করাচি, ১২ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তার দায়িত্ব নেয়ার খুব বেশি দিন হয়নি। মাত্র গত সপ্তাহে পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পিসিবি'র চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন এজাজ বাট। আর দায়িত্ব নিয়েই জানিয়ে দিয়েছেন পাকিস্তান দলের অস্ট্রেলীয় কোচ জিওফ লসনের ওপরে তিনি মোটেও সন্তুষ্ট নন। এজাজ বাট বরং জাতীয় দলের জন্য কোনো বিদেশীর বদলে দেশী কোচ রাখারই পক্ষে।
গত বছরের আগস্টে দু বছরের জন্য চুক্তিবদ্ধ হওয়া লসনের অধীনে পাকিস্তানের সেরা সাফল্য ঢাকায় অনুষ্ঠিত ত্রিদেশীয় কিটপ্লাই কাপে চ্যাম্পিয়ন ও টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপে রানার্সআপ হওয়া। গত এক বছরে মাত্র তিনটি টেস্ট খেলার সুযোগ পেয়েছে তারা। ভারত সফরের সেই তিন ম্যাচের একটিতে তারা হেরেছিল আর বাকি দুটোতে করেছিল ড্র। সর্বশেষ ১২ মাসে ২৮টি ওয়ানডেতে শোয়েব মালিকের দল জয় পেয়েছে ১৯টিতে, আর হেরেছে বাকি ৯ ম্যাচে। অবশ্য এই ১৯ জয়ের ৭টি বাংলাদেশ, ৫টি জিম্বাবুয়ে ও একটি হংকংয়ের বিপক্ষে। এমনকি স্বদেশে আয়োজিত এশিয়া কাপেরও ফাইনালে উঠতে পারেনি পাকিস্তান।
দলের এমন পারফরম্যান্সে ভীষণ ক্ষুব্ধ, বিরক্ত এজাজ বাট। শনিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিরক্তিটা চেপে রাখতে পারেননি পিসিবি'র নতুন চেয়ারম্যান, "আমি তো দলের মধ্যে কোনো উন্নতি দেখতে পাচ্ছি না। আমি অবশ্যই কোচ, দলের কর্মকর্তা ও খেলোয়াড়দের পারফরম্যান্স পর্যালোচনা করবো।" সেই সঙ্গে লসনকে প্রচ্ছন্ন হুমকি দিয়ে স্বদেশী কোচ রাখার পক্ষে তার যুক্তি, "পাকিস্তানের হয়ে খেলেছে এমন এক জনকেই আমি (কোচ হিসাবে) দেখতে চাই। তবে আমরা ঘটনাপ্রবাহের দিকেও লক্ষ্য রাখবো। আমাদের অনেক ভালো-ভালো ক্রিকেটার রয়েছে। তাদের মধ্যে কাউকে আমরা সুযোগ দিতেই পারি।"
লসন অবশ্য এই হুমকিতে ভীত নন। এই মুহূর্তে একটি টোয়েন্টি টোয়েন্টি টুর্নামেন্টের জন্য দল নিয়ে কানাডার টরন্টোতে থাকা অস্ট্রেলিয়ার সাবেক পেসার পদত্যাগের সম্ভাবনা উড়িয়ে দিয়ে বলেছেন, "কেন আমি সরে দাঁড়াবো? আমি বোর্ডের সঙ্গে চুক্তির মেয়াদ পূর্ণ করতে চাই। দলের মধ্যে উন্নতি নিয়ে আসার জন্যই তো এখানে এসেছি। আর তাই আমি দায়িত্ব চালিয়ে যেতে চাই। আমি একজন পেশাদার কোচ। বোর্ডের পরিবর্তন নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই। সময় এলেই নিজের কাজের বিবরণ আমি (পিসিবি'র) চেয়ারম্যানকে দিয়ে দেবো।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২০৪১ঘ.
bdnews24