ব্যাঙ্গালোর, ৭ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট সিরিজই তার শেষ 'মিশন'। তারপর থেকে আর আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যাবে না সৌরভ গাঙ্গুলীকে। মঙ্গলবার সবাইকে বিস্মিত করে সৌরভ জানিয়েছেন অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ শেষে অবসর নেবেন তিনি।
"এটাই হতে যাচ্ছে আমার শেষ সিরিজ। আমি অবসর নেয়ার সিদ্ধান্ত নিয়েছি। এখানে আসার আগে সতীর্থদের সে কথাও বলেছি। আশা করি দলকে জেতানো ইনিংস খেলেই আমি বিদায় নিতে পারবো"--- মঙ্গলবার ব্যাঙ্গালোরে এক সংবাদ সম্মেলনে ভারতে সফলতম টেস্ট অধিনায়কের ঘোষণা। এই ব্যাঙ্গালোরেই বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত।
ভারতের সফলতম টেস্ট অধিনায়ক তো বটেই, ব্যাটসম্যান হিসাবেও দারুণ সফল তিনি। এবং দেয়ালে-পিঠ-ঠেকে-যাওয়া অবস্থায় ঘুরে দাঁড়ানোর এক অনন্য দৃষ্টান্তেরও নাম সৌরভ চন্ডীদাস গাঙ্গুলী। প্রথমে ব্যাটসম্যান সৌরভের প্রসঙ্গে আসা যাক। এক যুগ আগে, ১৯৯৬-এ লর্ডসে অভিষেক টেস্টেই সেঞ্চুরি করে হৈ-চৈ ফেলে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের কঠিন রণক্ষেত্রে তার আবির্ভাব। ইংল্যান্ডের বিপক্ষে পরের টেস্টেও হেসেছিল তার ব্যাট, পেয়েছিলেন আরেকটি সেঞ্চুরি। অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজের আগ পর্যন্ত ১০৯ টেস্টে ১৫টি সেঞ্চুরি সহ ৪১.৭৪ গড়ে সৌরভের সংগ্রহ ৬,৮৮৮ রান। যার মধ্যে আছে গত ডিসেম্বরে ব্যাঙ্গালোরে পাকিস্তানের বিপক্ষে করা ২৩৯। টেস্টে এটাই সৌরভের একমাত্র ডাবল সেঞ্চুরি। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য, অভিষেকের পর থেকে আজ পর্যন্ত কখনোই তার টেস্ট গড় ৪০-এর নিচে নামেনি!
ওয়ানডে ক্রিকেটেও তিনি দারুণ সফল। ওয়ানডেতে ৩১১ ম্যাচে ২২টি সেঞ্চুরিসহ ৪১.০২ গড়ে ১১,৩৬৩ রান এসেছে তার ব্যাট থেকে। শুধু ব্যাটসম্যান নয়, বোলার-ফিল্ডার হিসাবেও পেয়েছেন অভাবনীয় সাফল্য। ওয়ানডেতে ১০ হাজার রান, ১০০ উইকেট ও ১০০ ক্যাচের ঈর্ষণীয় 'ট্রেবল' অর্জন করা তিন ক্রিকেটারের এক জন তিনি। বাকি দু জন হলেন শচীন টেন্ডুলকার ও সনাৎ জয়াসুরিয়া। এমনি এমনিই তো জিওফ বয়কট সৌরভকে 'প্রিন্স অব কলকাতা' নামটা দেননি! টেন্ডুলকারের সঙ্গে তার উদ্বোধনী জুটির কথাও বলতে হবে। ওয়ানডের সর্বকালের সেরা উদ্বোধনী জুটি গড়ার পথে ১৩৬ ইনিংসে প্রায় ৫০ গড়ে ৬,৬০৯ রান করেছেন 'টু এস' বা শচীন-সৌরভ।
অধিনায়ক হিসাবেও তার ঈর্ষণীয় সাফল্য। ৪৯ টেস্টে দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি, যা ভারতীয়দের মধ্যে এখনো পর্যন্ত সর্বাধিক। এই ৪৯ টেস্টে সৌরভের অধিনায়কত্বে ২১ বার জয়োৎসবে ভেসেছে ভারত। এটাও একটি ভারতীয় রেকর্ড। টেস্ট অধিনায়ক হিসাবে তার জয়ের হার ৪০ শতাংশেরও বেশি। ভারতকে একটির বেশি টেস্টে নেতৃত্ব দেয়া অধিনায়কদের মধ্যে এটাই সর্বোচ্চ।
