২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিদায়-মুহূর্তেও তিনি ক্যারিয়ারের মতোই অনন্য!

সিরিজে ম্যাথু হেইডেনের টানা তৃতীয় সেঞ্চুরি নয়। অ্যাডিলেড টেস্টের তৃতীয় দিনে সবচেয়ে চমকজাগানিয়া খবর হচ্ছে অ্যাডাম গিলক্রিস্টের অবসর ঘোষণা। শনিবার দিনশেষের সংবাদ সম্মেলনে আচমকাই এই ঘোষণা দিয়েছেন। শোনার পর গোটা মিডিয়াতে তোলপাড়। হেইডেন আর গুরুত্বপূর্ণ নন কারো কাছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2008, 01:34 PM

Updated : 26 Aug 2022, 01:16 PM

অ্যাডিলেড, ২৬ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিজে ম্যাথু হেইডেনের টানা তৃতীয় সেঞ্চুরি নয়। অ্যাডিলেড টেস্টের তৃতীয় দিনে সবচেয়ে চমকজাগানিয়া খবর হচ্ছে অ্যাডাম গিলক্রিস্টের অবসর ঘোষণা। শনিবার দিনশেষের সংবাদ সম্মেলনে আচমকাই এই ঘোষণা দিয়েছেন। শোনার পর গোটা মিডিয়াতে তোলপাড়। হেইডেন আর গুরুত্বপূর্ণ নন কারো কাছে। ঘোষণা অনুযায়ী আগামী সোমবার শেষ হতে যাওয়া অ্যাডিলেড টেস্টই গিলক্রিস্টের শেষ টেস্ট। ভারত ও শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিবি সিরিজেই অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডেতে শেষবার প্রতিনিধিত্ব করবেন ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই উইকেট কিপার ব্যাটসম্যান। আগের দিনই অস্ট্রেলিয়ান মিডিয়া চেপে ধরেছিল তাকে। ভারতীয় অধিনায়ক অনিল কুম্বলের ক্যাচ নিয়ে সর্বোচ্চ ডিসমিসালের বিশ্বরেকর্ড গড়েছেন। দক্ষিণ আফ্রিকান কিপার মার্ক বাউচারকে (৪১৩) হটিয়ে ওয়ানডের মতো এখানেও গড়েছেন আধিপত্যের কৃতিত্ব। সাংবাদিকদের তোলা অবসরের সম্ভাব্য জল্পনা তাৎক্ষণিকভাবে উড়িয়ে দিয়েছিলেন গিলক্রিস্ট। সিরিজে চারটি সহজ ক্যাচ এবং দুটো স্টাম্পিং মিস করার জন্য খানিকটা নিন্দিত হয়েছিলেন। অ্যাডিলেডেও একই কাণ্ড ঘটার পর সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহ এবং পূর্বসূরী ইয়ান হিলিও নেমে এসেছিলেন সমালোচকদের কাতারে। তার কোনো প্রভাব পড়েছে কিনা সঠিক জানে না কেউ। তবে শনিবার সকালে ড্রেসিংরুমেই প্রথম দিয়েছেন এই সংবাদ। এবং দিনশেষে আনুষ্ঠানিকভাবে। বলেছেন, "অনেক গর্ব এবং আনন্দ নিয়েই আমি টেস্ট ও ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্তটা নিতে পেরেছি। আমার কাছে গুরুত্বপূর্ণ, এমন স্বজনদের সঙ্গে আলোচনা করে অনেক ভেবেচিন্তেই নিয়েছি এই সিদ্ধান্ত।" যোগ করেছেন, "আমি ও আমার পরিবার এই অভিজ্ঞতায় সমৃদ্ধ ক্যারিয়ারের জন্য নিজেদের ভাগ্যবান মানছি। যারা আমাদের জীবনকে এভাবে কানায় কানায় ভরিয়ে দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।" গিলক্রিস্টকে ঠিক কিভাবে মনে রাখবে ক্রিকেট ইতিহাস! এত চমকপ্রদ পরিসংখ্যান নিয়ে ক্রিকেট জীবনকে বিদায় জানাতে খুব বেশি ক্রিকেটার পারেননি। ১৯৯৬ সালের অক্টোবরে পাকিস্তানের ফরিদাবাদে ত্রিদেশীয় সিরিজে ওয়ানডেতে অভিষেক তার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সে ম্যাচে সাত নম্বরে ব্যাট করতে নেমে ১৮ রান ও দুটো ক্যাচ নিয়েছিলেন গিলক্রিস্ট। ফর্মের সঙ্গে সংগ্রাম করতে থাকা অধিনায়ক মার্ক টেলরের বদলি হিসেবে দক্ষিণ আফ্রিকা সফরে নিয়মিত হয়েছেন পরের বছর এপ্রিলে। ডারবানে ৮৮ বলে ৭৭ রান করে আভাস দিয়েছিলেন তার ক্ষমতার। ১৯৯৯ সালের নভেম্বরে ব্রিসবেনের গ্যাবায় পাকিস্তানের বিপক্ষে টেস্ট অভিষেক। ইয়ান হিলির জায়গায় তার অন্তর্ভূক্তি মেনে নিতে পারেননি অস্ট্রেলিয়ার বহু মানুষ। কিন্তু প্রথম ম্যাচেই তাদের ধারণা বদলে দিয়েছিলেন ৮৮ বলে ৮১ রানের এক দুর্দান্ত ইনিংস খেলে। সঙ্গে কিপার হিসেবে ৫টি ক্যাচ ও একটি স্টাম্পিং। পরের ম্যাচে আরো দুর্দান্ত। ৩৬৯ রানের জয়ের লক্ষ্য নিয়ে ১২৬ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলা অস্ট্রেলিয়াকে ম্যাচ জিতিয়েছিলেন জাস্টিন ল্যাঙ্গারের সঙ্গে ২৩৮ রানের জুটি গড়ে, ১৬৩ বলে ১৪৯ রানে অপরাজিত ছিলেন গিলক্রিস্ট। গত বছর ফতুল্লায় বাংলাদেশের বিপক্ষে এমনই এক বিব্রতকর পরিস্থিতি থেকে দলকে বাঁচিয়েছিলেন তিনি। বাংলাদেশের ৪২৭ রানের জবাবে ৯৩ রানে ৬ উইকেট হারিয়ে ফেলা অস্ট্রেলিয়াকে উদ্ধার করেছেন ১৪৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে। স্টিভ ওয়াহর টানা ১৬ টেস্ট জয়ী দলের সদস্য গিলক্রিস্ট, রিকি পন্টিংয়ের রেকর্ডছোঁয়াতেও সঙ্গী ছিলেন। টানা তিনটি ওয়ানডে বিশ্বকাপ জেতার দুর্লভ কৃতিত্বও আছে তার। ৯৬ টেস্টে গিলক্রিস্টের সংগ্রহ ৪৭.৮৯ গড়ে ৫ হাজার ৫৬৬ রান। ১৭টি সেঞ্চুরি করেছেন যার মধ্যে সর্বোচ্চ ইনিংসটি অপরাজিত ২০৪ রানের। ৩৭৭টি ক্যাচ ও ৩৭টি স্টাম্পের সম্মিলিত ৪১৪টি ডিসমিসাল বিশ্বরেকর্ড। ওয়ানডেতেও বিশ্ব রেকর্ডটি তার। ৪০১টি ক্যাচ এবং ৫৩টি স্টাম্পিংসহ মোট ৪৫৪টি ডিসমিসাল আছে গিলক্রিস্টের। ২৭৭টি ওয়ানডে খেলে ৩৬.