ঢাকা, ১৩ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গতবারের চ্যাম্পিয়ন খুলনা শুরু করেছে জয় দিয়ে, কিন্তু রানার্স আপ রাজশাহীর শুরুটা মোটেই সে রকম হয়নি। রোববার শেষ দিনে ফরহাদ হোসেনের হাফসেঞ্চুরিতে ইস্পাহানি মির্জাপুর চা জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচে বরিশালের বিপক্ষে কোনো রকমে ড্র করতে পেরেছে তারা। নারায়ণগঞ্জের ওসমানী স্টেডিয়ামে ঢাকা ও চট্টগ্রামের মধ্যে প্রথম রাউন্ডের অন্য ম্যাচটিও হয়েছে ড্র।
রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে আগের দিনের ৪ উইকেটে ১৪৯ রান নিয়ে খেলতে নেমে বরিশাল তাদের দ্বিতীয় ইনিংসে অলআউট হয়ে গেছে ২০৪ রান তুলে। বল হাতে ৭৪ রানে ৪ উইকেট নিয়ে সকালের সেশনেও রাজশাহীর নায়ক ছিলেন ফরহাদই। এছাড়া সোহরাওয়ার্দী শুভ নিয়েছেন ৪৫ রানে ৩ উইকেট। জয়ের জন্য প্রায় দুই সেশনে ২৬৩ রান তোলার লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামা রাজশাহীকে বিপদে ফেলে দিয়েছিলেন তারিকুল ইসলাম, প্রথম তিন ব্যাটসম্যান শাকিল হায়দার (২০), জহুরুল ইসলাম (১৪) আর আনিসুর রহমানকে (১৩) ফিরিয়ে দিয়েছেন বরিশালের এই পেসার। কিন্তু এরপর মুশফিকুর রহমানকে (২৩ অপ.) সঙ্গে নিয়ে চতুর্থ উইকেটে ৭৬ রানের জুটি গড়ে রাজশাহীকে মূল্যবান দুটি পয়েন্ট এনে দিয়েছেন ফরহাদ (অপ. ৫৬)। প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে বরিশাল পেয়েছে চার পয়েন্ট।
ওসমানী স্টেডিয়ামে ঢাকা-চট্টগ্রাম ম্যাচটি ড্র হওয়া এক রকম অবধারিতই ছিল, কারণ বৃষ্টির কারণে এই ম্যাচে প্রথম দুদিন খেলা হতে পারেনি। রোববার শেষদিনে চট্টগ্রাম তাদের প্রথম ইনিংস শুরু করেছে বিনা উইকেটে ৪৮ রান নিয়ে। তারিক আহমেদ রুবেনের ৭৩ রানের ইনিংসের সুবাদে মাত্র ২ রানের লিড পেয়েছে সফরকারীরা
bdnews24