অ্যাডিলেড, ২৩ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বয়স এখনো ৩৫ পূর্ণ হয়নি। এক জন ব্যাটসম্যানের জন্য বয়সটা তেমন বেশিও নয়। কিন্তু তার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার দীর্ঘ ১৮ বছরের। সেজন্যই ইদানিং একটা গুঞ্জন প্রায়ই শোনা যায়, "কবে অবসর নেবেন শচীন টেন্ডুলকার?" তবে যে যা-ই ভাবুক না কেন, টেন্ডুলকারের মনে আপাতত অবসর সংক্রান্ত কোনো চিন্তাও উঁকি দিচ্ছে না। 'লিটল জিনিয়াস' বরং তার খেলাটা উপভোগ করছেন দারুণভাবে।
অ্যাডিলেড টেস্ট উপলক্ষে বুধবার সাউথ অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশন এক ডিনারের আয়োজন করেছিল। সেখানেই স্ট্রেইট ড্রাইভে বাউন্ডারি মারার ঢংয়ে তার অবসরের গুঞ্জনটা উড়িয়ে দিলেন 'এ যুগের ডন', "সত্যি কথা বলতে কি আমি এটা (অবসর) নিয়ে বিন্দুমাত্র ভাবছি না। আমি শুধু চাই মাঠে নেমে খেলাটা উপভোগ করতে। শুধু চাই নিজের সর্বোচ্চ ক্ষমতা অনুযায়ী সব কিছু উপভোগ করতে।"
ব্যাটিংটা তিনি দুর্দান্তভাবে উপভোগ করছেনও। গত বছর ৩৩ ওয়ানডেতে ৪৭ দশমিক ৫ গড়ে করেছিলেন ১৪২৫ রান। টেস্টের পারফরম্যান্সও দারুণ। ২০০৭ সালে ৯ টেস্টে দুটো সেঞ্চুরি সহ ৫৫ দশমিক ৪২ গড়ে ৭৭৬ রান এসেছিল তার ব্যাট থেকে। বেশ কয়েক বার 'নার্ভাস নাইন্টিজ'-এ কাটা না পড়লে সেঞ্চুরির সংখ্যা বেড়ে যেতো আরো। অস্ট্রেলিয়ার সঙ্গে চলমান সিরিজেও টেন্ডুলকারের ব্যাটে রানের ফুলঝুরি। অ্যাডিলেড টেস্টের আগে তিন টেস্টে ৬৫ দশমিক ৪ গড়ে ৩৮০ রান করেছেন তিনি। এর মধ্যে আছে সিডনিতে অপরাজিত ১৫৪ রানের এক অসাধারণ ইনিংস।
এমন দুর্দান্ত ফর্মে থাকা কোনো ব্যাটসম্যানের মনে কি অবসর সংক্রান্ত কোনো চিন্তা স্থান পেতে পারে! টেন্ডুলকারও ক্রিকেটকে বিদায় জানানোর চিন্তাকে পাত্তা দিতে রাজি নন, "কখন থামবো তা নিয়ে চিন্তা করে নিজের সময় আমি নষ্ট করতে চাই না। এমনকি আরো দুই, তিন বা চার বছর খেলবো কি না সে সম্পর্কেও ভাবতে চাই না আমি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২১২০ঘ.
bdnews24