২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এক্সিওমই পাচ্ছে দক্ষিণ আফ্রিকা সিরিজের স্পনসরশিপ স্বত্ত্ব

দক্ষিণ আফ্রিকা সিরিজের স্পনসরশিপের জন্য আবার দরপত্র আহবানের চিন্তা থাকলেও শেষপর্যন্ত ওই পথে হাটছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রত্যাশিত অঙ্কের চেয়ে অনেক কম দর পেলেও তারা সর্বোচ্চ দরদাতা এক্সিওম টেকনোলজিসকেই আসন্ন হোম সিরিজের স্পনসরশিপ স্বত্ত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন মার্কেটিং অ্যান্ড কমার্শিয়াল কমিটির চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2008, 04:38 PM

Updated : 26 Aug 2022, 01:17 PM

ঢাকা, ২৯ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- দক্ষিণ আফ্রিকা সিরিজের স্পনসরশিপের জন্য আবার দরপত্র আহবানের চিন্তা থাকলেও শেষপর্যন্ত ওই পথে হাটছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রত্যাশিত অঙ্কের চেয়ে অনেক কম দর পেলেও তারা সর্বোচ্চ দরদাতা এক্সিওম টেকনোলজিসকেই আসন্ন হোম সিরিজের স্পনসরশিপ স্বত্ত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন মার্কেটিং অ্যান্ড কমার্শিয়াল কমিটির চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানী। এ ব্যাপারে সিদ্ধান্তে পৌছাতে মঙ্গলবার বিকেলে এক সভায় বসেছিলেন বিসিবির বিপণন বিভাগটির দেখাশোনার দায়িত্বে থাকা কর্মকর্তারা। ওই সভা থেকেই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে টেলিফোনে সালমান জানালেন, "সভা এখনো শেষ হয়নি। তবে এক্সিওমকেই স্পনসরশিপ স্বত্ত্ব দেওয়ার বিষয়ে একমত হয়েছি আমরা। যদিও এখনো সেটা তাদের আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।" আবার দরপত্র আহবানের চিন্তা বাদ দেওয়ার কারণও ব্যাখ্যা করেছেন তিনি, "দক্ষিণ আফ্রিকা আমাদের এখানে চলে আসতে এমনিতেও খুব বেশি সময় আর বাকি নেই। আবার দরপত্র দেওয়া সময়সাপেক্ষও। তাছাড়া পরেরবারও যে আমরা প্রত্যাশিত মূল্য পাবো, তারও তো কোনো নিশ্চয়তা নেই।" প্রসঙ্গত দুই টেস্ট এবং তিন ওয়ানডের সিরিজ খেলতে ১৪ ফেব্র"য়ারি ঢাকায় আসছে গ্রায়েম স্মিথের দল। এই সিরিজের স্পনসরশিপকে তিনটি প্যাকেজে ভাগ করে দুই কোটি টাকার ফ্লোর প্রাইস দিয়েছিল বিসিবি। যার মধ্যে এক নাম্বার প্যাকেজে অন্তুর্ভূক্ত টাইটেল স্পনসরশিপের জন্যই বিসিবি কমপক্ষে চেয়েছিল ১ কোটি ২০ লাখ টাকা। সেখানে শুধুই এক নাম্বার প্যাকেজে দরপত্রে অংশ নেওয়া এবি ব্যাংক দর দিয়েছিল ৫০ লাখ টাকার। সবগুলো প্যাকেজেই অংশ নেওয়া এক্সিওম টেকনোলজিস টাইটেল স্পনসরশিপের জন্য ৬০ লাখ টাকা দর দেয়। গত রোববার দরপত্র খুলে হতভম্ব বিসিবি তাদের পরদিন নতুন আর্থিক প্রস্তাব নিয়ে আসার অনুরোধ করে। তাতে এবি ব্যাংক সাড়াই দেয়নি। এক্সিওম দিলেও তারা টাইটেল স্পনসরশিপের জন্য মাত্র ৫০ হাজার টাকা বাড়ায়। আর তিনটি প্যাকেজের জন্য সবমিলিয়ে ৭০ হাজার টাকা বাড়িয়ে এই মার্কেটিং এজেন্ট দেয় ১ কোটি ১২ লাখ ৭০ হাজার টাকার নতুন প্রস্তাব। নিজেদের লক্ষ্যমাত্রায় প্রায় ৮৮ লাখ টাকার ঘাটতি থাকলেও শেষপর্যন্ত বিসিবির এতেই সম্মত হয়ে যাওয়ার পেছনে আরেকটা কারণও থাকতে পারে। এক্সিওম তো আর নিজেদের নামই এই সিরিজে ব্যবহার করবে না। যেহেতু তারা মার্কেটিং এজেন্ট সুতরাং অন্যান্য প্রতিষ্ঠানের কাছে স্পনসরশিপ স্বত্ত্ব বিক্রি করার সময়ও তাদের পাওয়া উচিত বলেও হয়তো মনে করেছে বিসিবি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৮৩০ঘ.