২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিজ ড্র করতে না পারার হতাশা আছে, তবু গর্বিত কুম্বলে

সিরিজশেষে একই সঙ্গে হতাশা ও গর্বের অনুভূতি অনিল কুম্বলের মনে! হতাশার কারণ দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েও সিরিজটা ড্র করতে না পারার। তবে সতীর্থদের লড়াই করার চোয়ালবদ্ধ প্রতিজ্ঞায় ভারত অধিনায়ক দারুণ গর্বিত। অন্যদিকে রিকি পন্টিং আনন্দিত তার দলের পারফরম্যান্সে। তার মতে, শ্রীলঙ্কার পর ভারতকেও হারিয়ে অস্ট্রেলিয়া তাদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছে ভালো মতোই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2008, 01:33 PM

Updated : 26 Aug 2022, 01:17 PM

অ্যাডিলেড, ২৮ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিজশেষে একই সঙ্গে হতাশা ও গর্বের অনুভূতি অনিল কুম্বলের মনে! হতাশার কারণ দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েও সিরিজটা ড্র করতে না পারার। তবে সতীর্থদের লড়াই করার চোয়ালবদ্ধ প্রতিজ্ঞায় ভারত অধিনায়ক দারুণ গর্বিত। অন্যদিকে রিকি পন্টিং আনন্দিত তার দলের পারফরম্যান্সে। তার মতে, শ্রীলঙ্কার পর ভারতকেও হারিয়ে অস্ট্রেলিয়া তাদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছে ভালো মতোই। মেলবোর্নে অনুষ্ঠিত প্রথম টেস্টে ৩৩৭ রানের বিশাল ব্যবধানে হেরে যাওয়ার পর সিডনিতে পরের ম্যাচে ভারত হার মেনেছিল আম্পায়ার স্টিভ বাকনরের কয়েকটি বিতর্কিত সিদ্ধান্তের মাশুল দিয়ে। বাকনরকে সিরিজ থেকে সরিয়ে দেয়ার পাশাপাশি হরভজনের বিরুদ্ধে ওঠা বর্ণবাদী মন্তব্যের প্রতিবাদে সিডনি টেস্টের পরের কয়েকটি ঝঞ্ঝা-বিক্ষুব্ধ দিন কাটাতে হয়েছিল ভারতকে। শেষ পর্যন্ত বাকনরকে সিরিজ থেকে প্রত্যাহার করা হয়, তিন টেস্টের জন্য সাসপেন্ড হওয়া হরভজনকেও শুনানি শেষ না হওয়া পর্যন্ত খেলার অনুমতি দেয় আইসিসি। পার্থ টেস্টের আগে দুই অধিনায়কের সমঝোতামূলক 'সন্ধি' নতুন এক মাত্রা যোগ করে সিরিজে। পার্থে ঐতিহাসিক জয়ের মাধ্যমে সিডনির অপমানের প্রতিশোধ নেয়া 'টিম ইন্ডিয়া'র অ্যাডিলেড টেস্টের পারফরম্যান্সও দুর্দান্ত। সব মিলিয়ে নিজেদের পারফরম্যান্সে কুম্বলে এতটাই খুশি যে অস্ট্রেলিয়াকে ছোঁয়ার কথা বলতেও দ্বিধা করছেন না তিনি, "আমরা তাদের (অস্ট্রেলিয়ার) অবস্থানের দিকে এগিয়ে যাচ্ছি। সেই ক্ষমতা আমাদের আছে। মেলবোর্নে আমরা বাজেভাবে হেরেছিলাম। কিন্তু সিডনিতে দুর্দান্ত খেলেছিলাম। আমি ভেবেছিলাম আর ৭/৮ মিনিট টিকে থেকে ড্র করতে পারবো আমরা। পার্থ ছিল বিশেষ কিছু। আর এখানে (অ্যাডিলেডে) আমরা যেভাবে খেলেছি তা সত্যিই অসাধারণ।" ভারতীয় ক্রিকেটের 'পঞ্চ পান্ডব' শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলী, ভিভিএস লক্ষ্মণ ও কুম্বলের সম্ভবত এটাই শেষ অস্ট্রেলিয়া সফর। অনেকেরই ধারণা এই পাঁচ তারকার বিদায়ে অনেকখানিই দুর্বল হয়ে যাবে ভারত। তবে এই ধারণার সঙ্গে একমত নন কুম্বলে। তার বিশ্বাস দলের হাল ধরার মতো প্রতিভাবান ক্রিকেটার পেতে তেমন সমস্যা হবে না 'টিম ইন্ডিয়া'র, "যে সব প্রতিভাবান খেলোয়াড় উঠে আসছে তাদের দিকে লক্ষ্য রাখুন। এই সিরিজেই বেশ কয়েক জন তরুণ উঠে এসেছে। সেই সঙ্গে দেশে যে সব প্রতিভাবান তরুণকে রেখে এসেছি তাদের ভবিষ্যতও উজ্জ্বল। নিঃসন্দেহে ভালো কিছুর দিকনির্দেশনাই পাওয়া যাচ্ছে।" এবারের বোর্ডার-গাভাস্কার ট্রফির লড়াইয়ে তরুণ পেসারদের পারফরম্যান্সেও কুম্বলে দারুণ খুশি, "আমরা পূর্ণ শক্তির ফাস্ট বোলিং আক্রমণ নিয়ে এখানে আসতে পারিনি। তারপর প্রথম টেস্টের পর প্রধান ফাস্ট বোলার জহির খানকেও আমরা হারিয়েছি। কিন্তু তরুণ ফাস্ট বোলিং ইউনিট যেভাবে সাড়া দিয়েছে তা এক কথায় অসাধারণ। আরপি সিং আক্রমণে নেতৃত্ব দিয়েছে। দলে ফেরা ইরফান পাঠান দারুন বোলিং করেছে। এবং সম্ভবত ইশান্ত শর্মা এই সিরিজের আবিষ্কার। ১৯ বছর বয়সে অস্ট্রেলিয়ায় প্রথম সিরিজ খেললেও শুরু থেকে শেষ পর্যন্ত আক্রমণাত্মক ছিল সে। যেভাবে সে প্রত্যেক ব্যাটসম্যানকে বেগ দিয়েছে তা এক কথায় দুর্দান্ত।" ২-১ ব্যবধানে সিরিজ জিতেও কিন্তু এতটা উচ্ছ্বসিত নন পন্টিং। তবে শ্রীলঙ্কার পর ভারতের সঙ্গেও জয় পাওয়ায় অস্ট্রেলিয়ার অধিনায়কের কণ্ঠে আনন্দের পাশাপাশি সন্তুষ্টিরও ছোঁয়া, "আমি মনে করি আমরা ভালোই করেছি। শ্রীলঙ্কা ও ভারত বিশ্বের অন্যতম সেরা দুই দল। আর আমরা এই দুই দলকেই হারিয়েছি। আমরা ভালো ক্রিকেটই খেলেছি। আমি এর চেয়ে বেশি খুশি হতে পারতাম না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৯২৫ঘ.