ঢাকা, ৩০ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- প্রথমে ফিটনেস ট্রেনিং, তারপর নেটে ব্যাটিং-বোলিংয়ের পর্ব চুকিয়ে তবেই ম্যাচ খেলা- কোনো সিরিজ শুরুর আগে বাংলাদেশ দলের প্রস্তুতির গতানুগতিক এই রুটিনটাই অনুসরণ করা হয়েছে বারবার। এবার অবশ্য সেই রুটিনে পরিবর্তন এসেছে। ছুটি কাটিয়ে মঙ্গলবার রাতে ঢাকায় ফেরা জেমি সিডন্স এবার ম্যাচ প্র্যাকটিসের মাধ্যমেই শুরু করতে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজের প্রস্তুতি। আর সেটা ১ ফেব্র"য়ারি থেকেই।
নির্বাচকরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চুক্তিভুক্ত ক্রিকেটারদের তিনটি দলে ছড়িয়ে-ছিটিয়ে দিয়েছেন। আর ১৩ সদস্যের টিম এ, বি এবং সি নামের দলগুলোতে তাদের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে সদ্যসমাপ্ত জাতীয় ক্রিকেট লিগের পারফরমারদের। তাদের সঙ্গে আছেন একাডেমী স্কোয়াডের ক্রিকেটাররাও। টিম এ-র অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। টিম বি এবং সি-র নেতৃত্বে থাকছেন মাশরাফি বিন মর্তুজা এবং সাকিব আল হাসান। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রতিদিন একটা করে ৬ ফেব্র"য়ারি পর্যন্ত মোট ছয়টি ৫০ ওভারের ম্যাচ হবে। এতে দল তিনটি দুবার করে একে অন্যের মুখোমুখি হবে। মানে প্রত্যেক দলের চারটি করে ম্যাচ। এসব ম্যাচে পারফরম্যান্সের ভিত্তিতেই হওয়ার কথা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজের দল।
টিম এ : জুনায়েদ সিদ্দিকী, তামিম ইকবাল, হাবিবুল বাশার, মোহাম্মদ আশরাফুল (অধিনায়ক), রাকিবুল হাসান, মেহরাব হোসেন জুনিয়র, মুশফিকুর রহিম, ফরহাদ রেজা, মোশাররফ হোসেন, মাহবুবুল আলম রবীন, সাজিদুল ইসলাম, তালহা জুবায়ের এবং শামসুর রহমান শুভ।
টিম বি : ইমরুল কায়েস, নাজমুস সাদাত, জহুরুল ইসলাম, নাজিমউদ্দিন, শাহরিয়ার নাফীস, মাহমুদুল্লাহ রিয়াদ, ধীমান ঘোষ, আব্দুর রাজ্জাক, নাজমুল হোসেন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), শাহাদাত হোসেন, অলক কাপালি এবং তারিকুল ইসলাম।
টিম সি : জাভেদ ওমর, রাজিন সালেহ, আফতাব আহমেদ, তুষার ইমরান, সাকিব আল হাসান (অধিনায়ক), নাঈম ইসলাম, খালেদ মাসুদ, তারেক আজিজ, মোহাম্মদ রফিক, সৈয়দ রাসেল, এনামুল হক জুনিয়র, মোহাম্মদ শাহজাদা এবং কামরুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/ঘ.
bdnews24