মুম্বাই, ৩ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী, রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলে ও ভিভিএস লক্ষ্মণ ---- ভারতীয় ক্রিকেটের 'পঞ্চ-পান্ডব'। এই পাঁচ জনের জন্যই টেস্ট ক্রিকেটে 'টিম ইন্ডিয়া' এখন সবচেয়ে অভিজ্ঞ দল হিসাবে বিবেচিত। অথচ তাদের অভিজ্ঞতা সম্পর্কে ইদানিং ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআই বেশ উদাসীন। বিস্ময়কর হলেও সত্যি, আগামী কয়েক মাসের মধ্যে পাঁচ জনকেই সম্মানজনকভাবে বিদায় নেয়ার পরিকল্পনা করার আহ্বান জানিয়েছে তারা!
আগামী ৯ অক্টোবর থেকে চার টেস্টের সিরিজে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। এর পর ডিসেম্বরে দুই টেস্টের সিরিজে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড। বিসিসিআই'র আশা, ঘরের মাঠে এই দুটো সিরিজে খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিতে পারবেন টেন্ডুলকার-সৌরভরা। সেই সুবাদে জাতীয় দল থেকে বাদ পড়ার অসম্মানও এড়াতে পারবেন তারা। বার্তাসংস্থা রয়টার্সকে সে কথাই জানিয়েছেন বিসিসিআই'র নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা, "সম্মানজনক বিদায়ের জন্য তাদেরকে পরবর্তী দুটো হোম সিরিজের সময় দেয়া হবে। এর পরই তাদের বিদায়ের পথ প্রশস্ত হবে।"
পাঁচ জনই মধ্য-তিরিশে পৌঁছে যাওয়ায় ভারতের ক্রিকেটাঙ্গনে বেশ কিছুদিন ধরেই তাদের অবসরজনিত গুঞ্জন চলছে। অস্ট্রেলিয়ার সঙ্গে প্রথম দুই টেস্টের জন্য ঘোষিত দলে পাঁচ জনই অবশ্য সুযোগ পেয়েছেন। যদিও ভারতীয় মিডিয়া ধারণা করেছিল ৩৬ বছর বয়সী সৌরভের ওপরে হয়তো আস্থা রাখবেন না নির্বাচকরা। তবে নবনিযুক্ত প্রধান নির্বাহী কৃষ্ণমাচারি শ্রীকান্ত তার প্রথম 'অ্যাসাইনমেন্টে' কোনো ধরনের বিতর্কের পথে হাঁটেননি। ভারতের সফলতম টেস্ট অধিনায়ককে রেখেই ১৫ সদস্যের দল ঘোষণা করেছেন তিনি।
অবশ্য শুধু সৌরভ নয়, পাঁচ জনকেই আগামী বছরে আর দলে দেখতে রাজি নয় বিসিসিআই কর্তৃপক্ষ। বিসিসিআই'র সেই কর্মকর্তার কথায় তারই আভাস, "শুধু সৌরভ নয়; রাহুল, লক্ষ্মণ, শচীন এবং অনিলকেও নোটিশ দেয়া হয়েছে। তাদেরকে জানানো হয়েছে যে সিদ্ধান্ত নেয়ার জন্য তারা ছয়টি টেস্ট হাতে পাচ্ছে।" ভারতের মিডিয়াও জানিয়েছে এ ধরনের 'ঐচ্ছিক' অবসরের পরিকল্পনা আসলে বিসিসিআই-এরই। ভারতীয় ক্রিকেট বোর্ডের আরেক কর্মকর্তার কথাতেও তা সুস্পষ্ট, "নতুন প্রেসিডেন্ট (শশাঙ্ক মনোহর) সিনিয়রদের কাছে ব্যাপারটা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন।"
এই পাঁচ জনের মধ্যে একমাত্র টেন্ডুলকারই এখনো ওয়ানডে দলের নিয়মিত সদস্য। যদিও সেই ১৯৮৯তে অভিষিক্ত 'লিটল জিনিয়াস'-কে গত কয়েক বছরে চোটের কারণে মাঠের বাইরে থাকতে হয়েছে কয়েকটা সিরিজে। গত জুলাই-আগস্টে শ্রীলঙ্কা সফরে ওয়ানডে সিরিজেও তিনি খেলতে পারেননি কনুইয়ের ব্যথার জন্য। তার ঠিক আগে টেস্ট সিরিজে অবশ্য খেলেছিলেন। কিন্তু জ্বলে উঠতে পারেননি একটিও ইনিংসে। টেস্টে ব্রায়ান লারার সর্বোচ্চ রানের রেকর্ড থেকে মাত্র ৭৭ রান দূরে দাঁড়িয়ে থাকা টেন্ডুলকার কয়েক দিন আগে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, রেকর্ডটা ভাঙ্গার পরও অবসর নেয়ার কোনো পরিকল্পনা উঁকি দেবে না তার মনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৮৩৮ঘ.
bdnews24