ঢাকা, ৭ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- এই প্রস্তুতি ম্যাচ দিয়ে নিজেকে প্রমাণের সুযোগ ছিল বাংলাদেশের অনেকের সামনে। নিউজিল্যান্ডও চেয়েছিল এই ম্যাচ দিয়ে প্রথম ওয়ানডের আগে নিজেদের বাংলাদেশের পরিবেশের সঙ্গে মানিয়ে নেয়ার কাজটা আরেকটু এগিয়ে নিতে। কিন্তু কিছুই হতে দিল না প্রকৃতি। মঙ্গলবার ফতুল্লা স্টেডিয়ামে নিউজিল্যান্ড- বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশের নির্ধারিত প্রস্তুতি ম্যাচটি পরিত্যক্ত হয়েছে বৃষ্টির কারণে।
সকাল থেকেই বৃষ্টি ছিল ফতুল্লায়। একবার থেমে যাওয়ার পর আয়োজকরা চেষ্টা করেছিলেন কোনোভাবে ম্যাচ শুরু করতে। কিন্তু তখনই আবার বৃষ্টি এলে সকাল ১১টায় ম্যাচটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়।
এর অর্থ নিউজিল্যান্ড দলকে বৃহস্পতিবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি খেলতে নামতে হবে কোনো প্রস্তুতি ম্যাচ ছাড়াই। সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে মিরপুর স্টেডিয়ামে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৫৫৫ঘ.
bdnews24