২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিজ জয়ের রঙ দিয়ে শততম ম্যাচ রঙিন করার স্বপ্ন

এটা বাংলাদেশে শততম ম্যাচ, জানেন? শুনে মোহাম্মদ আশরাফুল মনে করলেন প্রশ্নকর্তারই ভুল,"আরে বলছেন কী? আমাদের ১০০-তম ম্যাচে না আমরা ভারতকে হারালাম।" ২০০৪ সালের ২৬ ডিসেম্বর ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে 'ভারত বধ' করে ওয়ানডে ক্রিকেটে নিজেদের শততম ম্যাচের উপলক্ষ স্মরণীয়ই করে রেখেছে বাংলাদেশ। তবে মঙ্গলবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমীন স্টেডিয়ামে বাংলাদেশ-নিউজিল্যান্ডের সিরিজ নির্ধারণী ম্যাচটি আসলে বাংলাদেশের মাটিতে হতে যাওয়া ১০০-তম একদিনের আন্তর্জাতিক ম্যাচ। যে ম্যাচটি বাংলাদেশকে দিচ্ছে ইতিহাস গড়ার হাতছানিও। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ক্রীড়া প্রতিবেদক মাসুদ পারভেজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2008, 02:32 PM

Updated : 26 Aug 2022, 02:30 PM

চট্টগ্রাম, ১৩ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- এটা বাংলাদেশে শততম ম্যাচ, জানেন? শুনে মোহাম্মদ আশরাফুল মনে করলেন প্রশ্নকর্তারই ভুল,"আরে বলছেন কী? আমাদের ১০০-তম ম্যাচে না আমরা ভারতকে হারালাম।" ২০০৪ সালের ২৬ ডিসেম্বর ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে 'ভারত বধ' করে ওয়ানডে ক্রিকেটে নিজেদের শততম ম্যাচের উপলক্ষ স্মরণীয়ই করে রেখেছে বাংলাদেশ। তবে মঙ্গলবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমীন স্টেডিয়ামে বাংলাদেশ-নিউজিল্যান্ডের সিরিজ নির্ধারণী ম্যাচটি আসলে বাংলাদেশের মাটিতে হতে যাওয়া ১০০-তম একদিনের আন্তর্জাতিক ম্যাচ। যে ম্যাচটি বাংলাদেশকে দিচ্ছে ইতিহাস গড়ার হাতছানিও। বড় কোনো দলের বিপক্ষে প্রথম সিরিজ জয়ের হাতছানি। এরসঙ্গে দেশের মাঠে শততম ওয়ানডে ম্যাচের উপলক্ষ মিলেমিশে একাকার। তার ভুলটা ভাঙ্গিয়ে দেওয়ার পর ইতিহাস গড়ার স্বপ্নে আরো বেশি রোমাঞ্চিত মনে হল বাংলাদেশ অধিনায়ককে। আগের ম্যাচেই সেটি গড়তে না পারার হতাশা প্রকাশ করে কোচ জেমি সিডন্স বললেন, "গত ম্যাচেই দারুণ একটা সুযোগ নষ্ট করেছি আমরা। এজন্য কিছুটা হতাশা তো ছিলই। তবে এখন আরেকটা সুযোগ। ১-১ এর সমতা নিয়ে সিরিজের শেষ ম্যাচ খেলতে নামার অনুভূতি বলে বোঝানোর নয়। ছেলেরা তো বটেই, লোকজনও দারুণ রোমাঞ্চিত। আমি নিজেও তো তাই।" সিরিজ জেতার জন্য আশরাফুল সবচেয়ে বেশি মনোবল পাচ্ছেন গত তিনটা ম্যাচ থেকে, "গত তিনটা ম্যাচ আমাকে খুব ভরসা দিচ্ছে। এর আগে এশিয়া কাপেও একটা ম্যাচে আমাদের জেতার সুযোগ ছিল, ভারতের সঙ্গে। অস্ট্রেলিয়াতে একটা ম্যাচ, এখানে দুইটা ম্যাচও ভালো গেল।" শেষ ম্যাচটায়ও বাংলাদেশ ভালো করবে বলে নিঃসন্দেহ ব্রেন্ডন ম্যাককালাম। সোমবার দুপুরে অনুশীলনের আগে কড়া রোদে দাঁড়িয়ে নিউজিল্যান্ড দলের সহ-অধিনায়ক সংবাদমাধ্যমকে বললেন সেকথাই, "গত ম্যাচ জিতে সিরিজে সমতায় ফিরতে আমাদের লড়তে হয়েছে খুব। ওই জয় আমাদেরও সিরিজ জয়ের