ঢাকা, ৬ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- সবধরনের দলই তাদের গড়তে হয়, এজন্য চাপও বেশি পড়ে যাচ্ছিল রফিকুল আলমের নেতৃত্বাধীন তিন সদস্যের নির্বাচক কমিটির ওপর। চাপ কমানোর জন্য জুনিয়র নির্বাচক কমিটি গঠন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিকল্পনায় ছিল অনেকদিন ধরেই। অবশেষে সেটি বাস্তবায়ন হল। বাংলাদেশ দলের দুই সাবেক ব্যাটসম্যান সাজ্জাদ আহমেদ শিপন এবং এহসানুল হক সিজানকে নিয়ে জুনিয়র নির্বাচক কমিটি গঠনের খবর সোমবার রাতে জানানো হয়েছে বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে। এখন থেকে তারা দু'জন বয়সভিত্তিক দলগুলো গড়বেন এবং গেম ডেভলপমেন্টের নতুন ক্রিকেটার খোঁজার কাজেও সহযোগিতা করবেন বলে জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২২১৫ঘ.
bdnews24