২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এখন সিরিজ জেতার স্বপ্নও দেখতে পারছে বাংলাদেশ

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ কিন্তু এক ম্যাচ বাকি থাকতেই সিরিজের নিষ্পত্তি - বাংলাদেশের বিপক্ষেই এতোদিন হয়ে এসেছে এরকম। এবার টেস্ট খেলুড়ে কোনো দেশের বিপক্ষে প্রথমবারের মতো সেরকম কিছু করার সুযোগ বাংলাদেশের সামনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2008, 04:24 PM

Updated : 26 Aug 2022, 02:29 PM

ঢাকা, ১০ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- তিন ম্যাচের ওয়ানডে সিরিজ কিন্তু এক ম্যাচ বাকি থাকতেই সিরিজের নিষ্পত্তি - বাংলাদেশের বিপক্ষেই এতোদিন হয়ে এসেছে এরকম। এবার টেস্ট খেলুড়ে কোনো দেশের বিপক্ষে প্রথমবারের মতো সেরকম কিছু করার সুযোগ বাংলাদেশের সামনে। শনিবার নিউজিল্যান্ডের সঙ্গে ব্র্যাক ব্যাংক সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলতে নামার সময় মোহাম্মদ আশরাফুলদের সামনে থাকবে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয়ের হাতছানি। এই হাতছানিতে বিহবল নন, বাংলাদেশ শিবির বরং এই সুযোগ কাজে লাগানোর জন্যই উন্মুখ হয়ে আছে বেশি। শুক্রবার দলের প্রতিনিধি হয়ে সংবাদমাধ্যমের কাছে এটাই জানিয়ে গেলেন মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশের অনেক বড় জয়ের নায়ক এবং পাশর্^নায়ক বললেন, "সবাই এটা খুব ভালো বুঝতে পারছে যে এমন সুযোগ এর আগে আমরা কখনো পাইনি। সিরিজের প্রথম ম্যাচ কখনো জেতা হয়নি আমাদের (জিম্বাবুয়ের সঙ্গে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ অবশ্য জিতেছে)। এবার সেই সুযোগটা আমাদের সামনে। কাল (শনিবার) জিতলে সিরিজ জয়। আমার মনে হয় দলের সবার মাথায় এটা খুব ভালোভাবেই আছে।" কিন্তু নিউজিল্যান্ডও তো আর বসে থাকবে না। ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের দুই নাম্বার দল হওয়ার স্বপ্নের সমাধি হয়ে গেছে ঠিকই, তবে এটাই আবার তাদের প্রবলভাবে ফিরে আসার জেদ বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ওয়েষ্ট ইন্ডিজ বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের কাছে হারা নিউজিল্যান্ড কিন্তু কড়ায়-গন্ডায় পুষিয়ে নিয়েছিল সব সুপার এইটে। বাংলাদেশকে ১৭৪ রানে অলআউট করে দিয়ে ম্যাচ জিতেছিল ৯ উইকেটে। তারওপর শুক্রবার কিউই ব্যাটসম্যান জেমি হাউ যেভাবে বললেন বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে "আউট স্মার্টেড, আউট ফিল্ডেড, আউট বোল্ড অ্যান্ড আউট ব্যাটেড" করেছে, তাতে তারা সবটুকু জ্বালা জুড়িয়ে নিতে চাইবেই। জেমি হাউ ঘোষণার সুরে বলেও ফেললেন, "আমি নিশ্চিত কাল আমরা অনেক ভালো পারফরম করবো। প্রথম ম্যাচ থেকে আমরা অনেক কিছু শিখেছি। যেটা দ্বিতীয় ম্যাচে কাজে লাগবে খুব।" কিউইদের বাংলাদেশকে উঁড়িয়ে দেওয়ার চেষ্টার কথা মাথায় আছে মাশরাফিরও। বাংলাদেশ দলের সহ-অধিনায়ক এটাকে খুব স্বাভাবিক বলেই মনে করেন, "এটা জানা কথাই যে ওরা একটা ম্যাচ হারার পর কাজটা এখন আমাদের জন্য আরো কঠিন হয়ে যাচ্ছে। আমাদেরও চেষ্টা থাকবে প্রথম ম্যাচের চেয়েও ভালো ব্যাটিং-বোলিং-ফিল্ডিং করার। এই ম্যাচে সবাই জেতার জন্যই নামবে। আর একটা বড় ম্যাচ জেতার পর সবার মানসিক অবস্থাও খুব ভালো আছে।" দুপুরে মিরপুরে অনুশীলনে যাওয়ার আগে হোটেলেও ফুরফুরে মেজাজে পাওয়া গেল ক্রিকেটারদের। জেমি সিডন্স এই সিরিজ শুরুর আগে বলেছিলেন তার দলটাকে খুব একতাবদ্ধ দেখাচ্ছে। বড় ম্যাচ জয়ের পরদিন তারই এক ঝলক দেখা গেল। হোটেল থেকে সদলবলে মোহাম্মদ আশরাফুল জুম্মার নামাজ পড়তে গেলেন। আগেরদিন মাঠেও সম্মিলিত পারফরম্যান্সেই এসেছে জয় এবং দেখা যাচ্ছে সিরিজ জয়ের সম্ভাবনা। এর আগেও এরকম সম্ভাবনার সামনে গিয়ে দাঁড়িয়েছিল বাংলাদেশ। ২০০৪ এর ডিসেম্বরে ভারত এবং ২০০৬ এর ফেব্র"য়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে, দুবারই দেশের মাটিতে। এবং দু'বারই তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচে জিতেছিল বাংলাদেশ (২০০৪ এর জিম্বাবুয়ে সফরে পাঁচ ম্যাচের সিরিজ স্বাগতিকদের বিপক্ষে জিতেই শুরু করেছিল, তবে সেটি প্রথম দুটো ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর তৃতীয় ম্যাচে)। অবশ্য বাংলাদেশের এই সম্ভাবনার সঙ্গে আশঙ্কাও আছে। কারণ বড় ম্যাচ জেতার পর অনেকদিন ঘুমিয়ে থাকে বাংলাদেশ দল। এবার সেই ধারাও পাল্টে দিতে চান বাংলাদেশ দলের মূল স্ট্রাইক বোলার, "আমরা চেষ্টা করবো পারফরম্যান্সের একটা মান ধরে রাখার। যাতে হারলেও প্রতিদ্বন্দ্বিতা গড়ে হারি।" দ্বিতীয় ম্যাচে হারলেও তো সিরিজ জয়ের সুযোগ হারিয়ে যাচ্ছে না। কিন্তু এই ম্যাচ হারা মানে নিজেদের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় লজ্জার মুখোমুখি হওয়া কিউইদের। এই চাপও তো বাংলাদেশের পক্ষেই যাচ্ছে। আর সুবিধাটা নিতে খুব সম্ভবত প্রথম ম্যাচ জেতা একাদশের প্রতিই ভরসা রাখছে বাংলাদেশ। একাদশ ঘোষিত হয়নি, তবে গত ম্যাচের ১২ জনের দলটাই অক্ষুন্ন রাখা হয়েছে। এবং যতটুকু খবর তাতে একাদশও অপরিবর্তিত থাকারই সম্ভাবনা। অধিনায়ক আশরাফুল অবশ্য কিউইরা চাপে আছে কী নেই তা নিয়ে ভাবনার পক্ষপাতী নন। তার কাছে নিজের এবং নিজ দলের ভাবনাটাই আগে। রান পাচ্ছিলেন না, অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠছিল এবং সবশেষে আইসিএল বিতর্কে তার ভূমিকা নিয়ে নানা কথা- পাহাড়সম এই চাপের মধ্যেও অপরাজিত ৬০ রানের ইনিংস খেলতে পারলেন তো নিজের কাজে অখন্ড মনোযোগ থাকাতেই, "অনেক কিছুই আমার নিয়ন্ত্রণে নেই। এই যেমন সমালোচনা বলে-কয়ে আমি থামাতে পারবো না। আমি নিয়ন্ত্রণ আনতে পারি কেবল আমার কাজেই। সবকিছু ভুলে আমি নিজের কাজে মনোযোগ দিতে পেরেছি বলেই ওরকম একটা ইনিংস খেলতে পারলাম।" অধিনায়কের মতো যে যার কাজ ঠিকঠাক মতো করার চিন্তাতে বুঁদ হয়ে গেলে দ্বিতীয় ম্যাচই বাংলাদেশকে দেখাতে পারে আরেকটি 'প্রথম' এর মুখ। সেটি তো জানাই, বড় দলের বিপক্ষে প্রথম সিরিজ জয়ের আনন্দ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২২১৫ঘ.