মুলতান, ২৭ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - সর্বনাশ যা ঘটার আগেই ঘটে গেছে। শেষ দিকে রান আর বলের সমীকরণ মেলাতে তাই থই পায়নি জিম্বাবুয়ে। রোববার মুলতানে পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ৫০ ওভারে ৭ উইকেটে ২৩৫ রানেই থামতে হয়েছে তাদের। সুবাদেই ৩৭ রানে ম্যাচ জিতে ৩-০ ব্যবধানে মোবিলিঙ্ক ওয়ানডে সিরিজ জেতা নিশ্চিত করেছে পাকিস্তান। এর আগে ম্যাচ সেরা শহীদ আফ্রিদির ঝড়ো ৮৫ রানে ৯ উইকেটে ২৭২ রান সংগ্রহ করেছিল স্বাগতিকরা।
আফ্রিদি ডান হাতি, সনাৎ জয়াসুরিয়া বাঁহাতি। টকটকে ফর্সার বিপরীতে কুচকুচে কালো। এই বৈসাদৃশ্যটুকু বাদ দিলে শহীদ আফ্রিদি ও সনাৎ জয়াসুরিয়ার মারকুটেপনায় অমিল নেই কোনো। দুজনেই স্পিনার হিসেবে দলে ভিড়েছিলেন। ব্যাটিং তান্ডবে অলরাউন্ডার হয়ে গেছেন। অবশ্য সদ্য অবসরে যাওয়া জয়াসুরিয়ার মতো থিতু এবং অপরিহার্য আফ্রিদি হতে পারেননি জাতীয় দলে। কিন্তু দ্রুততম সেঞ্চুরির মতো জয়াসুরিয়ার অনেক ওয়ানডে রেকর্ডই ভেঙ্গেছেন। রোববার ছুঁলেন আরেকটি। ম্যাচে ষষ্ঠ ছক্কাটি মেরে জয়াসুরিয়ার ৩৯২টি ওয়ানডে ছক্কার বিশ্বরেকর্ডে ভাগ বসিয়েছেন আফ্রিদি।
ক্রিজে যখন এসেছেন অঘটনের শঙ্কায় কাঁপছে পাকিস্তান শিবির। ৭৮ রানে পঞ্চম উইকেট হারিয়েছে স্বাগতিকরা। সেখান থেকে মিসবাহ-উল হকের সঙ্গে ১১৬ রানের জুটি গড়ে দলকে উদ্ধার করেছেন আফ্রিদি। টস জিতে ব্যাট করতে নামা পাকিস্তানের সর্বনাশটা করেছেন তাওয়ান্দা মুপারিওয়া। সিরিজের প্রথম ম্যাচ খেলতে নেমে ক্যারিয়ার সেরা বোলিং করেছেন ডান হাতি এই মিডিয়াম পেসার। ৪৬ রান খরচায় নিয়েছেন ৪ উইকেট। তার সঙ্গে এল্টন চিগুম্বুরা ও গ্যারি ব্রেন্টের নিয়ন্ত্রিত বোলিংয়ে এক পর্যায়ে ৮ ওভারে মাত্র ১২ রান তুলতে পারে পাকিস্তান, চার উইকেট হারিয়েছে ওই ১২ রানের মধ্যেই। সালমান বাট ও নাসির জামশেদের উদ্বোধনী জুটিতে এসেছে ৪৭ রান। বাটকে (২৩) পয়েন্টে ব্রেন্ডন টেলরের ক্যাচ বানিয়ে জুটি ভাঙেন চিগুম্বুরা।
১০ রান করা ইউনিস খানকে এলবিডব্লু করে প্রথম আঘাত হানেন মুপারিওয়া। আগের দুটো ম্যাচে হাফ সেঞ্চুরি করা আরেক ওপেনার নাসির জামশেদ (৩২) তার দ্বিতীয় শিকার। মিডউইকেটে তার ক্যাচ নিয়েছেন চামু চিবাবা। পরের ওভারেই মোহাম্মদ ইউসুফকে (৫) ফিরতি বলে ক্যাচ নিয়ে পাকিস্তানকে বিপাকে ফেলে দেন মুপারিওয়া। সঙ্কট আরো বাড়ে শন উইলিয়ামসের সরাসরি থ্রোতে অধিনায়ক শোয়েব মালিক (৩) রান আউট হয়ে গেলে।
সেখান থেকেই আফ্রিদি-মিসবাহর ইনিংস মেরামতি। ৩৪ বলে ফিফটি করেছেন আফ্রিদি। তাতে একটি বাউন্ডারি আর তিনটি ছক্কা। জুটি ভেঙ্গেছেন মুপারিওয়া। তিন বছরে তার প্রথম ওয়ানডে সেঞ্চুরি থেকে ১৫ রান দূরে থাকতে কাভারে জিম্বাবুয়ে অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজাকে ক্যাচ দিয়েছেন আফ্রিদি। সঙ্গীর মারমুখীতার বিপরীতে যথারীতি সংযত ছিলেন মিসবাহ। আউটও হয়েছেন তার নিজস্ব ভঙ্গিতেই- রিভার্স সুইপ করতে গিয়ে। ৪৪ রান করে শন উইলিয়ামসের বলে চিগুম্বুরাকে ক্যাচ দিয়েছেন পাকিস্তানের সহ-অধিনায়ক। পাকিস্তান তারপরও বলার মতো সংগ্রহ করতে পেরেছে টেলএন্ডারদের দৃঢ়তায়। অভিষিক্ত কামরান হুসাইন ও কিপার কামরান আকমল দুজনেই ২৮ রানের ঝড়ো ইনিংসে একটা গ্রহণযোগ্য চেহারা দিয়েছেন দলীয় সংগ্রহকে।
জবাব দিতে নেমে সোহেল তানভিরের তোপে শুরুতেই দুই ওপেনারকে হারায় জিম্বাবুয়ে। আগের ম্যাচে ৮৭ রান করা মাসাকাদজা ফিরে গেছেন ১০ রান করে। ভুসি সিবান্দার রান ৬। আগের ম্যাচে ৮১ রান করা টাইবু ১০ রানের মাথায় রানআউট হলে আরো বিপদে পড়ে যায় জিম্বাবুয়ে। সেখান থেকে চতুর্থ উইকেটে ১০৫ রানের জুটি গড়ে বিপর্যয় সামলেছেন টেলর ও উইলিয়ামস। ১০১ বলে ৩টি বাউন্ডারি সর্বোচ্চ ৭১ রান করে আফ্রিদির বলে আউট হয়েছেন উইলিয়ামস। টেলর ৭৬ বল খেলে দুটো বাউন্ডারিতে করেছেন ৫৫ রান। কিন্তু এই ইনিংস মেরামতিতে প্রচুর বল নষ্ট হওয়ায় শেষ দিকে চাপে পড়ে যায় জিম্বাবুয়ে। তার উপর পাকিস্তানী বোলারদের উপর চড়াও হতে না পেরে রান রেটের চাহিদা বাড়তেই থাকে। চিগুম্বুরা ৪৪ বলে ৪২ রানের ইনিংস নিয়ে অপরাজিত থাকেন শেষ পর্যন্ত। ব্রেন্টের (১৩*) সঙ্গে তার অষ্টম উইকেটে ৪৬ রানের অবিচ্ছিন্ন জুটি খেলে গেছে ম্যাচ জেতার আশা শিকেয় তুলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ওআরপি/এমএম/২০৫০ঘ.
bdnews24