২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জরুরী সভায় উঠছে সংশোধিত গঠনতন্ত্র

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জরুরী সাধারণ সভা মঙ্গলবার। বিকেল সাড়ে চারটায় হোটেল শেরাটনে হতে যাওয়া এই সভার এজেন্ডা অবশ্য একটাই। এদিন নির্বাচনকে সামনে রেখে কাউন্সিলরদের সামনে সংশোধিত খসড়া গঠনতন্ত্র অনুমোদনের জন্য তোলা হবে। গত বছরের জুলাইয়ে অ্যাডহক কার্যনির্বাহী কমিটি দায়িত্ব নেওয়ার পর এটিই প্রথম এধরনের সভা। এর আগে বিসিবির সর্বশেষ সাধারণ সভা হয়েছিল ২০০৬ এর ৩ অক্টোবর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2008, 04:12 PM

Updated : 26 Aug 2022, 02:28 PM

ঢাকা, ৬ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জরুরী সাধারণ সভা মঙ্গলবার। বিকেল সাড়ে চারটায় হোটেল শেরাটনে হতে যাওয়া এই সভার এজেন্ডা অবশ্য একটাই। এদিন নির্বাচনকে সামনে রেখে কাউন্সিলরদের সামনে সংশোধিত খসড়া গঠনতন্ত্র অনুমোদনের জন্য তোলা হবে। গত বছরের জুলাইয়ে অ্যাডহক কার্যনির্বাহী কমিটি দায়িত্ব নেওয়ার পর এটিই প্রথম এধরনের সভা। এর আগে বিসিবির সর্বশেষ সাধারণ সভা হয়েছিল ২০০৬ এর ৩ অক্টোবর। জরুরী সাধারণ সভায় ১৬১ জন কাউন্সিলরেরই অংশ নেওয়ার কথা। তারা সংশোধিত গঠনতন্ত্রে অনুমোদন দিলে বিসিবির কাঠামোই পাল্টে যাবে। তাহলে বিসিবি আবার ফিরে যাবে পরিচালনা পর্ষদ কাঠামোয়। ৩১ সদস্যের কার্যনির্বাহী কমিটির জায়গায় খসড়া গঠনতন্ত্রে সভাপতির অধীনে ২৩ সদস্যের পরিচালনা পর্ষদের প্রস্তাব রাখা হয়েছে। যদিও সেটি ২৫ কিংবা তার অধিক আকার নিতে পারে বলেও জানা গেছে। কারণ বাংলাদেশের ক্রীড়াঙ্গনে মহা ক্ষমতাধর জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের পক্ষ থেকে তেমন দাবিই তোলা হচ্ছে। খসড়া গঠনতন্ত্রে ঢাকার ক্লাবগুলোর জন্য রাখা হয়েছে দশটি পরিচালক পদ। আঞ্চলিক সংস্থাগুলোর জন্য আছে আটটি। বাকি দু'জন পরিচালক আসবেন জাতীয় ক্রীড়া পরিষদ ও সাবেক ক্রিকেটারদের মধ্য থেকে। বিসিবি কর্মকর্তারা অবশ্য আঞ্চলিক সংস্থাগুলোর জন্য পদ বাড়িয়ে দশে নিয়ে মোটামুটি একমত। কিন্তু ফোরাম তাতেও সন্তুষ্ট নয় বলে জানা গেছে। তারা চাইছে ১২টি পরিচালক পদ। বিসিবি সভাপতি মেজর জেনারেল সিনা ইবনে জামালীর আশাবাদ, প্রস্তাবিত গঠনতন্ত্র সবাইকে খুশীই করবে। কিন্তু পরিচালনা পর্ষদের বিরুদ্ধে আদালতে মামলাও হয়েছিল। এ প্রসঙ্গে সোমবার তিনি সাংবাদিকদের বলেছেন, "সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করেই এটা করা হয়েছে। তাই আশা করি এবার আর এধরনের কোনো ঘটনা ঘটবে না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২২১০ঘ.