চট্টগ্রাম, ১৬ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- ওয়ানডে সিরিজ শুরুর আগে ডেনিয়েল ভেট্টোরি বলেছিলেন, সেরা খেলা না খেললে অঘটন ঘটিয়ে দিতে পারে বাংলাদেশ। অথচ টেস্ট শুরুর আগেরদিন তার কথায় একদম অন্যসুর। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ক্রীড়া প্রতিবেদক মাসুদ পারভেজ
ওয়ানডে সিরিজ শুরুর আগে ডেনিয়েল ভেট্টোরি বলেছিলেন, সেরা খেলা না খেললে অঘটন ঘটিয়ে দিতে পারে বাংলাদেশ। অথচ টেস্ট শুরুর আগেরদিন তার কথায় একদম অন্যসুর। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ক্রীড়া প্রতিবেদক মাসুদ পারভেজ
টেস্ট সিরিজ জিততে সামর্থ্যরে পঞ্চাশভাগ খেললেই নাকি হবে! নিউজিল্যান্ড অধিনায়কের কথার এমন ওলট-পালটের কারণ হতে পারে একটাই। আর তা শুক্রবার থেকে বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমীন স্টেডিয়ামে প্রথম টেস্ট খেলতে মাঠে নামার আগেই মানসিকভাবে বাংলাদেশকে দূর্বল করে দেওয়া।
বাংলাদেশের জন্য এটা এক নতুন অভিজ্ঞতাই। এর আগে বাংলাদেশের বিপক্ষে খেলতে গিয়ে প্রায় সব অধিনায়কই ছিলেন বিনয়ের অবতার। কিন্তু ওয়ানডে সিরিজে কামড় খেয়ে ভেট্টোরি আর তার ধার ধারলেন না। এতে অন্তত একটা বিষয় পরিষ্কার, এই ম্যাচে আন্ডারডগ থাকার চিরাচরিত সুবিধাগুলো পাচ্ছে না বাংলাদেশ। কিউইরা নামছে কোমর কষেই। বাংলাদেশ দলের অবশ্য এসব নিয়ে ভাবার সময় নেই। কখনো কখনো নিজেদের সর্বনাশ ডাকায় তারা নিজেরাই যথেষ্ট হয়ে দাঁড়ায় বলে খুব সতর্ক মোহাম্মদ আশরাফুল। "আমরা কেবল আমাদের নিয়েই ভাবছি"-কথাটাকে তাই শুধুই কথার কথা মনে হল না।
এই টেস্ট দিয়ে অনেকদিন পর আবার টেস্ট ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। ২০০৬ সালের এপ্রিলে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার পর ১৩ মাস আর কোনো টেস্টই পায়নি তারা। ওই অনভ্যাস টেস্ট পারফরম্যান্সে প্রভাব ফেলেছিল খুব। যদিও মোহাম্মদ আশরাফুল বিক্ষিপ্ত কিছু পারফরম্যান্সের উদাহরণ টানলেন। এরপর গত ফেব্র"য়ারি-মার্চে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হওয়ার পর আবার ৭ মাসের বিরতির পালা চুকছে শুক্রবার।
এই বিরতির প্রভাব পারফরম্যান্সে পড়বে না বলেই আশ্বস্ত করতে চাইলেন বাংলাদেশ অধিনায়ক। তার আশ্বাসের ভিত্তি, "৭ মাস আমরা টেস্ট খেলিনি ঠিকই। কিন্তু এর মধ্যে টেস্ট খেলার প্রস্তুতি থেমে থাকেনি। এই দলের আটজন 'এ' দল এবং একাডেমী দলের হয়ে খেলার মধ্যে ছিল।"
নিউজিল্যান্ডও টেস্ট খেলতে নামছে চার মাস পরে। তবে এটা নয়, তাদের সমস্যা বলে ভাবা হচ্ছে চার বছর ভারতীয় উপমহাদেশে কোনো টেস্ট না খেলার অভিজ্ঞতাকে। ২০০৪ সালের অক্টোবরে বাংলাদেশ সফরের পর আর এই অঞ্চলে তাদের টেস্ট না খেলার প্রসঙ্গটা উঠতেই জেমি সিডন্স বলে ফেললেন, "ইট ক্যান বি ডেঞ্জারাস ফর দেম অ্যান্ড গুড ফর আস।" যদিও হাবে-ভাবে ভেট্টোরি বোঝাতে চাইলেন যে এটা কোনো বিষয়ই নয়, "গত চার বছরে এই উপমহাদেশে আমরা কোনো টেস্ট খেলিনি ঠিকই। তবে প্রচুর ওয়ানডে খেলেছি। এটা নিয়ে আমরা কোনো দুঃশ্চিন্তাই করছি না।" এই কথার সূত্র ধরেই তো কিউই অধিনায়ক শুনিয়ে দিতে ছাড়লেন না, "আমরা যদি সামর্থ্যরে পঞ্চাশ ভাগ দিয়েও খেলতে পারি তাহলে টেস্ট সিরিজ জিততে কোনো সমস্যা হওয়ার কথা নয় আমাদের।"