০৩ গড়ে ৯ হাজার ৫৯৪ রান করেছেন। সেঞ্চুরি করেছেন ১৫টি, সর্বোচ্চ ইনিংস ১৭২ রানের। এখানেই শেষ নয় তার কীর্তির। স্টিভ ওয়াহ নাকি আইসক্রিম খেতে খেতে তাকে ওয়ানডে ওপেনার বানিয়ে দিয়েছিলেন! সেটার সর্বশেষ ঝলক দেখিয়েছেন বিশ্বকাপ ফাইনালে। ব্রিজটাউনে শ্রীলঙ্কার বিপক্ষে সে ম্যাচে ১০৪ বলে ১৪৯ রান করেছেন গিলক্রিস্ট। এবং টেস্ট ক্রিকেটটাও খেলেছেন ওয়ানডে ধাঁচে। টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ার পক্ষে দ্রুততম সেঞ্চুরি ও ডাবল সেঞ্চুরির রেকর্ড তার। গত নভেম্বরে বেলেরিভ ওভালে মুত্তিয়া মুরালিধরনকে হাঁকিয়ে টেস্ট ক্রিকেটে তার ১০০তম ছক্কাটি মেরেছিলেন গিলক্রিস্ট। টেস্টে আর কারো নেই এই কৃতিত্ব। ক্রিকেট তাকে মনে রাখবে আউট হওয়ার পর আম্পায়ারের সিদ্ধান্তের অপেক্ষায় না থেকে মাঠ ছাড়ার উদারতার জন্যও। একবার নয়, অসংখ্যবার। এমন একজনের বিদায়ে অস্ট্রেলিয়ানদের বিহ্বল হওয়াটাই স্বাভাবিক। ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান ক্রেইগ 'ও কনোর গিলক্রিস্টের এই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে শুভেচ্ছাসূচক বিবৃতি দিয়েছেন। বলেছেন, "অস্ট্রেলিয়ার সর্বকালের সেরা উইকেট কিপার-ব্যাটসম্যান হচ্ছে অ্যাডাম। ক্রিকেট ওর কাছে কি পেয়েছে তার জন্য পরিসংখ্যানে এক বার নজর দিলেই উত্তর মিলবে। তবে শুধু পরিসংখ্যানই যথেষ্ট নয় তার সত্যিকার মেধাকে বোঝাতে। ঐতিহ্যকে সম্মান এবং ক্রিকেটের চেতনাকে ধারণ করে মাথা উঁচু করেই বিদায় নিচ্ছে সে।" তার দীর্ঘ দিনের ওপেনিং সঙ্গী হেইডেন গিলক্রিস্টের বর্ণাঢ্যতার মিল পেয়েছেন ক্যারিবিয়ান ক্যালিপসোতে। হেইডেনের মতে, "সর্বকালের সেরা ক্রিকেটারদের একজন সে। খুবই ইতিবাচক এবং ওর লড়াকু মানসিকতা অনেকটা ভিভ রিচার্ডস ও ক্যারিবিয়ান গ্রেটদের সঙ্গেই মেলে।" নিউ সাউথ ওয়েলসের উইকেট কিপার ব্র্যাড হ্যাডিনকে ধরা হচ্ছে গিলক্রিস্টের সম্ভাব্য উত্তরসূরী হিসেবে। গিলক্রিস্ট নিজে জানাচ্ছেন আপাতত পরিবারদের সময় দেওয়ার কথা, "আমার জীবনের পরের অধ্যায়টিতে যাওয়ার জন্য আমি মুখিয়ে আছি। এতে আমার স্ত্রী মেল ও তিন সন্তান হ্যারিসন, অ্যানি ও আর্চিকে আরো সময় দিতে পারব।" পাশাপাশি ধন্যবাদ দিয়েছেন সতীর্থদের ক্যারিয়ারকে এতো বর্ণিল ও উত্তেজনাপূর্ণ করার জন্য। অস্ট্রেলিয়ার আর দুটো উইকেট পড়লেই অ্যাডিলেড টেস্টে ব্যাট করতে নামবেন গিলক্রিস্ট। গত বছর শেন ওয়ার্ন, জাস্টিন ল্যাঙ্গার ও গ্লেন ম্যাকগ্রাদের মতো তার বিদায়ও উদযাপন করবেন দর্শকরা। গত এক যুগে অস্ট্রেলিয়ার ভাগ্যটা অ্যাডিলেডে ভালো নয়, তাই বিদায়ের জন্য সুখদায়ক ভেন্যু নয় এটি। কিন্তু গিলক্রিস্ট আবার ঐতিহ্য মেনে খেলেছেন কবে! বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ওআরপি/১৯৩৫ঘ.