ঢাকা, ৩০ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- তিনদিনের আলোচনা শেষে ফিরে গেছেন নিম্বাসের ভাইস প্রেসিডেন্ট ইয়ানিক কোলাসো। জেনে গেছেন ছয় বছরের বিপণন চুক্তিতে কী কী পরিবর্তন ও সংস্কার চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দাবিগুলো মানা যায় কিনা, নিজেদের মধ্যে আলোচনার পর এর জবাব নিয়ে ৬ ফেব্র"য়ারি বিসিবির অ্যাডহক কার্যনির্বাহী কমিটির সভার আগেই আবার ঢাকায় ফেরার কথা তার। সেসময় কোলাসো কতোটা ইতিবাচক জবাব নিয়ে ফেরেন, তার ওপরই নির্ভর করছে আলোচনা ফলপ্রসু হয়েছে নাকি ভেস্তে গেছে! নিম্বাসের সঙ্গে বিসিবির দর কষাকষির পুরোধা আব্দুল মোমেন এমনই জানিয়েছেন। অবশ্য তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে এও বলেছেন, "আলোচনায় উভয়পক্ষই সবকিছু ইতিবাচক দৃষ্টিতে দেখার চেষ্টা করেছে।"
অবশ্য নিম্বাসের তরফ থেকে চুক্তির 'স্পিরিট' নষ্টের অভিযোগও এবারের আলোচনায় উঠেছে বলে জানিয়েছেন বিসিবির ফিনান্স কমিটির চেয়ারম্যান। ২০০৬ সালের ডিসেম্বরে দুই পক্ষের মধ্যে প্রাথমিক চুক্তি স্বাক্ষরিত হয়। এর তিন মাসের মধ্যেই দীর্ঘমেয়াদী চুক্তি সইয়ের কথা থাকলেও এতোদিনে তা না হওয়ার দায়টা বিসিবির ওপরই চাপাতে চেয়েছে নিম্বাস। তবে এবার নিজেদের স্বার্থরক্ষায় দেওয়া প্রস্তাবগুলোর অধিকাংশই মেনে নিলে দীর্ঘমেয়াদী চুক্তি শিগগিরই হয়ে যাবে বলে আশাবাদী আব্দুল মোমেন।
জানিয়েছেন এবারের আলোচনায় তিনি বিপণন চুক্তি থেকে মোট আয় বাড়ানোর দিকে মনোযোগ দিয়েছেন বেশি, "এই চুক্তির গ্যারান্টি মানি ৫৬.৮৮ মিলিয়ন ডলার। এখান থেকে নিম্বাস নির্মাণ ব্যয় (প্রোডাকশন কস্ট) বাবদ ২০ মিলিয়ন ডলার কেটে ফেললে আমাদের থাকবে ৩৬ মিলিয়ন। কিন্তু আমরা ২০১২ সালের মার্চ পর্যন্ত চুক্তিতে এই ব্যয়টা সাড়ে ১৫ মিলিয়নে নামিয়ে আনতে বলেছি। যেসব সিরিজের বাণিজ্যিক মূল্য কম সেসব সিরিজে কম ক্যামেরা ব্যবহারের 'অপশন'-এ টিক দিয়েছি। যাতে উৎপাদন ব্যয়টা কমে আসে। বড় সিরিজে আবার বেশি প্রযুক্তি ব্যবহারের সুযোগটাও উন্মুক্ত রেখেছি। ওরা (নিম্বাস) অবশ্য বলেছিল সিরিজ বাই সিরিজ যেন এই বিষয়টার সুরাহা করি। কিন্তু আমি বলে দিয়েছি না। গ্রহণযোগ্য ব্যয় (অ্যালাউয়েবল এক্সপেন্সেস) এখনই নির্দিষ্ট হয়ে যাক। যাতে আমাদের মোট আয় (নেট ইনকাম) নির্দিষ্ট থাকে। গ্রহণযোগ্য ব্যয় সাড়ে ১৫ মিলিয়নে নামিয়ে আনার প্রস্তাবে ওরা রাজী হয়ে গেলে আমাদের আয় বেড়ে যাবে আরো সাড়ে চার মিলিয়ন। মানে তখন ৪০ মিলিয়ন থাকবে।"
