ঢাকা, ৫ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- ঢাকা এসেছে তারা ৫ দিন আগে। কিন্তু ঈদের ছুটির কারণে নিউজিল্যান্ডের প্রস্তুতিটা চলেছে নিভৃতে। রোববার ঈদের ছুটি শেষ, সংবাদমাধ্যমও ফিরেছে তাদের রুটিনে। আর তাই নিউজিল্যান্ড দলের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন হলো রোববার। সেখানেই কিউই অধিনায়ক ডেনিয়েল ভেট্টোরি জানালেন সিরিজ নিয়ে তার ভাবনার আদ্যন্ত।
প্রশ্ন : বাংলাদেশের বিপক্ষে সব সিরিজ তো সহজেই জিতেছেন। এবারো নিশ্চয়ই সেরকম কিছুই প্রত্যাশা করছেন।
ডেনিয়েল ভেট্টোরি : আসলে বেশিরভাগ দেশেরই এটা জানা যে, বাংলাদেশে এসে কঠিন সময়ের মধ্যে পড়তে হয়। হয়তো আন্তর্জাতিক ক্রিকেটে ওদের (বাংলাদেশ) রেকর্ড খুব একটা সুবিধের নয়। কিন্তু ওদের বোলিং অ্যাটাক দেখুন। মর্তুজা (মাশরাফি), শাহাদাত ও রাজ্জাকদের (আব্দুর রাজ্জাক) নিয়ে দারুণ এক বোলিং লাইন আপ। তাছাড়া নিজেদের কন্ডিশনে প্রতিপক্ষ হিসেবে ওরা অপ্রতিরোধ্যই হবে। সিরিজ জেতার আশা তো আমাদের অবশ্যই আছে। তবে আমরা এও জানি কাজটা শক্ত একটা চ্যালেঞ্জও বটে।
প্রশ্ন : জানেন তো, বাংলাদেশের ১৪ জন ক্রিকেটার আইসিএলে যোগ দিয়েছেন। এতে কী তারা আরো দুর্বল হয়ে পড়লো না?
ভেট্টোরি : আমি যতোটুকু বুঝি, এদের মধ্যে কেবল একজনকেই মিস করবে বাংলাদেশ। তিনি আফতাব আহমেদ। তার বিকল্প খুঁজে পাওয়া মুশকিল। তাকে বাদ দিলে তো নিউজিল্যান্ড সফর করে আসা দলটাই আছে। কাজেই দলটা দুর্বল হয়ে গেছে বলে আমার মনে হয় না।
প্রশ্ন : কেমন উইকেট আশা করছেন এখানে?
ভেট্টোরি : উপমহাদেশে যেমন উইকেট হয়, তেমনই হবে হয়তো। সম্ভবত উইকেটে প্রচুর রান থাকবে। পাশাপাশি সময়ের সঙ্গে সঙ্গে স্পিনাররা টার্নও পেতে শুরু করবে। এজন্য আমার সঙ্গে জিতান (প্যাটেল) তো আছেই। প্রয়োজনে স্কট স্টাইরিস ও জেস রাইডারের মতো 'স্টক সিমার'দেরও কাজে লাগানো যাবে।
প্রশ্ন : চার বছর আগে বাংলাদেশে এসে দুই টেস্টের সিরিজে ২০ উইকেট নিয়েছিলেন। এবারো নিশ্চয়ই সেরকম কিছুই করার ইচ্ছে।
ভেট্টোরি : সেবার আমরা এখানে ভালো দুটো স্পিনিং উইকেট পেয়েছিলাম। এরসঙ্গে দারুণ কিছু ব্যাটিং পারফরম্যান্স যোগ হওয়ায় ম্যাচে আমাদের শক্ত অবস্থানে পৌছে যেতে সমস্যা হয়নি। এবার টেস্টে যদি একইধরনের পারফরম্যান্সের পুনরাবৃত্তি করতে পারি এবং স্কোরবোর্ডে পর্যাপ্ত রান জমা হয়, তাহলে আমরা চারদিন নয়তো পাঁচদিনেই জিতবো বলে আশা রাখি। সেক্ষেত্রে বল হাতে বড় কিছু করার সুযোগ আমার যেমন আছে তেমনি আছে জিতানেরও (অফস্পিনার)।
প্রশ্ন : তাছাড়া শক্তির বিচারে তো দু'দলের মধ্যে বিস্তর ফারাকই দেখা যায়।
ভেট্টোরি : ফলাফলে চোখ রাখলে তাই মনে হবে। কিন্তু আপনি যদি বাংলাদেশের ক্রিকেটারদের আলাদা আলাদাভাবে দেখেন, তাহলে দেখবেন ওদের অনেকেই বিশ্ব পর্যায়ে পারফরম করেছে। যেমন ধরুন ওদের অধিনায়ক আশরাফুলের কথাই। আমরা সবাই জানি, নিজের দিনে ও বিশ্বের যে কোনো দলকে একাই হারিয়ে দিতে পারে। তাছাড়া ওদের দারুণ বোলিং লাইন আপের কথা তো আমি আগেও বলেছি। সুনাম কিংবা সাফল্য হয়তো এই দলটার সঙ্গে ততোটা নেই, যতোটা তারা চেয়েছিল। তারপরও এই দলটার সেইসব দুর্দান্ত ক্রিকেটারদের দিকে সতর্ক দৃষ্টি থাকবে আমাদের। আমরা নিজেদের সেরা খেলাটা না খেলতে পারলে ওরা অঘটনও ঘটিয়ে দিতে পারে। এখানে এই জিনিসটাই এড়ানোর চেষ্টা থাকবে আমাদের।
প্রশ্ন : টেস্টের আগে ওয়ানডে সিরিজ নিশ্চয়ই ৩-০ তে জিততে চান।
ভেট্টোরি : এখানে জেতার জন্যই এসেছি। সেজন্য আমাদের চেষ্টার কোনো কমতি হবে না। তাই বলে বাংলাদেশকে হালকাভাবেও নিচ্ছি না। আমরা জানি তারা কতোটা ভালো দল হয়ে উঠতে পারে। এই সফরে আমাদের নির্দিষ্ট কিছু লক্ষ্য আছে। এরমধ্যে ওয়ানডে সিরিজ ৩-০ তে জেতাও আছে। কারণ ৩-০ তে জিতলে আমরা ওয়ানডে র্যাঙ্কিংয়ে বিশ্বের দুই নাম্বার দল হয়ে যাবো। যেটা নিউজিল্যান্ড দলের জন্য বিশেষ কিছুই হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৯১০ঘ.
bdnews24