ঢাকা, ৯ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটা সোজা-সাপ্টা সমীরকণ। আইসিএল-কাণ্ড না ঘটলে জুনায়েদ সিদ্দিকী বাংলাদেশ দলে সুযোগ পেতেন না। আর তিনি না খেললে তো বাংলাদেশ জেতে না। কাজেই আইসিএল-ই আসলে বাংলাদেশকে জিতিয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে জয়কে ভিন্ন আঙ্গিকে বিশ্লেষণ করেছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর ক্রীড়া সম্পাদক মোস্তফা মামুন।
এই সমীকরণ সাধারণের। যতটা না ক্রিকেটগত তার চেয়ে বেশি আবেগগত। কিন্তু সাধারণ থেকে অসাধারণের কাছে গিয়ে, আবেগ ছেড়ে যুক্তিতে এসেও মনে হচ্ছে আইসিএল এই ম্যাচে ছিল। আইসিএল বাংলাদেশকে জেতাতে চায়নি, কিন্তু বাংলাদেশ তো আইসিএল-কে হারাতে চেয়েছে।
দিন কয়েক আগের এক ঘরোয়া আড্ডায় বাংলাদেশের ক্রিকেট এবং ক্রিকেটারদের মনস্তত্ব সম্পর্কে ডক্টরেট করে ফেলা একজন প্রায় চ্যালেঞ্জের মতো করে বলছিলেন, বাংলাদেশ নিউজিল্যান্ডের সঙ্গে ভালো করবেই। সাধারণ ধারণার বিপরীত বক্তব্য। কাজেই যুক্তি চাওয়া হলো। যুক্তিটা হলো, বাংলাদেশের খেলোয়াড়দের পিঠ যখন দেয়ালে ঠেকে যায় তখনই বাংলাদেশ ঘুরে দাঁড়ায়। উদাহরণ, '৯৯ বিশ্বকাপ। এর আগে মেরিল কাপে কেনিয়ার কাছে দুই বারের হারে বিশ্বকাপে মান-মর্যাদা সব খোয়ানোর ভয় ছিল। ভয়ের জায়গায় পাকিস্তান জয়। অভিষেক টেস্টের আগে আবার আশংকা। দক্ষিণ আফ্রিকায় ৫১ আর ৫৭-র কীর্তিতে ভারতের বিপক্ষে কী হয় না হয় ভেবে সবাই অস্থির। সেই অস্থিরতার অস্ত গেল আমিনুলের সেঞ্চুরি আর ৪০০ রানের কীর্তিতে। টুকটাক আরও উদাহরণ আছে। এর সবই ঘোষণা করে আশা যখন শূন্যের কোটায় নেমে আসে, ক্রিকেটাররা যখন অস্তিত্বের সংকট বোধ করে তখনই ঘুরে দাঁড়ানোর তাড়নাটা তাদের মনে পৌঁছায়।
আইসিএল-এ যারা গেছেন তাদের মধ্যে এক আফতাব ছাড়া আর কেউই বাংলাদেশ ওয়ানডে দলে অপরিহার্য নয়। কিন্তু হুজুগের কাছে আমাদের যুক্তিবোধ কোনো দিনই খুব একটা সুবিধা করতে পারেনি। কাজেই গেল-গেল রব উঠে গেল। এমনিতেই বিশ্বকাপের পর থেকে যা-তা পারফরম্যান্স, তার উপর আইসিএল-এর ঘটনা যেন বাংলাদেশের কফিনের শেষ পেরেক। নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজটা হবে সমাধির আনুষ্ঠানিকতা। ভেবে দেখলে দুটো জিনিস পাওয়া যাচ্ছে। প্রথমত, এই সিরিজে ভালো করার বিশেষ কোনো আশা মানুষের নেই। আশা নেই মানে ক্রিকেটারদের ওপর চাপ নেই। আবার মানুষের আশা নেই মানে তো ক্রিকেট বা ক্রিকেটাররাও নেই। আজ থেকে দুই দশক আগেও বাংলাদেশে ক্রিকেট খেলা হতো, তখনও একজন অধিনায়ক ছিলেন, কিন্তু বাংলাদেশের কয়জন মানুষ সেই অধিনায়ককে চিনত! মানুষ যে আশা প্রত্যাহার করে নিয়েছে তার ফলটা হয়েছে দ্বিমুখী। চাপটা কমে গেছে, তাই নির্ভার খেলার সুযোগ। আবার অস্তিত্ব হারানোর ভয়ে অন্তর্গত জেদটাও তৈরি হয়েছে। এই দুটো মিলেছে এবং তার সঙ্গে মিলেছে ব্যাট-বলের শক্তিও। আর তাই...
