মোহালি, ১৫ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ব্যাঙ্গালোর টেস্ট একদমই ভালো কাটেনি অনিল কুম্বলের। দুই ইনিংস মিলিয়ে ৫১ ওভার বল করেও কোনো উইকেট পাননি। কাঁধের ব্যথাও ভালোই যন্ত্রণা দিয়েছে ভারতের টেস্ট অধিনায়ককে। অস্ট্রেলিয়ার সঙ্গে শুক্রবার থেকে মোহালিতে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে তাই কুম্বলেকে নিয়ে বেশ দুশ্চিন্তায় ভারত।
কুম্বলে নিজে অবশ্য তাকে নিয়ে জন্ম নেয়া কোনো ধরনের সংশয়কে পাত্তা দিতে রাজি নন। তার দৃঢ় বিশ্বাস মোহালির বাউন্সি উইকেটে তিনি অবশ্যই জ্বলে উঠতে পারবেন। ম্যাচ শুরু হওয়ার আগে পুরোপুরি ফিট হয়ে ওঠার ব্যাপারেও তিনি আশাবাদী। বুধবার ভারতের বিখ্যাত দৈনিক 'হিন্দুস্তান টাইমস'-এ লেখা কলামে ব্যাঙ্গালোরে অনুজ্জ্বল পারফরম্যান্সের কথা স্বীকার করে নিয়ে কুম্বলে লিখেছেন, "খেলোয়াড় হিসাবে নিঃসন্দেহে আমার ম্যাচটা ভালো কাটেনি। প্রায় ১৩০ টেস্ট খেলে তৃতীয় বারের মতো ১০০-র ওপরে রান দিয়েও কোনো উইকেট পাইনি। তারপরেও বলছি, বর্তমান ক্রিকেটারদের মধ্যে একমাত্র আমারই অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০০-র বেশি টেস্ট উইকেট আছে।"
কথাটা সত্যি। ১৩১ টেস্টে ৬১৬ উইকেট নেয়া কুম্বলে ব্যাঙ্গালোরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৯তম টেস্ট খেললেন। এই ১৯ টেস্টে তার শিকার ১০৮টি উইকেট।
নিজের ক্ষমতার ওপরে বিশ্বাসের পাশাপাশি কুম্বলে এখন ভারতের মিডিয়ার ওপরে ভীষণ ক্ষুব্ধ। সৌরভ গাঙ্গুলী অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজশেষে অবসরের ঘোষণা দেয়ার পর থেকেই ভারতীয় মিডিয়ায় জল্পনা, কুম্বলেও হয়তো এমন ঘোষণা খুব শিগগিরি দিতে যাচ্ছেন। কিন্তু এই মুহূর্তে অবসরের কোনো ভাবনাই উঁকি দিচ্ছে না মুরালি-ওয়ার্নের পর টেস্ট ক্রিকেটের তৃতীয় সর্বোচ্চ উইকেট-শিকারীর মনে। ভারতের অনেক জয়ের নায়কের মনযোগ বরং মোহালিতে ভালো পারফর্ম করার দিকেই নিবদ্ধ, "(আমার কাছ থেকে এখনো অবসরের ঘোষণা না পেয়ে) যারা বিস্মিত তাদেরকে জানাচ্ছি যে আমি খুব ভালো বোধ করছি। আশা করি প্রথম টেস্টে পাওয়া কাঁধের ইনজুরিও থেকেও দ্বিতীয় টেস্টের আগে সেরে উঠতে পারবো।"
ব্যাঙ্গালোরে প্রথম ইনিংসে ৪০ ওভার বল করার পর ইনজুরিটা হানা দিয়েছিল তার শরীরে। দ্বিতীয় ইনিংসে তাই ৮ ওভারের বেশি বল করতে পারেননি শুক্রবার ৩৮ বছর পূর্ণ করতে যাওয়া কুম্বলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৬০৫ঘ.
bdnews24