টরন্টো, ১১ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৩-০-১১-২, প্রায় দশ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা শোয়েব আখতারের বোলিং ফিগার। প্রত্যাবর্তন হিসাবে পারফরম্যান্সটাকে ভালোই বলতে হবে। শোয়েবের এই পারফরম্যান্সের সুবাদে পাকিস্তানও কানাডার টোয়েন্টি টোয়েন্টি টুর্নামেন্টে শুভ সূচনা করেছে। শুক্রবার টুর্নামেন্টের উদ্বোধনী দিনে তারা ৩৫ রানে হারিয়েছে স্বাগতিক কানাডাকে। অন্য ম্যাচে শ্রীলঙ্কা ৫ উইকেটে জিতেছে জিম্বাবুয়ের বিপক্ষে।
কানাডার সঙ্গে সালমান বাটের ৭৪ রানের সুবাদে পাকিস্তান পেয়েছে ৭ উইকেটে ১৩৭ রানের লড়াই করার মতো সংগ্রহ। টোয়েন্টি টোয়েন্টি ক্রিকেটে এটা তেমন বড় কোনো স্কোর না হলেও পাকিস্তানের বোলারদের নিখুঁত লাইন-লেন্থের কারণে লক্ষ্যের ধারে-কাছেও পৌঁছাতে পারেনি কানাডা। পুরো ২০ ওভার ব্যাট করলেও স্বাগতিকদের সংগ্রহ তাই থমকে গেছে ৯ উইকেটে ১০২ রানে। শোয়েব ছাড়াও দুটো করে উইকেট নিয়েছেন সোহেল তানভির ও অধিনায়ক শোয়েব মালিক।
শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে ম্যাচটি বৃষ্টির জন্য নেমে এসেছে ১৭ ওভারে। যে ম্যাচের সবচেয়ে বড় চমক অজন্তা মেন্ডিসের বোলিং। টেস্ট-ওয়ানডের পর টোয়েন্টি টোয়েন্টিতেও অভিষেকে প্রতিভার সাক্ষর রেখেছেন শ্রীলঙ্কার নতুন স্পিন-বিস্ময়। ৪ ওভার বল করে মাত্র ১৭ রানের বিনিময়ে মেন্ডিসের ৪ উইকেট শিকারের জন্যই ৮ উইকেটে ১০৬ রানের বেশি করতে পারেনি জিম্বাবুয়ে। ৪০ রানে অপরাজিত টাটেন্ডা টাইবু জিম্বাবুইয়ানদের সর্বোচ্চ সংগ্রাহক। জবাবে দুই ওপেনার দিলশানের ৩৩ ও উদাওয়াত্তের ২৫ রানের সুবাদে এক ওভার হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে গেছে শ্রীলঙ্কা। ৪ ওভারে মাত্র ৯ রানের বিনিময়ে ২ উইকেট নেয়া রেমন্ড প্রাইস জিম্বাবুয়ের সেরা বোলার।
তথ্যসূত্র : ক্রিকইনফো
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২০৪০ঘ.
bdnews24