অ্যাডিলেড, ২৮ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শেষ সেশানে নাটকীয় কিছু ঘটেনি। এমন অবস্থানে ছিলো না কোনো দলই যেখান থেকে জয় সম্ভব। অ্যাডিলেড টেস্টের ভাগ্যে যথারীতি ড্র লিখে দিতে হয়েছে। সোমবার বীরেন্দর শেবাগের ১৫১ রানের দুর্দান্ত ইনিংসে ম্যাচের শেষ দিন উইকেটে ২৬৯ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ভারত। দুই অধিনায়কের সম্মতি নিয়ে এরপর ম্যাচ ড্র ঘোষণা করা হয়। সুবাদেই ২-১ ব্যবধানে বোর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া।
পরিসংখ্যান বলছে অ্যাডিলেড টেস্টের ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা রাখে ম্যাচের তৃতীয় ইনিংস। ১ উইকেটে ৪৫ রান নিয়ে দিন শুরু করা ভারতের জন্য বিপর্যয়ের ইঙ্গিতটা এসেছিল সকালের সপ্তম ওভারে। ব্রেট লির বলে বুড়ো আঙুলের হাতে চিড় ধরায় আহত হয়ে অবসর নিতে বাধ্য হন রাহুল দ্রাবিড় (১১*)। আরপি সিং আগেই ম্যাচের বাইরে চলে গেছেন হ্যামস্ট্রিং ইনজুরি নিয়ে। তাই হাতে আর কার্যত ৭ উইকেট নিয়ে কোনো ঝুঁকিতে যায়নি ভারত। সেটা আরো নিশ্চিত করেছে তিন নির্ভরযোগ্য ব্যাটসম্যানের দ্রুত বিদায়। শেবাগের সঙ্গে ভুল বোঝাবুঝিতে মিচেল জনসনের সরাসরি থ্রোতে রান আউট হয়েছেন শচীন টেন্ডুলকার (১৩)।
অন্যপ্রান্তে শেবাগ তখনও মারমুখী। তবে এরপর সৌরভ গাঙ্গুলী (১৮) ও ভিভিএস লক্ষ্মণের (১২) বিদায়ের পর ঝুঁকিতে যাননি শেবাগ। যদিও ভারতের মোট সংগ্রহের অর্ধেকেরও বেশি তার। ১২৩ বলে ত্রয়োদশ টেস্ট সেঞ্চুরি পাওয়া শেবাগ ১৫১ রানে আউট হওয়ার আগে খেলেছেন ২৩৬ বল। তবে বিদায় নেওয়ার আগে নিশ্চিত করে গেছেন দলের ড্র। হাতে ২০ ওভারেরও কম নিয়ে ২২০ রানের বেশি তাড়া করে ম্যাচ জেতার অবস্থা কিংবা সুযোগ ছিলো না অস্ট্রেলিয়ার। এরপর হরভজন সিং (৭) আউট হলেও কুম্বলে (৯*) ইশান্ত শর্মাকে (২*) নিয়ে ব্যাট করে গেছেন। নিষ্ফলা ম্যাচ শেষ করতে হাত মেলাতে এগিয়ে আসা ছাড়া আর কোনো উপায় ছিল না রিকি পন্টিংয়ের।
এ ম্যাচ খেলেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন অ্যাডাম গিলক্রিস্ট। ব্রেট লির বলে লক্ষ্মণের ক্যাচ নিয়ে তার বিশ্বরেকর্ডকে নিয়ে গেছেন ৪১৬ ডিসমিসালে। প্রথম ইনিংসে ১৫৩ রানের ইনিংসটির জন্য ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন শচীন টেন্ডুলকার। সিরিজ সেরার পুরস্কার পেয়েছেন ৪ ম্যাচে ২৪ উইকেট পাওয়া ব্রেট লি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ওআরপি/এএআর/১৭৩৪ঘ.
bdnews24