পোর্ট এলিজাবেথ, ২৭ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শেষ দু'বলে দু রান দরকার। প্রথমটি মিস করলেন। দ্বিতীয়টি তুলে মারতে গিয়ে লংঅনে জাঁ পল ডুমিনির হাতে ক্যাচ দিলেন। ৯৮ রানেই থামলেন মারলন স্যামুয়েলস। কিন্তু তার আগে জ্বালিয়ে দিলেন সিরিজে ফেরার ক্ষীন আশার সলতেটিও। রোববার পোর্ট এলিজাবেথে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেটে ২৫২ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। আর কৃতিত্বটা অনেকখানি স্যামুয়েলসের।
ওয়ানডের তৃতীয় সেঞ্চুরিটি অল্পের জন্য হাতছাড়া হলো। কিন্তু এই হাতছাড়া হওয়ার জ^ালাটা বেশি পুড়িয়েছে মার্ক বাউচারকে। শন পোলকের বলে ক্যাচ ছেড়েছেন যখন, স্যামুয়েলস তখন ১৯ রানে। সেই জীবনটা ৯৮ পর্যন্ত টেনে নিয়েছেন ৮৮ বল খেলে। তাতে ৭টি চার ও ৪টি ছক্কা। যেই মর্কেল তার উইকেট নিয়েছেন, তার সাত বলের মধ্যে মেরেছেন চারটি বাউন্ডারি ও একটি ছক্কা। সুবাদেই শেষ ৯ ওভারে ৯১ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। পোলক ছিলেন আগের মতোই মিতব্যায়ী। ১০ ওভারে ২৮ রানে ১ উইকেট। বিপরীতে ডেইল স্টেইন, চার্লস ল্যাঙ্গারভেল্ট ও মরনি মর্কেল মিলে ২৯ ওভার বল করে ২ উইকেট নিয়েছেন ১৭৯ রান খরচায়।
তবে ওয়েস্ট ইন্ডিজের এই ভিতটা গড়েছেন ওপেনার সিউনারায়ন চতুর্গুন ও এ ম্যাচে অভিষিক্ত প্যাট্রিক ব্রাউন। দ্বিতীয় উইকেট জুটিতে ৭৫ রান যোগ করেছেন দুজন। পঞ্চম ম্যাচে এসে তার দ্বিতীয় ফিফটিটি করেছেন এই বাঁহাতি ওপেনার। অন্যদিকে মাত্র একটি প্রথম শ্রেনীর ফিফটি নিয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা ব্রাউন দুটো চার ও দুটো ছক্কায় ৩৫ রান করে আউট হয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ওআরপি/এমএম/১৯৫৫ঘ.
bdnews24