২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেন্ডুলকারের সেঞ্চুরিতে প্রথম দিন ভারতের

সেরাটা বুঝি শেষের জন্যই তুলে রেখেছিলেন শচীন টেন্ডুলকার! অস্ট্রেলিয়ায় এটি তার সম্ভবত শেষ সফর। সিডনিতে সেঞ্চুরি, মেলবোর্ন এবং পার্থে দুটো ফিফটি দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন সফরটা স্মরণীয় করেই রাখতে চান তিনি। অ্যাডিলেডে আবারও সেঞ্চুরি। এবং অপরাজিত এখনও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2008, 09:45 AM

Updated : 26 Aug 2022, 01:16 PM

অ্যাডিলেড, ২৪ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সেরাটা বুঝি শেষের জন্যই তুলে রেখেছিলেন শচীন টেন্ডুলকার! অস্ট্রেলিয়ায় এটি তার সম্ভবত শেষ সফর। সিডনিতে সেঞ্চুরি, মেলবোর্ন এবং পার্থে দুটো ফিফটি দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন সফরটা স্মরণীয় করেই রাখতে চান তিনি। অ্যাডিলেডে আবারও সেঞ্চুরি। এবং অপরাজিত এখনও। টেন্ডুলকারের এই ১২৪ রানের ইনিংসের সুবাদেই অ্যাডিলেড টেস্টেও প্রথম দিনটির নিয়ন্ত্রণে ভারত। বৃহস্পতিবার প্রথম দিনশেষে তাদের সংগ্রহ ৫ উইকেটে ৩০৯ রান। টেন্ডুলকারের সঙ্গী হিসেবে ৬ রান নিয়ে অপরাজিত আছেন মহেন্দ্র সিং ধোনি। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অনিল কুম্বলে। একাদশ নিয়ে জল্পনাটা সত্যি করে ওয়াসিম জাফরকে হটিয়ে দলে ঢুকেছেন হরভজন সিং। ইরফান পাঠান ব্যাট করেছেন ওপেনিংয়ে। এবং ব্যর্থ। বীরেন্দর শেবাগের সঙ্গে উদ্বোধনী জুটিতে ৩৪ রান যোগ করেছেন পাঠান (৯)। দুটো বাউন্ডারি মেরে দিনের অষ্টম ওভারেই মিশেল জনসনের শিকার হয়েছেন অ্যাডাম গিলক্রিস্টকে ক্যাচ দিয়ে। দ্বিতীয় উইকেটে শেবাগের সঙ্গে ৪৮ রান যোগ করেছেন রাহুল দ্রাবিড় (১৮)। জনসনের দ্বিতীয় শিকার হয়েছেন ভারতের সাবেক অধিনায়ক। লাঞ্চের আগে অস্ট্রেলিয়ার সাফল্য এই দুটো উইকেট। টেন্ডুলকারের আগমনও তখনই। সতর্ক শুরু বোঝাতেই প্রথম রান নিতে ১৮ বল অপেক্ষা। এরপর তখন পর্যন্ত সফল জনসনকে এক ওভারেই অফসাইডে তিনবার বাউন্ডারির বাইরে পাঠালেন। টেন্ডুলকার যখন দ্যুতি ছড়াচ্ছেন, শেবাগ তখন দ্যুতি হারাচ্ছেন। ৬৮ বলে ফিফটি করার পর ৬৩ রানে গিয়ে থেমেছেন। থামিয়েছেন ব্রেট লি। স্লিপে ক্যাচ নিয়েছেন ম্যাথু হেইডেন। যদিও টিভি রিপ্লেতে দেখা গেছে বোলিং ক্রিজ পেরিয়ে গেছে লি'র পা- বলটি নো ছিলো। সৌরভ গাঙ্গুলী এসে বেশিক্ষণ টেকেননি। ৯ রান করে ব্র্যাড হগের বলে এলবিডব্লু হয়েছেন। সেখান থেকেই শুরু টেন্ডুলকার ও ভিভিএস লক্ষ্মণের ম্যাচ ঘোরানো জুটির। পঞ্চম উইকেটে ১২৬ রান যোগ করেছেন দুজন। অসাধারণ ব্যাটিং প্রদর্শনীতে ৩৯তম টেস্ট সেঞ্চুরিটি পুরো করেছেন টেন্ডুলকার। পার্টটাইম স্পিনার মাইকেল ক্লার্ককে ছক্কা মেরেছেন, তারপর বাউন্ডারি হাঁকিয়ে পৌঁছেছেন এই মাইলফলকে। ১৩৩ বলে সেঞ্চুরির পথে ৯টি বাউন্ডারি ও তিনটি ছক্কা মেরেছেন টেন্ডুলকার। ৩৭ রানে একবার জীবন পেয়েছিলেন লক্ষ্মণ। লি'র বলে তার ক্যাচটি ধরে রাখতে পারেননি অ্যাডাম গিলক্রিস্ট। চা বিরতির খানিক পর সে ক্ষতিটা পুষিয়ে দিয়েছেন গিলক্রিস্ট। লি'র বলেই। তবে তার আগে ৫১ রান করে ফেলেছেন লক্ষ্মণ। মিড উইকেটে হগকে দু'বার বাউন্ডারি ছাড়া করে ৩২তম ফিফটি করেছেন তিনি। লক্ষ্মণের বিদায়ের পর আর কোনো ক্ষয়ক্ষতি হতে দেননি টেন্ডুলকার-ধোনি। অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেট জুটিতে এসেছে ২৭ রান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ওআরপি/১৫৪৫ঘ.