২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিএল শাপে বর হয়েছে, মানছেন সিডন্সও

আইসিএলে চলে যাওয়া ক্রিকেটারদের মধ্যে ছয়জন আবার জাতীয় দলের। তাদের মধ্যে দু'জন ওপেনারও আছেন। তারা থাকলে জুনায়েদ সিদ্দিকীর কোনোভাবেই খেলা হত না নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে, এমন একটা ম্যাচ উইনিং ইনিংসের সাক্ষীও হত না বাংলাদেশ। তাহলে তো অনেকের আইসিএলে চলে যাওয়ায় লাভই হল বাংলাদেশ দলের, নাকি?

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2008, 04:06 PM

Updated : 26 Aug 2022, 02:29 PM

ঢাকা, ৯ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- আইসিএলে চলে যাওয়া ক্রিকেটারদের মধ্যে ছয়জন আবার জাতীয় দলের। তাদের মধ্যে দু'জন ওপেনারও আছেন। তারা থাকলে জুনায়েদ সিদ্দিকীর কোনোভাবেই খেলা হত না নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে, এমন একটা ম্যাচ উইনিং ইনিংসের সাক্ষীও হত না বাংলাদেশ। তাহলে তো অনেকের আইসিএলে চলে যাওয়ায় লাভই হল বাংলাদেশ দলের, নাকি? সংবাদ সম্মেলনে একাধিকবার এমন প্রশ্নের মুখোমুখি হতে হল জেমি সিডন্সকে। সরাসরি 'হ্যাঁ' না বললেও প্রকারান্তরে বাংলাদেশ দলের কোচ স্বীকারই করে নিলেন যে ক্রিকেটারদের বড় একটা মিছিল আইসিএলে যাওয়ায় উপকৃতই হয়েছে জাতীয় দল। আইসিএল ঝড়ের কোনো ইতিবাচক প্রভাব আজকের পারফরম্যান্সে পড়েছে কিনা জানতে চাওয়া হলে বললেন, "ওরা থাকলে নাঈম সুযোগ পেত না। কিন্তু আজ ও অভিষেকে দারুণ বোলিং করলো। পাশাপাশি আজ দলের সেরা ফিল্ডারও সে-ই। এই দৃষ্টিকোণ থেকে বলতে হলে বলবো, ইতিবাচক প্রভাবই পড়েছে।" জুনায়েদের প্রসঙ্গ তুলতেও তার সায় মিললো। আইসিএলের উদ্দেশে অনেকের প্রস্থান বাংলাদেশের জন্য 'শাপেবর' ; এটা মেনে নিতে আপত্তি নেই সিডন্সেরও, "এটা সত্যি কথা যে ওরা চলে না গেলে জুনায়েদ হয়তো সুযোগই পেত না। এতে ওর জন্য ভালোই হল। ওরা চলে যাওয়ায় সুযোগ পেয়ে দারুণ একটা ইনিংস খেললো। তবে আমি আগেও বলেছি, এখনও বলছি, জুনায়েদ ভীষণ প্রতিভাবান একজন ব্যাটসম্যান।" আর প্রতিভাবান ব্যাটসম্যান ও অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের ব্যাটিংয়েও ভীষণ খুশী তিনি। তার ভাষায়, "আশরাফুলের ইনিংসটা ছিল সত্যিকারের অধিনায়কোচিত ইনিংস। আশরাফুল ও জুনায়েদের মধ্যে যে কেউ একজন শুরুর দিকে আউট হয়ে গেলে আমরা বিপদে পড়ে যেতে পারতাম।" দলকে সেই বিপদে পড়তে না দিয়ে তারা এনে দিয়েছেন সিডন্সের জন্যও দারুণ স্বস্তির এক জয়। কারণ দায়িত্ব নেওয়ার পর প্রায় একবছর পার হয়ে গেলেও কোনো বড় জয় না থাকায় কথা উঠতে শুরু করেছিল তাকে নিয়েও। "আমার জন্য ভীষণ স্বস্তিদায়ক এক জয়" বললেন বটে, তবে এই জয়টা তার শিষ্যদের জন্যই বেশি দরকার ছিল বলে মনে করেন তিনি, "জয়টা আসলে খেলোয়াড়দেও জন্যই বেশি জরুরী ছিল। কারণ ওরাই তো মাঠে থাকে।" এই সিরিজ ৩-০ ব্যবধানে জিতলে ওয়ানডে র‌্যাংকিংয়ে ২ নম্বরে উঠে যেত তারা। সেই লক্ষ্যের কথা বলেওছিলেন ড্যানিয়েল ভেট্টোরি। প্রথম ম্যাচে হেরে গিয়ে সেই স্বপ্ন স্বপ্নই থেকে গেল। তাতে অবশ্যই হতাশ কিউই অধিনায়ক, কিন্তু এই ম্যাচে জয়ের পুরো কৃতিত্ব তিনি দিতে চান বাংলাদেশকেই,''ওরা শুরুতে বোলিং করে আমাদের চাপে ফেলেছে। আজকের দিনে তারা ছিল আমাদের চেয়ে ভালো দল। যোগ্য দল হিসেবেই জিতেছে তারা।'' ২০১ রান করার পরও আশাবাদী ছিলেন না এমন প্রশ্নে তার উত্তরটা হলো,''আসলে বিকালে উইকেট অনেক শুকিয়ে গিয়েছিল। তখন ব্যাট করাটা সকালের তুলনায় অনেক সহজ হয়ে গিয়েছিল।'' বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২২০৫ঘ.