অ্যাডিলেড, ২৬ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিজে মাত্র একটি টেস্টে খেলা হয়নি তার। পার্থে ইনজুরির কারণে দলে ছিলেন না ম্যাথু হেইডেন। সে ম্যাচে হেরেছে অস্ট্রেলিয়া। মেলবোর্ন ও সিডনিতে দুটো সেঞ্চুরি হাঁকানো এই বাঁহাতি ওপেনার ফের ফিরেছেন অ্যাডিলেড টেস্টে। ফিরেই সেঞ্চুরি। আর হেইডেনের ১০৩ রানের ইনিংসটির সুবাদে ভারতের জবাবটাও ভালোই দিচ্ছে অস্ট্রেলিয়া। তৃতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের সংগ্রহ ৩ উইকেটে ৩২২ রান। অধিনায়ক রিকি পন্টিং ৭৯ এবং মাইকেল কার্ক ৩৭ রান নিয়ে ব্যাট করছেন।
এটি হেইডেনের ৩০তম সেঞ্চুরি। শচীন টেন্ডুলকার, ব্রায়ান লারা, সুনীল গাভাস্কার, রিকি পন্টিং এবং স্টিভ ওয়াহর পর এই কাবের তিনি ষষ্ঠ সদস্য। আর সেই সদস্যপদ পেতে হেইডেনেরই লেগেছে বাকিদের চেয়ে কম সময়। তবে ৩০তম সেঞ্চুরি যত দ্রুতই করুন, তৃতীয় দিনের খেলায় রান সংগ্রহের গতি ছিল বেশ ধীর। বিনা উইকেটে ৬০ রান নিয়ে দিন শুরু করেছিল অস্ট্রেলিয়া। উদ্বোধনী জুটিতে এসেছে ১৫৯ রান। লাঞ্চের পর অনিল কুম্বলে ভারতকে ব্রেক থ্রু দিয়েছেন ফিল জ্যাকসকে (৬০) বোল্ড করে। চা-বিরতির আগে দারুণ এক রিভার্স সুইংয়ে হেইডেনের অফস্টাম্প উপড়ে নিয়েছেন ইশান্ত শর্মা। ১৮১ বলে সেঞ্চুরি করেছেন হেইডেন। চার মেরেছেন ১০টি, ছক্কা একটি।
ভারতের পাঁচ বোলার খেলানোর পরিকল্পনাটা একদিক থেকে কাজে এসেছে। রুদ্র প্রতাপ সিং হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন। এদিন খেলাতেই নামেননি, সম্ভাবনা আছে তার আর না খেলার। কিন্তু পঞ্চম বোলার হিসেবে দলে আসা হরভজন সিং আগের সুনাম ধরে রাখতে পারেননি। আগে পাঁচবার প্রথম ওভারেই তুলে নিয়েছেন রিকি পন্টিংয়ের উইকেট। কিন্তু এদিন যেন আউট না হওয়ার পণ করেই নেমেছিলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক। হরভজন কেন, কোনো বোলারই তাই বিব্রত করতে পারেননি পন্টিংকে। এতটাই সাবধানী ছিলেন যে প্রথম বাউন্ডারিটি মেরেছেন মুখোমুখি হওয়া ৫৩তম বলে। মাইকেল হাসিকে (২২) নিয়ে তৃতীয় উইকেটে ৫৫ রান যোগ করেছেন তিনি। হাসিকে বোল্ড করে ইরফান পাঠান ভেঙ্গেছেন এই জুটি।
সেখান থেকে আর কোনো বিপদ হতে দেননি মাইকেল কার্ক ও পন্টিং। চতুর্থ উইকেটে ৮১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন দুজন। অস্ট্রেলিয়া এখনও ২০৪ রানে পিছিয়ে। তবে তাদের ফলো অন করার সম্ভাবনাটা নেহাতই গানিতিক, বাস্তবসম্মত নয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ওআরপি/১৬১৫ঘ.
bdnews24