২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'দুঃখিত' আশরাফুল নিজেকেই দাঁড় করাচ্ছেন কাঠগড়ায়

এই শটটা খেলায় এমনই পারদর্শী হয়ে উঠেছিলেন যে আন্তর্জাতিক ক্রিকেটে 'স্কুপ প্যাডেল'এর নামকরণই হয়ে গিয়েছিল তার নামে। অন্য কেউ এই শটটা খেললেই ধারাভাষ্যকাররা সমস্বরে বলে উঠতেন 'আশরাফুলস শট'। অথচ এই শট খেলতে গিয়েই সিরিজের ভাগ্য নির্ধারণী ম্যাচে নিজের তো বটেই দলেরও বিপদ ডেকে আনলেন বাংলাদেশ অধিনায়ক। এজন্য নিজেকেই কাঠগড়ায় দাঁড় করিয়ে আশরাফুল দুঃখপ্রকাশও করলেন, "শটটা খুব বাজে খেলেছি। এজন্য আমি দুঃখিত।" চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ক্রীড়া প্রতিবেদক মাসুদ পারভেজ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2008, 02:31 PM

Updated : 26 Aug 2022, 02:30 PM

চট্টগ্রাম, ১৪ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- এই শটটা খেলায় এমনই পারদর্শী হয়ে উঠেছিলেন যে আন্তর্জাতিক ক্রিকেটে 'স্কুপ প্যাডেল'এর নামকরণই হয়ে গিয়েছিল তার নামে। অন্য কেউ এই শটটা খেললেই ধারাভাষ্যকাররা সমস্বরে বলে উঠতেন 'আশরাফুলস শট'। অথচ এই শট খেলতে গিয়েই সিরিজের ভাগ্য নির্ধারণী ম্যাচে নিজের তো বটেই দলেরও বিপদ ডেকে আনলেন বাংলাদেশ অধিনায়ক। এজন্য নিজেকেই কাঠগড়ায় দাঁড় করিয়ে আশরাফুল দুঃখপ্রকাশও করলেন, "শটটা খুব বাজে খেলেছি। এজন্য আমি দুঃখিত।" চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ক্রীড়া প্রতিবেদক মাসুদ পারভেজ চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমীন স্টেডিয়ামে শেষ ম্যাচটাতে জিতলেই বড় কোনো দলের বিপক্ষে প্রথম সিরিজ জয়ের ইতিহাস গড়া হয়ে যেত। আর জাতিকে আনন্দ যমুনায় ভাসানোর জন্য নিজেদের 'বেস্ট ক্রিকেট' খেলার প্রতিশ্র"তি দেওয়ার পরও এমন ব্যাটিং ব্যর্থতায় দলের ভরাডুবি ঘটল। ইতিহাস বলে ইতিহাস গড়ার উপলক্ষ এলে বাংলাদেশ দলের একটা না একটা গোলমাল হয়ই। এর আগেও এমন গোলমালে ইতিহাসের চৌকাঠ থেকে ফিরে আসতে হয়েছে দু'বার। দু'বারই দেশের মাটিতে। প্রথমবার এমন সুযোগ এসেছিল ২০০৪ সালের ২৭ ডিসেম্বর। ১-১ এর সমতা নিয়ে ভারতের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচের প্রথমার্ধেই অবশ্য ইতিহাস গড়ার সব সম্ভাবনার যবনিকা একইসঙ্গে শেষ করে দিয়েছিলেন ভারতীয় দলের ব্যাটসম্যান এবং বাংলাদেশের বোলাররা। ভারত যে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটেই তুলে ফেলেছিল ৩৪৮ রান! এই বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমীন