২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিএল-এ ঢাকা ওয়ারিয়র্সের হতাশাজনক সূচনা

আইসিএল-এ ঢাকা ওয়ারিয়র্সের সূচনা মোটেও ভালো হয়নি। শনিবার হায়দ্রাবাদের লালবাহাদুর শাস্ত্রী স্টেডিয়ামে তারা ৬ উইকেটে হেরে গেছে চেন্নাই সুপার স্টারসের কাছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2008, 04:29 PM

Updated : 26 Aug 2022, 02:29 PM

হায়দ্রাবাদ, ভারত, ১১ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইসিএল-এ ঢাকা ওয়ারিয়র্সের সূচনা মোটেও ভালো হয়নি। শনিবার হায়দ্রাবাদের লালবাহাদুর শাস্ত্রী স্টেডিয়ামে তারা ৬ উইকেটে হেরে গেছে চেন্নাই সুপার স্টারসের কাছে। টস জিতে ব্যাট করতে নামা ঢাকা ওয়ারিয়র্সকে দারুণ সূচনা এনে দেন শাহরিয়ার নাফীস। তবে ইনিংসের দ্বিতীয় বলে বাউন্ডারি মেরে বড় কিছুর ইঙ্গিত দিলেও বেশি দূর যেতে পারেননি তিনি। ১৩ বলে ১৮ রান করে আউট হয়ে যান এক সময়ে বাংলাদেশ দলের নির্ভরযোগ্য ওপেনার। অন্য ওপেনার নাজিমুদ্দিন করেছেন ২১ বলে ২০ রান। আফতাব অবশ্য ব্যাট করেছেন স্বভাবসুলভ আক্রমণাত্মক ঢংয়ে। দুই ছক্কা ও তিন চারে ২৩ বলে ৩০ রান করে সতীর্থদের উন্মাতাল করে তুলেছেন তিনি। কিন্তু ২৪তম বলে বোল্ড হয়ে ফিরে আসতে হয়েছে তাকে। আফতাবের বিদায়ের পরই রানের চাকা শ্লথ হয়ে গেছে ঢাকা ওয়ারিয়র্সের। প্রথম ১০ ওভারে ৮০ রান তুললেও শেষ ১০ ওভারে তাই ৬২-র বেশি তারা যোগ করতে পারেনি। অধিনায়ক হাবিবুল বাশার (৪) ও অলক কাপালির (৩) ব্যর্থতাই তার সবচেয়ে বড় কারণ। ধীমান ঘোষ (অপরাজিত ২১), মোহাম্মদ রফিক (অপরাজিত ১৭) ও ফরহাদ রেজা (১২) অনেক চেষ্টা করেও দলকে ৬ উইকেটে ১৪২ রানের বেশি এনে দিতে পারেননি। দুটো করে উইকেট পেয়েছেন চেন্নাই সুপার স্টারসের কুমারন ও ভিগনেশ। জবাব দিতে নেমে দুই ওপেনার ইয়ান হার্ভি ও ভিগনেশের সৌজন্যে চেন্নাই পেয়েছে দুর্দান্ত সূচনা। দুজনে মাত্র ২০ বলেই দলকে এনে দিয়েছেন ফিফটি। ঢাকা ওয়ারিয়র্সের অধিনায়ক হাবিবুলের কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলে দেয়া জুটিটা ভেঙ্গেছেন মোহাম্মদ রফিক, ১০ বলে ২৫ রান করা ভিগনেশকে বোল্ড করে। ৬১ রানের উদ্বোধনী জুটি ভেঙ্গে যাওয়ার পর হার্ভিও বেশিক্ষণ টিকতে পারেননি। মাত্র ১৩ বলে তিন ছক্কা ও দুই বাউন্ডারিতে ২৮ রান করা হার্ভিকে বোল্ড করেছেন মোশাররফ হোসেন। এরপর জেসুরাজকে (১২) বোল্ড করে চেন্নাই সুপার স্টারসকে ৩ উইকেটে ৭৮ রানে পরিণত করেছেন রফিক। ঢাকা ওয়ারিয়র্স তখন জয়ের ব্যাপারে কিছুটা আশাবাদী হয়ে উঠলেও সেই আশায় জল ঢেলে দিয়েছেন রাসেল আরনল্ড ও হেমন্ত কুমার। দু জনে ধীরে-সুস্থে খেলে ৫৪ রানের জুটি গড়ে ১২ বল হাতে রেখে দলকে এনে দিয়েছেন সহজ এক জয়। ২১ রান করা হেমন্তকে অলক কট বিহাইন্ড করলেও রাসেলকে কেউ আউট করতে পারেননি। রফিককে ছক্কা মেরে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেয়ার সময় ৪২ রানে অপরাজিত ছিলেন শ্রীলঙ্কার সাবেক ব্যাটসম্যান। অন্যপ্রান্তে সতীশ তখন ৫ রানে অপরাজিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২৩১০ঘ.