২০০০ সালে টেন্ডুলকার সরে দাঁড়ানোর পর অধিনায়কত্ব পেয়েই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে ভারতকে জয় এনে দিয়েছিলেন সৌরভ। তবে তার পরের বছর পেয়েছিলেন চমকপ্রদ এক সাফল্য। ২০০১ সালের ভারত সফরে মহাপরাক্রমশালী স্টিভ ওয়াহর অস্ট্রেলিয়াকে চমকে দিয়েছিল সৌরভের 'টিম ইন্ডিয়া'। তিন ম্যাচের সেই সিরিজের প্রথমটিতে ১০ উইকেটে জিতে টেস্টে টানা ১৬ জয়ের রেকর্ড গড়েছিল অস্ট্রেলিয়া। পরের টেস্ট ছিল সৌরভের নিজের মাঠ কলকাতার ইডেন গার্ডেন্সে। সেই ম্যাচে ফলোঅন করেও ক্রিকেট দুনিয়াকে অবাক করে দিয়ে শেষ দিনে নাটকীয়ভাবে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছিল ভারত। এবং তৃতীয় ও শেষ ম্যাচেও জয় পেয়ে জিতে নিয়েছিল সিরিজ। ২০০৩ বিশ্বকাপে ভারতের রানার্সআপ হওয়ার অন্যতম কারণও ছিল সৌরভের বুদ্ধিদীপ্ত অধিনায়কত্ব।
চাপের মধ্যে ঘুরে দাঁড়ানোর কৃতিত্বেও তিনি অনন্য। ভারতের সাবেক কোচ গ্রেগ চ্যাপেল ও সাবেক প্রধান নির্বাচক কিরণ মোরে তাকে দল থেকে বাদ দিলেও দমে যাননি সৌরভ। ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করে আবার ফিরেছেন জাতীয় দলে। ২০০৬ এর ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথে হঠাৎ করেই ডাক পাওয়ার মাধ্যমে তার 'টিম ইন্ডিয়া'য় প্রত্যাবর্তন হয়েছিল। সেই সফরে ফাস্ট বোলারদের সহায়ক উইকেটে ব্যাট করতে নেমেই দলের বিপর্যয়ের সময় খেলেছিলেন দারুণ কার্যকর এক ফিফটির ইনিংস। ঐ সিরিজ থেকে এ বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকার ভারত সফর পর্যন্ত ৫০.৬৭ গড়ে ১৫৭১ রান এসেছে তার ব্যাট থেকে। যার মধ্যে আছে পাকিস্তানের সঙ্গে সেই ডাবল সেঞ্চুরি।
কিন্তু এমন সফল এক জন ব্যাটসম্যানের সর্বশেষ সিরিজটা একটুও ভালো কাটেনি। গত জুলাই-আগস্টে শ্রীলঙ্কা সফরে তিন টেস্টের ৬ ইনিংসে মাত্র ৯৬ রান করতে পেরেছিলেন তিনি। সেজন্যই হয়তো রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন দিল্লী ও অবশিষ্ট ভারতের মধ্যে অনুষ্ঠিত ইরানি কাপের দলে সুযোগ পাননি সৌরভ। তখন থেকেই ভারতীয় মিডিয়ায় জল্পনা চলছিল তিনি হয়তো ক্রিকেটকে বিদায় জানাতে পারেন। সেই জল্পনায় জল ঢেলে দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই টেস্টের দলে তাকে রেখেছেন ভারতের নির্বাচকরা। কিন্তু সেই জল্পনাই শেষ পর্যন্ত সত্যি হতে যাচ্ছে। এই সিরিজ শেষেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে যাচ্ছেন সতীর্থদের প্রিয় 'দাদা'।
সৌরভের এমন হুট করে অবসরের সিদ্ধান্ত নেয়ার পেছনে অন্য একটা কারণও থাকতে পারে। একটি ভারতীয় পত্রিকার রিপোর্ট, সৌরভের ৭ বছর বয়সী মেয়ে সানাকে অপহরণ করার হুমকি দিয়েছে দু
bdnews24