কিন্তু এখান থেকেও যে ইতিমধ্যে মোটা অঙ্কের টাকা চলে গেছে নিম্বাসের অ্যাকাউন্টে। গত বছর মে মাসে ভারতের বিপক্ষে চট্টগ্রামে ওয়ানডে ম্যাচে একটা বলও মাঠে না গড়ানোয় ১.২ মিলিয়ন ডলার কেটে রেখেছে তারা। চুক্তির এই ধারাটায় ছাড় আশা করলেও নিম্বাসের পক্ষ থেকে নাকি এরকম পাল্টা যুক্তি দেওয়া হয়েছে, "কমপক্ষে ১৫ ওভার খেলা না হলে ক্ষতিপূরণ বাবদ অর্থ কেটে রাখার বিধান আমাদের অন্যান্য চুক্তিতে আছে। আর এখানে আমরা আপনাদের এক বল খেলা হলেই টাকা দিচ্ছি।"
আইসিসির এফটিপিতে (ফিউচার ট্যুরস প্রোগ্রাম) থাকা কোনো সিরিজে ভারত খেলতে না এলে ১৩ মিলিয়ন ডলার কেটে রাখার বিধান থেকেও নিম্বাসকে টলানো যাচ্ছে বলে মনে হচ্ছে না। যেমন আগামী মার্চে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে একটা ত্রিদেশীয় সিরিজে খেলতে আসার কথা ছিল ভারতের। কিন্তু তারা আসছে না নিশ্চিত করায় মোট আয় থেকে ১৩ মিলিয়ন ডলার বিয়োগ করে দিতে হচ্ছে। যার প্রভাব চলতি অর্থ বছরের বাজেটে পড়ছে বলে জানালেন আব্দুল মোমেন, "চলতি অর্থ বছরে বিসিবি সম্ভাব্য আয় ধরেছিল ১৬২ কোটি টাকা। সেখান থেকে ৯৫ কোটি টাকা খরচ বাদ দিলে অনেক উদ্বৃত্ত থাকার কথা বিসিবির। কিন্তু ১৩ মিলিয়ন ডলারের ধাক্কাতেই ৯১ কোটি টাকার (১ ইউএস ডলার ৭০ টাকা হিসাবে) ক্ষতি।"
বিসিবি ১৩ থেকে ১০ মিলিয়নে নামিয়ে আনার প্রস্তাব দিয়ে পেয়েছে এমন জবাব, "ভারতের বাণিজ্যিক মূল্যই সবচেয়ে বেশি। এই সিরিজটা না হওয়ায় অর্থনৈতিক ক্ষতি সবচেয়ে বেশি আমাদেরই।" তবে আব্দুল মোমেন এই ক্ষতি পুষিয়ে নেওয়ার ব্যাপারে আশাবাদী, "মে মাসে ভারত যদি খেলতে আসে তাহলে আমরা সেখান থেকে ক্ষতিটা পুষিয়ে নিতে পারবো বলে আশা করছি।" তাছাড়া এফটিপিতে নেই, এমন সিরিজ থেকেও আয়ের পথ খোলা আছে বলেই জানালেন তিনি। যেমন অক্টোবরে নিউজিল্যান্ডের বাংলাদেশ সফর। কিংবা ফেব্র"য়ারিতে দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ভারতের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ নির্ধারিত ছিল বলে টেস্টের সঙ্গে কোনো ওয়ানডে ছিল না। কিন্তু ভারত আসবে না বলে দেওয়ায় দুই টেস্টের সঙ্গে তিন ওয়ানডের সিরিজও যুক্ত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০৫০ঘ.
bdnews24