জোহানেসবার্গ, ৭ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আগামী বিশ্বকাপের এখনো প্রায় আড়াই বছর বাকি। অথচ এখন থেকেই ২০১১ বিশ্বকাপের জন্য দলকে গড়ে তোলার দিকে লক্ষ্য দক্ষিণ আফ্রিকার। সেই লক্ষ্যের প্রথম পদক্ষেপ বলা যেতে পারে মাখায়া এনটিনি ও আন্দ্রে নেলের বাদ পড়াকে।
এ মাসের শেষ দিকে এবং আগামী মাসে কেনিয়া ও বাংলাদেশের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। কেনিয়ার সঙ্গে দুটো ওয়ানডে এবং বাংলাদেশের বিপক্ষে দুই টেস্ট, তিন ওয়ানডে ও একটি টোয়েন্টি টোয়েন্টি ম্যাচের জন্য মঙ্গলবার দল ঘোষণা করেছে প্রোটিয়ারা। সেখানে সবচেয়ে বড় চমক ওয়ানডে ও টোয়েন্টি টোয়েন্টি দলে এনটিনির না থাকা। প্রায় এক দশক ধরে দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণের অন্যতম অস্ত্র এনটিনি অবশ্য টেস্ট দলে জায়গা ধরে রেখেছেন। কিন্তু নেল সুযোগ পাননি কোনো দলেই। গত জুলাই/আগস্টে ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজ জয়ী দলের ১৩ জনই সুযোগ পেয়েছেন বাংলাদেশের বিপক্ষে টেস্ট দলে। এই দলে শুধু জায়গা হয়নি নেল ও বাঁহাতি স্পিনার রবিন পিটারসনের।
এনটিনি-নেলের বাদ পড়ার কারণ যে আগামী বিশ্বকাপের জন্য এখন থেকেই দলকে গড়ে তোলা, তা নির্দ্বিধায় জানিয়ে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার কোচ মিকি আর্থার, "আমাদের দৃষ্টি এখন সেদিকেই। ২০১১ বিশ্বকাপের জন্য দলকে গড়ে তোলাই আমাদের অগ্রাধিকার।" আর তাই প্রথমবারের মতো প্রোটিয়াদের দলে সুযোগ পেয়েছেন দুই অলরাউন্ডার রায়ান ম্যাকলারেন ও রোরি ক্লাইনভেল্ট। তবে ম্যাকলারেন ওয়ানডে-টোয়েন্টি টোয়েন্টি দুটো দলেই সুযোগ পেলেও ক্লাইনভেল্টকে রাখা হয়েছে শুধু টোয়েন্টি টোয়েন্টি দলে।
এনটিনি-নেলের বাদ পড়া ছাড়া আরেকটা বড় খবর --- অফস্পিনার জোহান বোথার প্রথম বারের মতো দক্ষিণ আফ্রিকার সহ-অধিনায়ক নির্বাচিত হওয়া। এবং প্রোটিয়াদের নেতৃত্ব দেয়ার জন্য বেশি দিন অপেক্ষাও করতে হচ্ছে না তাকে। ইনজুরির কারণে গ্রায়েম স্মিথের কেনিয়ার বিপক্ষে খেলার সম্ভাবনা ক্ষীণ। আর স্মিথ না খেললে অধিনায়ত্ব করতে হবে বোথাকেই। এ ব্যাপারে 'ক্রিকেট সাউথ আফ্রিকা'র প্রধান নির্বাহী জেরাল্ড মায়োলার বক্তব্য, "পদন্নোতির জন্য জোহানকে অভিনন্দন। খুব সম্ভবত কেনিয়ার বিপক্ষে দুটো ম্যাচে সে-ই দলের অধিনায়কত্ব করবে। কারণ আমরা আশা করছি বাংলাদেশের সঙ্গে সিরিজের আগে গ্রায়েম স্মিথ ইনজুরি থেকে সেরে উঠতে পারবে।"
দক্ষিণ আফ্রিকার তিনটি দল :
টেস্ট দল : গ্রায়েম স্মিথ (অধিনায়ক), নিল ম্যাকেঞ্জি, হাশিম আমলা, জ্যাক ক্যালিস, অ্যাশওয়েল প্রিন্স, এবি ডি ভিলিয়ার্স, মার্ক বাউচার, জেপি ডুমিনি, পল হ্যারিস, মর্নে মরকেল, মাখায়া এনটিনি, ডেল স্টেইন ও মন্ডে জন্ডেকি।
ওয়ানডে দল : স্মিথ (অধিনায়ক), হার্শেল গিবস, আমলা, ক্যালিস, ডুমিনি, ডি ভিলিয়ার্স, জাস্টিন ওনটং, অ্যালবি মরকেল, রায়ান ম্যাকলারেন, মর্নে মরকেল, জোহান বোথা, স্টেইন ও জন্ডেকি।
টোয়েন্টি টোয়েন্টি দল : স্মিথ (অধিনায়ক), লুটস বসম্যান, ডি ভিলিয়ার্স, গিবস, ডুমিনি, ওনটং, বোথা, রোরি ক্লাইনভেল্ট, ম্যাকলারেন, অ্যালবি মরকেল, মর্নে মরকেল ও স্টেইন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৭৫৫ঘ.
bdnews24