ব্যাঙ্গালোর, ৯ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৮ টেস্টে ১৭২ রান --- ভারতের মাটিতে আগের সফরগুলোতে তার পারফরম্যান্স। তবে ভারতের বিপক্ষে চার টেস্ট সিরিজের প্রথম দিনেই অতীতের সে সব দুঃসহ স্মৃতি অনেকটা ভুলতে পেরেছেন রিকি পন্টিং। তার দুর্দান্ত এক সেঞ্চুরির সুবাদে বৃহস্পতিবার প্রথম টেস্টের প্রথম দিনশেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪ উইকেটে ২৫৪ রান।
অথচ টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়া অস্ট্রেলিয়ার শুরুটা মোটেও ভালো হয়নি। জহির খানের করা ইনিংসের তৃতীয় বলেই ম্যাথু হেইডেন (০) কট বিহাইন্ড! ব্যাঙ্গালোরের চিন্নাস্বামী স্টেডিয়ামের দর্শকরা তখন দুর্দান্ত এক সূচনা পাওয়ার উল্লাসে রোমাঞ্চিত।
কিন্তু অস্ট্রেলিয়া রানের খাতা খোলার আগে হেইডেনকে হারালেও তা বিচলিত করতে পারেনি অন্য ওপেনার সাইমন ক্যাটিচ ও অধিনায়ক পন্টিংকে। দু জনে ধীরে-সুস্থে, ঠান্ডা মাথায় খেলে প্রাথমিক বিপদ থেকে উদ্ধার করেছেন দলকে, গড়েছেন ১৬৬ রানের দারুণ কার্যকর এক জুটি। শেষ পর্যন্ত জুটিটা ভেঙ্গেছেন ইশান্ত শর্মা, ৭টি বাউন্ডারিতে ৬৬ রান করা ক্যাটিচকে ধোনির গ্লাভসবন্দী করে।
তবে তাতে দমে যাননি পন্টিং। ভারতের মাটিতে প্রথম টেস্ট সেঞ্চুরি থেকে তাকে কেউ বঞ্চিত করতে পারেনি। যদিও ক্যারিয়ারে ৩৬তম সেঞ্চুরি পাওয়া পন্টিংকে এলবিডব্লুর ফাঁদে ফেলে স্বাগতিক শিবিরে অনেকখানি স্বস্তি ফিরিয়ে আনতে পেরেছেন হরভজন। অস্ট্রেলিয়া অধিনায়কের ২৪৩ বলে ১২৩ রানের ইনিংসটা সাজানো ছিল ১৩টি বাউন্ডারিতে। আউট হওয়ার আগে মাইকেল হাসির সঙ্গে ৬০ রানের জুটি গড়েছেন তিনি।
কাকতালীয়ভাবে দিনের প্রথম ওভারের মতো শেষ ওভারেও ভারতকে উইকেট উপহার দিয়েছেন জহির। ৯০তম ওভারের দ্বিতীয় বলে তিনি এলবিডব্লু করেছেন হাসির সঙ্গে ২৬ রানের জুটি গড়া মাইকেল ক্লার্ককে (১১)। দিনশেষে হাসি অপরাজিত ছিলেন ৪৬ রানে।
এই ম্যাচ দিয়েই টেস্ট ক্রিকেটে অভিষেক হচ্ছে অস্ট্রেলীয় লেগস্পিনার ক্যামেরন হোয়াইটের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৭৩০ঘ.
bdnews24