তার দলের বেশিরভাগ ক্রিকেটারেরই এখনো দশটার বেশি টেস্ট খেলা হয়নি। ব্যাটিংয়েই অভিজ্ঞতার অভাবের কথা নিজে থেকে বললেনও। কিন্তু পারফরম্যান্সে এর প্রভাব পড়বে বলে কিছুতেই মানতে চাইলেন না। চার বছর আগে উপমহাদেশে নিজেদের শেষ টেস্টটা এই চট্টগ্রামেই খেলে গিয়েছিল কিউইরা। ওই টেস্টে ১২ উইকেট পাওয়া ভেট্টোরি এবারো চট্টগ্রামে সাফল্য দেখছেন, "আমাদের স্পিন ডিপার্টমেন্টটা যথেষ্ট পরিপূর্ণ। উইকেট স্লো-ই হবে যদি খেলাটা হয় তৃতীয় ওয়ানডের উইকেটে। খেলা যতো গড়াবে উইকেটও ততো ভাঙ্গতে শুরু করবে বলে মনে হয়।"
তার মানে স্পিনারদের সাফল্যের সম্ভাবনা। সেই সম্ভাবনাকে মাথায় রেখে দু'দলের রণকৌশলই স্পিনে কেন্দ্রীভূত। বৃহষ্পতিবার দু'দলই তাদের প্রথম একাদশ ঘোষণা করে দেওয়ার পর সেটা আরো বোঝা গেছে। কিউইদের একাদশে বাঁ হাতি ভেট্টোরির সঙ্গে আছেন অফস্পিনার জিতান প্যাটেল। বাংলাদেশ দলে স্পেশালিস্ট স্পিনার মাত্র একজনই, আব্দুর রাজ্জাক। সাকিব আল হাসানের পরিচিতি আগে ব্যাটসম্যান। কিন্তু এই ম্যাচে তার ভূমিকাটাও রাজ্জাকের মতোই। অর্থাৎ স্পেশালিস্ট স্পিনার। বিষয়টি আরো পরিষ্কার হয়ে গেল যখন কোচ জেমি সিডন্স জানিয়ে দিলেন ব্যাটিং অর্ডার। সেখানে সাকিবের স্থান আট নাম্বারে।
সাকিবের জন্য অবশ্য এটি নতুন কিছু নয়। ওয়েলিংটনে দু'দলের সর্বশেষ টেস্টেও তিনি এই ভূমিকাতেই নেমেছিলেন। দুটো উইকেটের পাশাপাশি দ্বিতীয় ইনিংসে দলের হয়ে সর্বোচ্চ ৪১ রানও করেছেন সাকিব। ওয়েলিংটনে তাকে লড়তে হয়েছে বাতাসের সঙ্গে। কিন্তু এখানে সেই সম্ভাবনা শুন্য। স্পিনারদের স্বর্গ বলতে যা বোঝায় সেরকম একটি উইকেটই তৈরি করতে বলা হয়েছিল কিউরেটরকে। তাতে যদি তিনি সফল হন, সাকিবেরও সফল না হওয়ার কোনো কারণ নেই। আইসিসির র্যাঙ্কিং জানাচ্ছে মাত্র একদিন আগেই তিনি আনুষ্ঠানিকভাবে হয়ে গেছেন বাংলাদেশের এক নাম্বার স্পিনার।
রাজ্জাক আর সাকিবের সঙ্গে হাত ঘুরানোর জন্য আছেন আরো দুজন। নিউজিল্যান্ডের জেস রাইডারের পাশাপাশি এদেরই একজন নাঈম ইসলামের টেস্ট অভিষেক হচ্ছে এই ম্যাচে। অন্যজনের অভিষেক হয়েছে আরো অনেক আগেই। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে গত বছর অভিষেকের পর এই প্রথম আরেকটি সুযোগ পাচ্ছেন মেহরাব হোসেন জুনিয়র। নাঈম আর মেহরাবের কারণে একাদশে ঢুকতে পারেননি দুই পেসার সৈয়দ রাসেল ও মাহবুবুল আলম রবীনের কেউই।
বাংলাদেশের প্রথম একাদশ : তামিম ইকবাল, জুনায়েদ সিদ্দিকী, রাজিন সালেহ, মোহাম্মদ আশরাফুল, মেহরাব হোসেন জুনিয়র, মুশফিকুর রহিম, নাঈম ইসলাম, সাকিব আল হাসান, আব্দুর রাজ্জাক, শাহাদাত হোসেন এবং মাশরাফি বিন মর্তুজা।
নিউজিল্যান্ডের প্রথম একাদশ : জেমি হাউ, অ্যারন রেডমন্ড, জেস রাইডার, রস টেলর, ব্রেন্ডন ম্যাককালাম, ডেনিয়েল ফ্লিন, জ্যাকব ওরাম, ডেনিয়েল ভেট্টোরি, কাইল মিলস, জিতান প্যাটেল এবং ইয়ান ও'ব্রায়েন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৯৩০ঘ.
bdnews24