বছর কয়েক আগে শ্রীলঙ্কায় বাংলাদেশ দলের ম্যানেজার হিসেবে গিয়েছিলেন মাহমুদুল হক মানু। বাংলাদেশ ক্রিকেট দলের ম্যানেজার আর সার্কাস দলের কৌতুককারীর মধ্যে খুব তফাত থাকে না সাধারণত। বিদেশে গেলে দলের ক্রিকেটারদের সবচেয়ে বড় বিনোদনের যোগানদাতা সাধারণত তিনিই হয়ে থাকেন। তা মরহুম মানুও সেবার বিনোদনকারী হয়ে গেলেন। কারণ তার দেশপ্রেমের মন্ত্র। 'যখন ব্যাট করতে নামবি তখন মনে রাখবি তোদের সামনে দেশের পতাকা', 'মাঠে যাওয়ার সময় দেশের সব মানুষের চেহারাগুলো মনে করার চেষ্টা করবি', 'মনে করবি তুই একা খেলছিস না তোর সঙ্গে খেলছে এ দেশের লাল-সবুজ প্রকৃতিও'--- টিম মিটিংয়ে আবেগঘন ভাষায় দেশপ্রেমের এসব কথা বলে তিনি সবাইকে প্রায় পাগল করে দিচ্ছিলেন। একজন খেলোয়াড় একদিন মুখ ফসকে বলে ফেলল, 'মানু ভাই, তাহলে তো আমাদের জায়গায় মুক্তিযোদ্ধাদের খেলতে নামালেই হয়।' মানু তাকে কী বলেছিলেন জানা যায়নি, কিন্তু সাংবাদিকদের দেখা হলেই বলতেন, 'হবে না। হবে না। এদের মধ্যে দেশপ্রেম জিনিসটাই নেই। এত বলি তবু একটু জেদও আসে না মনে।' এবং আসলেই যায় না। ক্রিকেটাররা মানুষ, আরেকটু নির্দিষ্ট করে বললে খুবই কমবয়সী কিছু ছেলে, দেশপ্রেমের মন্ত্র মাইকে বাজালেই তারা উত্তেজিত হয়ে যাবে এমন আশা করা যায় না। কিন্তু কাজ হয়। কখন! যখন তারা মনে করে তাদের ক্যারিয়ার, তাদের জীবন, তাদের আয় হুমকির মুখে। তখনই অবচেতনে ঢুকে যায় জেদের বীজ। সেই জেদের বীজটাই কি বৃহস্পতিবার পারফরম্যান্সের চারাগাছ হল!
শেষ পর্যন্ত মানুষ ভীষণ স্বার্থপর প্রাণী। এবং ভীষণ হিসেবীও। নিত্য কি খেলোয়াড়দের মাথায় কিছু হিসেব-নিকেশ ঘুরছিল না! এই সিরিজে যদি আমরা খারাপ করি (যা করার সম্ভাবনাই বেশি ছিল) এবং আইসিএল-এ যাওয়ারা যদি খুব ভালো করে (যা করার সম্ভাবনা যথেষ্টই আছে) তাহলে তো মানুষ আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেবে? তখন আমাদের খ্যাতির রাজত্ব হুড়মুড় করে ধ্বসে পড়বে না! মানুষের আইসিএল-আইসিএল আলোচনা এভাবেও প্রভাবক হয়ে গেছে! বাংলাদেশ যখন জিততে যাচ্ছে তখন প্রেসবক্সে একাধিক রসিকতায় উঠে এল হাবিবুল বাশার, অলক কাপালির নাম। কেউ একজন হাসতে হাসতে বললেন, "হয়তো বাংলাদেশের এই জয় দেখে ওরা এখন প্রার্থনায় বসে গেছে যেন ...।"
রসিকতা সবসময়ই হালকা জিনিস, ধরতে নেই, কিন্তু একাধিক লোক একই ধরনের রসিকতা যখন করে তখন এর পেছনে কিছু কথা থাকে। কথা হলো, বাংলাদেশ জাতীয় দল বনাম আইসিএল-এর দলে একটা লড়াই চলছেই। চলবেও। সেই লড়াইয়ে জেতার তাড়নাটা মানুর দেশপ্রেমের মন্ত্রের চেয়ে বেশি কার্যকর হয়েছে। অন্তত বৃহস্পতিবারের জন্য।
আর তাই ম্যাচ শেষে যে বন্ধুটি উত্তেজিত হয়ে বললেন, "আইসিএল-এ যাওয়া ক্রিকেটারদের আমরা যে গালাগালি করেছি সেগুলো প্রত্যাহার করে নেওয়া উচিত। ওদের জন্যই তো..।" তার সঙ্গে একমত হওয়ার হাসি হাসতেই হলো।
আইসিএল সামনের দরজা দিয়ে যে ক্ষতিটা করে গেলো পেছনের দরজা দিয়ে তো মনে হয় সেটা পুষিয়ে দেবে!
পুনশ্চ : ভেবে বসবেন না যেন এই জয়ের ফলে নতুন দিগন্ত উন্মোচন হয়ে গেল এবং বাংলাদেশ পরের ম্যাচেও খুব দুনিয়া ওল্টানো কিছু করে বসবে। এখন বাংলাদেশের যা ক্রিকেট শক্তি তাতে মাঝে-মধ্যে এরকম কিছু ঘটবে এবং পরেরটার জন্য আমাদের লম্বা একটা সময় অপেক্ষা করতে হবে। এই ক্রিকেট শক্তি এবং এই কাঠামোয় এর চেয়ে বেশি আশা করা মানে চাপ। আর এটা তো আমরা জানিই যে আমাদের ক্রিকেটাররা চাপে চ্যাপ্টা হতে ভালোবাসে!
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএম/এএআর/১৯৫৪ঘ.
bdnews24