স্টেডিয়ামেই বোলাররা আরেকবার ডুবিয়েছেন ২০০৬ এর ২৫ ফেব্র"য়ারি। সিরিজ ফয়সালার ম্যাচে শ্রীলঙ্কা আগে ব্যাট করে ৭ উইকেটে ৩০৯ রান তুলে শেষ করে দিয়েছিল সব। এবার অবশ্য কাঠগড়ায় বোলারদের দাঁড় করানোর কোনো কারণ নেই। এই উইকেটে তারা যে কাজ করেছেন সেটা বেশ কৃতিত্বপূর্ণ বলে বাহবা দিচ্ছেন স্বয়ং অধিনায়ক আশরাফুলই, "গত বেশ কয়েকটা ম্যাচে আমরা দুটো ডিপার্টমেন্টে ভালো করছি। বিশেষ করে বোলিং এবং ফিল্ডিংয়ে। আজকেও বোলাররা খুবই ভালো বোলিং করেছে। এধরনের উইকেটে প্রতিপক্ষকে ২৪৯ রানে আটকে রাখাটা খুবই কৃতিত্বের।" তাদের জন্য যতোটা প্রশংসা বরাদ্দ করলেন তার চেয়েও বেশি সমালোচনা সহ্য করার প্রস্তুতি নিয়েই সংবাদ সম্মেলনে এসেছিলেন আশরাফুল। তার পাশে বসে কোচ জেমি সিডন্সও দুষলেন ব্যাটসম্যানদের। অধিনায়ক অসময়ে 'স্কুপ প্যাডেল' খেলতে গিয়ে আউট হওয়ার পর তার চরম হতাশা অবশ্য আরো আগেই ধরা পড়েছে টেলিভিশনের ক্যামেরায়। গত দুই ম্যাচের ব্যাটিং পারফরম্যান্সকে তিনি বলছেন, "সত্যিকারের বাজে ব্যাটিং পারফরম্যান্স।" শেষ ম্যাচের ব্যাটিংকে তার হাস্যকরও মনে হয়েছে, "১ উইকেটে ৪৯ রানকে ভালো অবস্থাই বলা যায়। কিন্তু সেখান থেকে ৫৯ রানে যেতেই ৫ উইকেট হারানোটা হাস্যকর। এরকম ব্যাটিং কিছুতেই গ্রহণযোগ্য নয়।" সাকিব আল হাসান যেমন উইকেটে গিয়েই একাধিকবার সুইপ শট খেলার ব্যর্থ চেষ্টা করলেন। ক্রিকেটে এমনিতেই উইকেটে সেট হওয়ার আগে এই শটকে ঝুকিপূর্ণ বলে ধরা হয়। অথচ বারবার ব্যর্থ হয়েও তিনি বোধহয় সফল হওয়ার পণ করেছিলেন। কিন্তু বাঁ হাতি এই ব্যাটসম্যানের মৃত্যু ডেকে আনলো ওই শটই। অফস্পিনার জিতান প্যাটেলকে সুইপ করে ধরা পড়লেন ডিপ মিডউইকেটে। এজন্য আশরাফুল নিজের পাশাপাশি সাকিবকেও দাঁড় করাচ্ছেন কাঠগড়ায়, "আজকের ম্যাচে সাকিব ও আমার শট সিলেকশন খুব খারাপ হয়েছে। ভীষণ বাজে সময়ে আমরা ওই শট খেলেছি।" তবে নিজের কাঁধেই দায়টা অধিনায়ক বেশি নিচ্ছেন বোধহয় একারণেই যে বাংলাদেশের প্রায় সব বড় জয়েই তার ব্যাট কথা বলেছে। এই ম্যাচেও তেমন কিছু করে ইতিহাস গড়তে পারলে আলোচনায় চলে আসতো ২০০৫ সালে কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই মহাকাব্যিক জয়টাও। ওই ম্যাচের অস্ট্রেলিয়ার মতো মঙ্গলবার নিউজিল্যান্ডও তুলেছে ঠিক ২৪৯ রান। এতো রান তাড়া করে বাংলাদেশের জেতার ঘটনা একবারই রচিত হয়েছে আশরাফুলের ব্যাটে। সুতরাং আশরাফুল তো বলবেনই, "আমার ওই শটেই আসলে ম্যাচটা আমাদের হাত থেকে চলে গেছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০২৫ঘ.