ব্যাঙ্গালোর, ৩ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট সিরিজ। অথচ চার টেস্টের কঠিন সিরিজটা শুরু হওয়ার ঠিক আগে মাঠের বাইরের বিতর্ক নিয়ে আলোচনাতেই বেশি ব্যস্ত ভারতের ক্রিকেটাঙ্গন। সেজন্য গ্যারি কারস্টেন কিছুটা হলেও বিব্রত। ভারতের দক্ষিণ আফ্রিকান কোচ তাই কোনো ধরনের বিতর্কে কান না দিয়ে শুধু খেলায় মনযোগ দেয়ার আহ্বান জানালেন দলের সদস্যদের কাছে।
বিতর্কের সূত্রপাত ভারতের সবচেয়ে অভিজ্ঞ পাঁচ ক্রিকেটারকে ঘিরে। টেন্ডুলকার-সৌরভ-দ্রাবিড়-লক্ষ্মণ-কুম্বলের বয়স সংক্রান্ত আলোচনায় এখন সে দেশের ক্রিকেটাঙ্গন টালমাটাল। বিসিসিআই'র এক কর্মকর্তা জানিয়েছেন মধ্য তিরিশে পৌঁছে যাওয়া এই পাঁচ জনকে নাকি আগামী কয়েক মাসের মধ্যে অবসর সংক্রান্ত পরিকল্পনার নির্দেশ দিয়েছে বোর্ড। টেলিভিশন চ্যানেলগুলোতে এ নিয়ে আলোচনা হচ্ছে, পত্রিকাগুলো রিপোর্ট লিখছে। টেস্টে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী এবং ভারতের বহু জয়ের নায়ক কুম্বলে মিডিয়ার ভূমিকা নিয়ে বিরক্তিও প্রকাশ করেছেন ইতিমধ্যে।
তবে কারস্টেন এই সব বিতর্ক নিয়ে মাথা ঘামাতে রাজি নন। শুক্রবার এক সংবাদ সম্মেলনে দক্ষিণ আফ্রিকার সাবেক ওপেনার সব ধরনের বিতর্ককে পেছনে ফেলে শুধু খেলায় মনোনিবেশ করার আহ্বান জানালেন খেলোয়াড়দের কাছে, "আমি মনে করি আমাদের এখান থেকে বেরিয়ে আসা উচিৎ। আমাদের দল এবং টেস্ট সিরিজের প্রস্তুতির দিকে মনযোগ দেয়া দরকার।" অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতের সাফল্যের কথা মনে করিয়ে দিয়ে কারস্টেনের মন্তব্য, "অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের রেকর্ডই সেরা। (এই সিরিজে) কী করতে হবে তার একটা ভালো পরিকল্পনাও আমাদের আছে। সেটা খেলার পাশাপাশি মানসিকভাবে শক্ত থাকার ক্ষেত্রেও প্রযোজ্য।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২১৩২ঘ.
bdnews24