। ওয়ানডেতে সর্বোচ্চ রান (১৬,৩৬১) এবং টেস্ট ও ওয়ানডেতে সর্বোচ্চ সেঞ্চুরির (টেস্টে ৩৯ ও ওয়ানডেতে ৪২) রেকর্ডের গর্বিত মালিকের অর্জনের মুকুটে আরেকটি সম্মানজনক পালক যোগ হওয়া এখন শুধুই সময়ের ব্যাপার।
টেন্ডুলকার টেস্ট ক্রিকেটের সবচেয়ে গৌরবজনক ব্যাটিং রেকর্ডের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন বলে মোহালিতে পাদপ্রদীপের আলোটা তার ওপরেই সবচেয়ে বেশি। এর বাইরে সবচেয়ে বড় খবর স্টুয়ার্ট ক্লার্কের অনুপস্থিতি। প্রথম টেস্টে পাওয়া কনুইয়ের ইনজুরির জন্য মোহালিতে খেলতে পারছেন না অস্ট্রেলিয়ার পেসার। তার জায়গায় সুযোগ পাচ্ছেন পিটার সিডল। অভিষেক টেস্ট খেলতে নামা সিডলের প্রশংসা করে অস্ট্রেলিয়া অধিনায়ক রিকি পন্টিং বলেছেন, "এই সফরের শুরু থেকে তার (সিডলের) অনেক কিছু দেখেই আমি মুগ্ধ। সব কিছু সহজভাবে নেয়ার অদ্ভূত ক্ষমতা আছে তার। এবং সবচেয়ে বড় কথা বল রিভার্স সুইং করাতে সে পারদর্শী।"
মোহালির পেস সহায়ক উইকেটে স্টুয়ার্ট ক্লার্ককে না পেলেও সিডলকে নিয়ে আশায় বুক বাঁধতে সমস্যা হচ্ছে না পন্টিংয়ের। প্রথম একাদশও ম্যাচের আগের দিন জানিয়ে দিয়েছে তার দল। অথচ স্বাগতিক দলের সেখানেই সবচেয়ে বড় সমস্যা। ভারতের সবচেয়ে বেশি দুশ্চিন্তা তাদের অধিনায়ককে নিয়ে। কাঁধের ইনজুরি থেকে সেরে উঠে অনিল কুম্বলে খেলতে পারবেন কি না সেই প্রশ্নের উত্তর বৃহস্পতিবার পর্যন্ত খুঁজে পায়নি 'টিম ইন্ডিয়া'। ম্যাচের আগের দিন নেটে বল করা কুম্বলে অবশ্য আশাবাদী, "এটার (কাঁধের) অবস্থা আগের চেয়ে অনেক ভালো। ম্যাচ শুরু হতে এখনো তো ২৪ ঘন্টা বাকি। আমার কাঁধ কেমন সাড়া দেয় তার জন্য আমরা অপেক্ষা করবো। এটুকু বলতে পারি গতকালের (বুধবারের) চেয়ে এখন অনেক ভালো আছি আমি।"
শুক্রবার ৩৮ বছর পূর্ণ করতে যাওয়া কুম্বলে না খেললে তৃতীয় সিমার হিসাবে মুনাফ প্যাটেল কিংবা অভিষেকের অপেক্ষায় থাকা লেগস্পিনার অমিত মিশ্রকে দলে রাখবে ভারত। তবে কুম্বলে খেলুন বা না-ই খেলুন, দু ধরনের পরিস্থিতির জন্য নিজেদের প্রস্তুত করে রেখেছেন বলেই জানিয়েছেন পন্টিং, "তার (কুম্বলের) কাঁধের ইনজুরির জন্য না খেলার ব্যাপারে আমরা আলোচনা করেছি। তার খেলা কিংবা না খেলা অর্থাৎ দু ধরনের পরিস্থিতির জন্যই আমরা প্রস্তুত।"
তথ্যসূত্র : ক্রিকইনফো
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২২৩৫ঘ.
bdnews24