ঢাকা, ৪ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- কোনোরকম তুলনায় তিনি যাননি। তবে একটা জায়গায় নিজ দলের ব্যাটসম্যানদের চেয়েও মোহাম্মদ আশরাফুলদের এগিয়ে রাখলেন জ্যাকব ওরাম। শনিবার পড়ন্ত বিকেলে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে নিউজিল্যান্ড দলের প্র্যাকটিস শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি এই অলরাউন্ডার বললেন, "বাংলাদেশের ব্যাটসম্যানদের হাতে সবধরনের শটই আছে। এমনকি সেটা আমাদের ব্যাটসম্যানদের চেয়েও বেশি।" কিন্তু বাংলাদেশের এই সম্ভাবনার জায়গাটাই যে আবার তাদের সমস্যার মূল, হাসতে হাসতে বলা পরের কথাতেই তা পরিষ্কার বুঝিয়ে দিলেন, "কিন্তু তারা সম্ভবত খুব বেশি শট খেলেন।"
বেশি বেশি শট খেলার প্রবণতাই আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের বেশিরভাগ ব্যাটিং বিপর্যয়ের কারণ। তবে বিপর্যয়কে একপাশে সরিয়ে রেখে যদি শুধু তাদের ব্যাটিংয়ের ধরন বিবেচ্য হয়, সেক্ষেত্রে বাংলাদেশের একাধিক ব্যাটসম্যানই জ্যাকব ওরামের চোখে মুগ্ধতা জাগানিয়া। ২০০৭ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে তামিম ইকবালের ব্যাটিং তোপ বাংলাদেশের কাছে হারের স্বাদ দিয়েছিল কিউইদের। কেউ একজন তামিমের প্রসঙ্গ তুলতেই ওরাম শুধু তামিমেই থাকলেন না। গড়গড়িয়ে বলে গেলেন আরো কয়েকজনের কথাই।
এই কিউই অলরাউন্ডারের মুখ থেকেই শুনে নেওয়া যাক নামগুলো, "শুধু তামিমই নয়, বাংলাদেশের আরো কয়েকজন দারুণ ব্যাটসম্যান আছে। যারা নিউজিল্যান্ডে খেলতে গিয়েই দেখিয়ে এসেছেন যে সবধরনের শটই তারা খেলতে জানেন। বেশ কয়েকবার তারা আমাদের চাপেও ফেলে দিয়েছিলেন। টপ অর্ডারে তামিম, সিদ্দিক (জুনায়েদ সিদ্দিকী) এবং আশরাফুল। ও হ্যাঁ, আফতাবও ছিল... এখন তো সে চলেই গেছে (আইসিএলে)। তাই না? এরা সবাই-ই এক্সাইটিং ক্রিকেটার।"
এদিন সকালেই আইসিএলে খেলতে চলে গেছেন বাংলাদেশের ১৪ জন ক্রিকেটার। ওরামকে সামনে পেয়ে এ প্রসঙ্গ না উঠে পারেই না। হাবিবুল বাশারদের ১০ বছরের জন্য নিষিদ্ধ করার সিদ্ধান্তে তাদের প্রতি ওরামের সহানুভূতি আছে কিনা, এমন প্রশ্নের জবাবে বললেন, "সহানুভূতি শব্দটা এখানে ব্যবহার ঠিক হচ্ছে না। আমি তাদের সিদ্ধান্তটা বুঝি। যদি তারা আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করে গিয়ে থাকে তাহলে তো কোনো সমস্যা দেখি না। আমাদেরও তো কেয়ার্নস (ক্রিস কেয়ার্নস), বন্ড (শেন বন্ড) ও ভিনসেন্টের (লু ভিনসেন্ট) মতো অনেকেই গেছে। আপনার কাছে যদি প্রস্তাব আসে এবং সেটা যদি আর্থিক ভবিষ্যতের নিশ্চয়তা দিয়ে থাকে, তাহলে সমস্যা নেই।"
আইসিএলের কারণে বাংলাদেশ ঠিক কতোটা ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা সম্যক জানা না থাকলেও জানা আছে তার দলের ক্ষতিটা, "বাংলাদেশের কতোটা ক্ষতি হল, তা বলতে পারবো না। যদিও আইসিএলে চলে যাওয়া বাংলাদেশী ক্রিকেটারদের তালিকাটা আমি দেখেছি। কিন্তু তারা সবাই প্রথম একাদশের কিংবা তার কাছাকাছি পর্যায়ের ছিল কিনা, সেবিষয়ে আমি ঠিক নিশ্চিত নই। তাই বলতে পারছি না বাংলাদেশের ক্ষতির পরিমাণটা। এটুকু বলতে পারি আমরা বেশ কয়েকজনকেই হারিয়েছি যারা ছিলেন দুর্দান্ত ক্রিকেটার এবং আমাদের বিশাল স্কোয়াডের অংশ।"
এদিনের মতো শুক্রবারও ঘামঝরানো অনুশীলন করা কিউইরা ঈদের দিনটা অবশ্য কাটিয়েছে ছুটির আমেজে। সেদিন সারাদিনই হোটেলে পার করে দেওয়া নিউজিল্যান্ড ক্রিকেট দলের সব সদস্যের জন্য আড়ং এর পাঞ্জাবি উপহার পাঠিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাঞ্জাবি পরে হোটেল শেরাটনের রেস্তোরায় ঈদের বিশেষ খাবার সেমাই, পায়েসের স্বাদও নিয়েছেন ডেনিয়েল ভেট্টোরিরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/২১৩০ঘ.
bdnews24