সুযোগ করে দিয়েছে। তবে আমরা যদি জিতিও সেটা কষ্টার্জিত জয়ই হবে।" প্রতিপক্ষের অসীম শ্রদ্ধা আদায় করে নেওয়া পারফরম্যান্সের পরও মাশরাফি বিন মর্তুজা মনে করেন, আগের ম্যাচের তুলনায় এই ম্যাচটা আরো কঠিন হবে বাংলাদেশের জন্য, "সহজ সুযোগটা আমরা ঢাকাতেই হারিয়ে এসেছি। এখন ওরা আরো বেশি প্রস্তুত হয়ে নামবে।" সিরিজে এগিয়ে যাওয়ার পর আশরাফুলও বলেছিলেন একই কথা। দ্বিতীয় ম্যাচে কিউইরা যে লাইন ও লেন্থে বল করে বাংলাদেশের ব্যাটসম্যানদের রান করতে দিলেন না, তা নিয়ে এদিনও মুগ্ধতা ঝরলো আশরাফুলের কন্ঠে। তাই বলে নিজেদের সেরা খেলাটা খেলে সিরিজ জেতার স্বপ্নে সেটা বাঁধা হতে পারছে না কিছুতেই, "দলের সবার মধ্যে এই বিশ্বাসটা আছে যে বেস্ট ক্রিকেট খেললে আমরা সিরিজ জিততে পারবো।" তার চোখে এখন 'বেস্ট ক্রিকেট' মানেই ব্যাটিংটা খুব ভালো করা এবং আগের ম্যাচের দারুণ বোলিং-ফিল্ডিং অব্যাহত রেখে পাওয়া সুযোগগুলো কাজে লাগানো। বোঝা যাচ্ছে ২৬ রানে জীবন ফিরে পাওয়া জ্যাকব ওরামের ওই ম্যাচে শেষপর্যন্ত অপরাজিত ৭৫ রানের ইনিংসটা এখনো আশরাফুলদের রক্তক্ষরণের কারণ হয়ে আছে। এবার এমন সুযোগ আসলে কাজে লাগানোর লক্ষ্যে বাংলাদেশ বোধহয় আগের ম্যাচের একাদশই নামাচ্ছে। এদিন ঘোষিত ১২ জনের ইমরুল কায়েসও আছেন তবে এমন একটা গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে অভিষেক করিয়ে দেওয়ার ঝুঁকিও খুব সম্ভবত বাংলাদেশ দল নিচ্ছে না। আর সিডন্স পেসার শাহাদাত হোসেন (দুই ম্যাচেই অধিনায়ক তাকে দিয়ে বোলিং কোটা পূরণ করেননি) এবং স্পিনিং অলরাউন্ডার মাহমুুদুল্লাহ রিয়াদকে (দ্বিতীয় ম্যাচে বলই করেননি) একাদশে রাখার পক্ষে যতো যুক্তি দিলেন, তাতে ইমরুলের এদের কারো জায়গায় ঢুকে পড়া কঠিন। সিরিজ নির্ধারণী ম্যাচের চাপ বলে কথা! তবে বাংলাদেশ দলও এই ম্যাচকে সামনে রেখে অযথা চাপ নিতে চাইছে না। তাই ফেভারিট কে, প্রশ্নে আশরাফুল সরাসরি বলে দিলেন, "আমি শুধু বুঝি তিনটা ডিপার্টমেন্টেই ভালো করতে হবে। নিজেদের ফেভারিট ভেবে প্রেশার নিয়ে তো লাভ নেই।" সিডন্সের উত্তর অবশ্য আরো সোজাসাপ্টা, "যারাই স্কোরবোর্ডে অনেক রান জমা করবে তারাই ফেভারিট। আমরা যদি আগে ব্যাট করার সুযোগ পেয়ে বড় স্কোর গড়ি তাহলে আমাদের বেশ ভালো সুযোগ আছে। আমার মনে হয় এই উইকেটে পড়ে স্পিন ধরবে।" স্পিনারদের আগে তো ভালো শুরু করতে হবে পেসারদেরই। এক্ষেত্রে মাশরাফি বিন মর্তুজার দিকেই বেশি তাকিয়ে থাকবে বাংলাদেশ। বাংলাদেশের মাটিতে শততম ম্যাচটার কথা তাকে জানাতেই মাতলেন রসিকতায়, "ধুর কেন যে এসব মনে করিয়ে দেন। মনে করিয়ে দিলেই আর কিছূ হয় না। ভারতের বিপক্ষে ম্যাচটা যে আমাদের শততম ম্যাচ ছিল, তা জেনেছিলাম খেলার পরে। তার আগে...।" তার আগে ২০০৪ সালে ভারতের বিপক্ষে বাংলাদেশের ১৫ রানে জয়ের নায়কও ছিলেন মাশরাফি। যেদিন সুনামির তান্ডবে বহু প্রাণহানির দুঃখের মাঝেও বাংলাদেশে এসেছিল আনন্দের দিন। মঙ্গলবারও সেরকম আরেকটি দিন আসবে? বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০২০ঘ